পরিচালক ও ফরেনসিক প্রধানকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের শিকার নারীর শারীরিক পরীক্ষা পুরুষ চিকিৎসক দিয়ে করানোর ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানকে তলব করেছেন হাইকোর্ট। ২৮ এপ্রিল সকালে আদালতে হাজির হয়ে এ বিষয়ে তাঁদের ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।‘নারীর জন্য এ কেমন ব্যবস্থা?’ শিরোনামে গতকাল প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, নূর উস সাদিক ও জাইদী হাসান খান।শুনানিতে আইনজীবীরা বলেন, প্রতিবেদনে দেখা যাচ্ছে, ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগে কোনো নারী চিকিৎসক নেই। ধর্ষণের শিকার নারীদের শারীরিক পরীক্ষা করছেন পুরুষেরা। এটা সংবিধানের মৌলিক ধারাগুলোর পরিপন্থী। এর মাধ্যমে নারীরা দ্বিতীয়বার ধর্ষণের শিকার হচ্ছেন। সুতরাং এ বিষয়ে আদালতের নির্দেশনা প্রয়োজন।শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ওই কার্যক্রমের কারণে বিবাদীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং ফরেনসিক বিভাগের প্রধানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।দুই নারী চিকিৎসক নিয়োগ: গতকাল প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে দুজন নারী চিকিৎসক ও দুজন আয়া নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব এম এম নিয়াজউদ্দিন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।সচিব জানান, গতকাল সকালেই তাৎক্ষণিকভাবে ফরেনসিক বিভাগে চিকিৎসক ও আয়া নিয়োগের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া দেশের অন্যান্য মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগেও যাতে নারী চিকিৎসক রাখা হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।গতকাল প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের শিকার নারীর শারীরিক পরীক্ষা করেন পুরুষ চিকিৎসক। আর ওই চিকিৎসককে সহায়তা করেন পুরুষ ওয়ার্ডবয়। দেশের সবচেয়ে গৌরবময় এই চিকিৎসা প্রতিষ্ঠানে ধর্ষণের প্রমাণপত্র নিতে এসে নারীকে চরম লজ্জা আর অপমানের মুখোমুখি হতে হয় প্রায়ই। এখানে কোনো নারী সেবিকা, এমনকি আয়াও নেই। অধ্যাপকসহ নয়টি চিকিৎসকের পদের একটিতেও নারী নেই। ১৫ বছর আগে বিভাগটি প্রতিষ্ঠিত হলেও এত দিনে পিয়ন পদে একজন নারী ছাড়া আর কোনো পদে কোনো নারীকে পদায়ন করা হয়নি।