পরিচারকেরা কেউ মানুষ নয়
রেস্তোরাঁটিতে নতুন কেউ গেলে হকচকিয়ে যাবেন। না, এর সাজসজ্জা কিংবা খাবারের তালিকায় তাক লাগানো কিছু নেই। তবে চমক রয়েছে পরিচালনায়। এর পরিচারকেরা কেউ রক্তমাংসের মানুষ নয়। রেস্তোরাঁটির ছয় পরিচারকের সব কটিই রোবট।চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানদংয়ের জিনানে নতুন চালু হয়েছে রেস্তোরাঁটি। নাম দালু রোবট রেস্তোরাঁ। সেখানে ছয়টি রোবট ১০০ জনের খাবার পরিবেশন করতে পারে। রেস্তোরাঁর ভেতরে ২১টি টেবিল বৃত্তাকারে সাজানো। একটি নির্দিষ্ট পথ অনুসরণ করে রোবট পরিচারকেরা ঘুরে ঘুরে খাবার পরিবেশন করে। প্রতিটি রোবট চাকা লাগানো ট্রলিতে করে খাবার নিয়ে আসে। এক দফা পরিবেশন শেষ হলে রোবটের ভেতরে সাজানো যান্ত্রিক নির্দেশমতো রান্নাঘরে গিয়ে তারা ফের খাবার নিয়ে আসে।রেস্তোরাঁর মুখপাত্র ওয়াং জিয়ানউই বলেন, রেস্তোরাঁর টেবিলের যাবতীয় কাজ রোবট পরিচারকেরাই করে থাকে। একজন মানব বাবুর্চি কেবল খাবার তৈরি করেন। রেস্তোরাঁয় খেতে আসা লোকজনকে অভ্যর্থনায় যাঁরা নিয়োজিত, তাঁরা অবশ্য মানুষ। নতুন আসা লোকজনকে তাঁরা পরিচারকদের কর্মকাণ্ড বুঝিয়ে দেন। শানদং দালু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোম্পানি এই রেস্তোরাঁ চালু করেছে। রেস্তোরাঁয় রোবটের কর্মকাণ্ড আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে কোম্পানিটি।কোম্পানির মুখপাত্র ঝাং ইয়ংপি বলেন, ‘আমরা রোবটের কর্মকাণ্ড এমন পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে তারা সিঁড়িতে ওঠানামা করতে পারে। রান্নাঘরের থালাবাসন ধোয়ার কাজ করতে পারে। তাদের চলাফেরাও আরও সহজ করতে চাই আমরা, যাতে তারা গ্রাহকদের টেবিলে গিয়ে সরাসরি নির্দেশ পালন করতে পারে। ভরে দিতে পারে পানীয়র গ্লাস। অরেঞ্জ নিউজ অনলাইন।