পরিচারক হত্যার দায়ে সৌদি প্রিন্সের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের একটি আদালত আজ বুধবার লন্ডনের একটি হোটেলে ব্যক্তিগত পরিচারককে বলাৎকারের চেষ্টা ও হত্যার দায়ে সৌদি আরবের বর্তমান বাদশাহ আবদুল্লাহর নাতি সৌদ আবদুল আজিজ বিন নাসের আল সৌদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালত জানিয়েছেন, ম্যারিলবোনের ল্যান্ডমার্ক হোটেলের একটি কক্ষে সৌদি প্রিন্স সৌদ আবদুল আজিজ বিন নাসের আল সৌদ তাঁর ব্যক্তিগত পরিচারক বান্দার আবদুল আজিজকে (৩২) বলাত্কারের চেষ্টা ও হত্যা করেন। গত ১৫ ফেব্রুয়ারি তাঁর লাশ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার আদালত সৌদি প্রিন্সকে দোষী সাব্যস্ত করেন। রায় ঘোষণা করতে গিয়ে বিচারক বিন বলেন, ‘হত্যার অভিযোগে কোনো প্রিন্সের কাঠগড়ায় হাজির হওয়ার ঘটনা অস্বাভাবিক। তবে, এ দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আপনি সৌদি রাজপরিবারের একজন। তাই আমি এমন রায় দিয়েছি, যা কঠোর নয় আবার নমনীয়ও নয়।’ লন্ডনে সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে ২০ বছর। ধারণা করা হচ্ছে, মুক্তির পর আল সৌদ লন্ডনে আশ্রয় নিতে পারেন। কারণ, সৌদি আরবে বলাত্কারের অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। আল সৌদ নিজ দেশে ফিরলে এমন শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। —বিবিসি