পরিচারিকার ধমক খেলেন ক্যামেরন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাপথে এক কফি শপে ঢুকলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তাড়া থাকায় লাইন ভেঙে এগিয়ে গেলেন খাবার নিতে। কিন্তু পরিচারিকা তাঁকে চিনতে পারেননি। ফলে যা হওয়ার তাই। খেতে হলো প্রচণ্ড ধমক।ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে প্লাইমাউথে যাচ্ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যাত্রাপথে একটি কফি শপে ঢুকে সারি ভেঙে তিনি কফি চান। তখন প্রধানমন্ত্রীকে চিনতে পারেননি কফি শপের পরিচারিকা শিলা টমাস। তাই তিনি ক্যামেরনকে কড়া ভাষায় তিরস্কার করে বলেন, ‘আমি এখন আরেকজনকে দিচ্ছি।’১০ মিনিট অপেক্ষার পর ক্যামেরনের সহযোগীরা পাশের একটি দোকান থেকে তাঁর জন্য জ্যাম ডোনাট ও চা কিনে আনেন। ক্যামেরন দোকানের বাইরে বসেই এগুলো খেতে থাকেন। একপর্যায়ে পথচারীরা তাঁকে চিনে ফেললে ঝামেলা এড়ানোর জন্য তিনি আবার প্রথমে কফি শপে ঢোকেন। অন্য দোকান থেকে পানীয় কিনে এনেছেন দেখে ক্যামেরনকে আবারও বকুনি দেন পরিচারিকা শিলা টমাস। তিনি বলেন, ‘আমি প্রথম তাঁকে চিনতে পারিনি। আরেকজনকে সেবা দেওয়ার মাঝ পর্যায়ে ছিলাম। এ কারণে আমি অন্যকিছু করতে ব্যস্ত ছিলাম। তাই সত্যিই তাঁকে খেয়াল করিনি।’