পরিচারককে হত্যার দায়ে ব্রিটেনে সৌদি প্রিন্সের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের একটি পাঁচতারা হোটেলে বর্বর নির্যাতন করে পরিচারক বান্দার আবদুল্লাহ আবদুল আজিজকে হত্যার দায়ে সৌদি প্রিন্স সউদ আবদুল আজিজ বিন নাসির আল সউদকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ব্রিটেনের একটি আদালত। তিনি সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহর নাতি। সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট নামে পরিচিত লন্ডনের ওল্ড বেইলি আদালত গত মঙ্গলবার প্রিন্সকে দোষী সাব্যস্ত করার পর গতকাল বুধবার তাঁর সাজা ঘোষণা করেন।বিচারক ডেভিড বিন রায় ঘোষণার সময় প্রিন্স সউদের উদ্দেশে বলেন, ‘হত্যাকাণ্ডের অভিযোগে একজন প্রিন্সের কাঠগড়ায় আসা খুবই অস্বাভাবিক। তবে এ দেশে কেউই আইনের ঊর্ধ্বে নয়।’ তিনি আরও বলেন, ‘সৌদি রাজপরিবারের সদস্য হওয়ার কারণে আপনাকে প্রাপ্য সাজার একচুল বেশি অথবা কম সাজা দেওয়াটা আমার জন্য অন্যায় হবে।’এ রায়ের ফলে প্রিন্সকে ব্রিটেনে ২০ বছর কারাভোগ করতে হবে। মামলা তদন্তের সময় প্রিন্স সমকামী ছিলেন বলেও প্রমাণ পাওয়া গেছে। যুবরাজের আইনজীবীরা বলেছেন, প্রিন্স সউদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ প্রমাণিত হলে নিজ দেশ সৌদি আরবে শরিয়া আইন অনুযায়ী তাঁর মৃত্যুদণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে। লন্ডনের বিলাসবহুল ল্যান্ডমার্ক হোটেলে প্রিন্স নাসির আল সউদের ভাড়া করা কক্ষ থেকে গত ১৫ ফেব্রুয়ারি তাঁর পরিচারক বান্দার আবদুল্লাহ আবদুল আজিজের (৩২) লাশ উদ্ধার করা হয়। এর পরই প্রিন্সকে লন্ডনের পুলিশ গ্রেপ্তার করে।দুই সপ্তাহ ধরে চলা শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, প্রিন্স সউদ একজন সমকামী। নিহত বান্দার আবদুল্লাহ তাঁর একান্ত পরিচারক ছিলেন। তিনি তাঁকে যৌনসঙ্গী হিসেবে ব্যবহার করতেন। তিনি প্রায়ই তাঁকে শারীরিকভাবে নির্যাতন করতেন। হত্যাকাণ্ডের দুই সপ্তাহ আগে হোটেলের লিফটে তিনি বান্দারকে মারধর করেন। ওই দৃশ্য গোপন ক্যামেরায় (সিসিটিভি) ধরা পড়ে।মামলার তদন্তকারী কর্মকর্তা ম্যাকফার্লেন বলেছেন, নিহতের চিবুকে কামড়ের দাগ পাওয়া গেছে। মুখে ও মাথায় প্রচণ্ড আঘাত করা হয়েছে।জেরার মুখে প্রিন্স পরিচারককে আঘাত করার কথা স্বীকার করলেও তাঁকে হত্যার অভিযোগ এবং সমকামিতায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। তবে পাবলো সিলভা এবং লুইস জিকোরা নামের দুই ব্রিটিশ সমকামী আদালতকে বলেছেন, অর্থের বিনিময়ে তাঁরা প্রিন্সকে যৌনসঙ্গ দিয়েছেন। এ ছাড়া প্রিন্সের মুঠোফোনে নিহত বান্দারের নগ্ন ছবিও পাওয়া গেছে। মামলা চলাকালে প্রিন্সের আইনজীবী জন কেলসি ফ্রাই আদালতকে বলেন, বান্দার আবদুল্লাহর নিহত হওয়ার ঘটনার সঙ্গে প্রিন্সের যৌন আচরণ কোনোভাবে সংশ্লিষ্ট নয়। তা ছাড়া আদালতে যদি তিনি সমকামী হিসেবে প্রমাণিত হন, তাহলে নিজের দেশ সৌদি আরবে তাঁর মৃত্যুদণ্ড হতে পারে। তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেনাথন লেইড ল বলেছেন, কারাভোগের পর প্রিন্স যদি মনে করেন দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড হওয়ার আশঙ্কা আছে, তাহলে তিনি সে সময় ব্রিটিশ সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চাইতে পারবেন। এএফপি ও বিবিসি অনলাইন।