পরিকল্পিত বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সময় লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজার মাসে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনার যে পরিকল্পনা সরকার করেছিল, গতকাল শুক্রবার পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। সেহরি ও ইফতারের সময় লোডশেডিং না করার ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিও রমজানের দ্বিতীয় দিন পর্যন্ত কার্যকর হয়নি। এ জন্য আরও কয়েক দিন লাগবে বলে জানানো হয়েছে।গতকাল হওয়ায় গ্যাস-বিদ্যুতের চাহিদা কিছুটা কম থাকায় সংকটও আগের দিনের তুলনায় কিছুটা কম ছিল। বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন এবং সরবরাহের দায়িত্বে নিয়োজিত সংস্থার সূত্রগুলো বলেছে, রোজার মাসকে ঘিরে যে পরিকল্পনা করা হয়েছিল, তা আগামী কয়েক দিনের মধ্যে বাস্তবায়িত হবে। বিদ্যুৎ-গ্যাসের সংকট কিছুটা কমে সহনীয় পর্যায়ে আসবে।তা ছাড়া বিদ্যুৎ বিতরণব্যবস্থায় কোথাও কোথাও ‘আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে’ পদ্ধতি ব্যবহার ও লোড ডেসপাচ সেন্টার থেকে যখন-তখন সরবরাহ বন্ধ করে দেওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে পদ্ধতিতে কোনো লাইনে ধারণক্ষমতার বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে সে লাইনটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা থাকে। এ দুটি উদ্যোগের ফলে গভীর রাত থেকে সারা রাত ধরে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং করার প্রবণতাও কমতে পারে বলে সূত্রগুলো জানায়। ৪৫০০ মেগাওয়াট হচ্ছে না: রোজার মাসে বিদ্যুৎ উৎপাদন অন্তত সাড়ে চার হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু গতকাল পর্যন্ত উৎপাদন ওই পর্যায়ে পৌঁছায়নি। গত বৃহস্পতিবার, প্রথম রোজার দিন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল চার হাজার ৭০ মেগাওয়াট। গতকাল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়তে পারে হিসাব করে উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিল চার হাজার ৪০০ মেগাওয়াট।মেরামত ও সংরক্ষণে থাকা যে তিনটি ইউনিট রমজান মাসের শুরুতেই চালু হওয়ার কথা বলা হয়েছিল, তার মধ্যে দুটি—আশুগঞ্জ-৫৫ ও বড়পুকুরিয়া ১২৫ মেগাওয়াট (উৎপাদন হবে ৯০ মেগাওয়াট) গতকালও চালু হয়নি। ঘোড়াশাল তৃতীয় ইউনিট অবশ্য রোজার শুরুতেই চালু হয়েছে। অন্যগুলো থেকে ৯০০ হচ্ছে না: পরিকল্পনা করা হয়েছিল, রমজান মাসে গ্যাস ছাড়া অন্য জ্বালানিভিত্তিক (তেল ও পানি বিদ্যুৎ) কেন্দ্র থেকে মোট ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা হবে। কিন্তু গতকাল পর্যন্ত তাও নিশ্চিত করা যায়নি। খুলনা ৬০ মেগাওয়াট কেন্দ্রসহ তেলভিত্তিক বেশ কটি ইউনিট গতকাল পর্যন্ত উৎপাদনে ছিল না। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রও পূর্ণ ক্ষমতায় উৎপাদনে নেই বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে।গ্যাস সরবরাহ বাড়েনি: বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়িয়ে ৮৫ থেকে ৮৮ কোটি ঘনফুট করার পরিকল্পনা ছিল। গতকাল পর্যন্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে বাড়েনি। এ লক্ষ্যে নেওয়া পদক্ষেপের মধ্যে কর্ণফুলী সার কারখানা (কাফকো) বন্ধের নির্দেশ দেওয়া হলেও এটি সম্পূর্ণ বন্ধ হতে আরও সময় লাগবে বলে সরকারি সূত্র জানিয়েছে। সূত্র জানায়, কারখানাটি বন্ধ করার সিদ্ধান্ত নিতে বিলম্ব করা হয়েছে। এদিকে রমজান মাসে চাহিদা বাড়ায় প্রতিদিন রাজধানীর নতুন এলাকা থেকে গ্যাসসংকটের খবর আসছে। গতকাল শ্যামলী ২ নম্বর রোড থেকে গ্যাস সমস্যার কথা জানা গেছে। এ ছাড়া পশ্চিম তেজতুরী বাজার, পান্থপথ, পল্লবীর মুসলিম বাজার এবং ঢাকেশ্বরীসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসসংকট গতকালও অব্যাহত ছিল। সিএনজি স্টেশন বন্ধ রেখে পাইপলাইনে চাপ বাড়িয়ে মহানগরের গ্যাসসংকট কমানোর পরিকল্পনা মঙ্গলবার নাগাদ ফল দিতে পারে বলে তিতাস গ্যাস সূত্র জানায়। আগামী সোমবার থেকে সিএনজি স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা করে বন্ধ রাখা হচ্ছে।ইফতার-সেহরিতে লোডশেডিং: বিদ্যুৎ মন্ত্রণালয় পরিকল্পনা করেছিল, রমজান মাসে লোডশেডিং হলেও সেহরি ও ইফতারের সময় যেন তা না হয়, সেই ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে। কিন্তু গত দুই দিনে মোহাম্মদপুর, এলিফ্যান্ট রোড, মিরপুর, লালবাগসহ ঢাকার বিভিন্ন এলাকা থেকে উভয় সময়েই লোডশেডিং হওয়ার অভিযোগ জানিয়েছেন গ্রাহকেরা। এ পরিস্থিতিতেই বিদ্যুৎ মন্ত্রণালয়, পিডিবি ও পেট্রোবাংলার সূত্রগুলো জানায়, আগামী দু-তিন দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।