পরিচর্যা করলে মরা গাছেও ফুল ফুটবে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিচর্যা করতে পারলে আবার মরা গাছে ফুল ফুটবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির নেতা সানাউল্লাহ মিয়াকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের ‘মরা গাছে আর ফুল ফুটবে না’ এমন বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপির নেতা মির্জা ফখরুল বলেন, মরা গাছে ফুল ফুটবে না বলে তিনি (সুরঞ্জিত) যে মন্তব্য করেছেন, তার জবাবে বলতে চাই গাছটি তো তাঁরাই বপন করেছিলেন। আবার তাঁরা নিজের হাতে এটাকে কেটেছেন। তবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা মানুষের কাছে একটি সৃজনশীল ব্যবস্থা ছিল। এটিকে জনগণ পানি দিয়ে আবার বাঁচিয়ে তুলবে। কারণ, বাংলাদেশের মাটি অনেক উর্বর।বিএনপির নেতা ফখরুল বলেন, ‘বাহাত্তর সালে সংবিধান প্রণয়নে সুরঞ্জিত সেনের ভূমিকা ছিল। তিনি সংবিধানে সই করেননি। এ নিয়ে অনেক বিতর্ক আছে। টেলিভিশন খুললেই সংবিধান নিয়ে তাঁর বিভিন্ন বক্তব্য শোনা যায়। তাঁর বক্তব্য থেকে আমরা জ্ঞানার্জন করি।’ তিনি বলেন, ‘রাজনৈতিক নেতাদের পরস্পরের প্রতি আস্থার অভাবেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে সংযোজন করা হয়েছিল। এখন কি আমাদের মধ্যে আস্থা ফিরে এসেছে? না এলে এ ব্যবস্থা বাতিল করব কেন?’সরকার আদালতের রায়ের এক অংশ মানছে আর অন্য অংশ মানছে না—অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আদালত বলেছে বাস্তবতার নিরিখে আরও দুটি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। আসলে তারা ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্যই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। কারণ তারা জানে, এর অধীনে নির্বাচন হলে আর ক্ষমতায় যেতে পারবে না। নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনের সম্পূর্ণ প্রযুক্তি পরীক্ষা করে দেখা হয়েছে যে তা দিয়ে কীভাবে ভোট কারচুপি করা সম্ভব। সুতরাং, আমরা না বুঝে কথা বলছি—এ কথা ঠিক নয়।’বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া গতকাল বুধবার রাতে নরসিংদী যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হন। তাঁর মাথায় আঘাত লেগেছে। তিনি কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আছেন।