পরিচালক মতিউর রহমান বাদল আর নেই
চলচ্চিত্র পরিচালক মতিউর রহমান বাদল আর নেই। ২৬ মার্চ রাত ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মতিউর রহমান বাদলের পারিবারিক সূত্রে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়েছে তাঁকে। ষাটের দশকে চলচ্চিত্র পরিচালক ইবনে মিজানের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গণে পা রাখেন মতিউর রহমান বাদল। তাঁর পরিচালিত ছবির মধ্যে রয়েছে ‘চন্দ্রাবতী, নাগিনি কন্যা, দুলারী, মোহনমালা, আজকের ফয়সালা, নাগিনি ইত্যাদি। মুক্তির অপেক্ষায় আছে ‘গরিলা কন্যা ও ‘জনতার ডাক’ নামে দুটি ছবি। এদিকে, মতিউর রহমান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান। মতিউর রহমান বাদল প্রসঙ্গে এক শোকবার্তায় তাঁরা জানিয়েছেন, ‘মরহুম পরিচালক মতিউর রহমান বাদল ছিলেন নিরহংকার ও প্রচারবিমুখ একজন নির্মাতা। বাচসাস তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।’