রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের পরিচালকদের বিরুদ্ধে ব্যাংকের দৈনন্দিন কাজে সরাসরি হস্তক্ষেপের গুরুতর অভিযোগ এনেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।এর সুরাহা করতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে দাপ্তরিক চিঠি (ডিও লেটার) লিখেছেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষে গভর্নর আতিউর রহমান। চিঠিতে ওই চার ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদে পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় ভবন পদ্মায় সোনালী ও অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও শীর্ষ নির্বাহী এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করবেন অর্থমন্ত্রী। আগামী ৩ ফেব্রুয়ারি বাকি দুই ব্যাংক অর্থাৎ জনতা ও রূপালী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসবেন অর্থমন্ত্রী।কেন্দ্রীয় ব্যাংক অর্থমন্ত্রীকে দেওয়া আনুষ্ঠানিক চিঠিতে ব্যাংকের দৈনন্দিন কর্মকাণ্ড যেমন: ঋণ অনুমোদন কার্যক্রম, বদলি, পদোন্নতি ইত্যাদি বিষয়ে পরিচালনা পর্ষদের সরাসরি হস্তক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। গভর্নর লিখেছেন, ব্যাংকগুলোতে সুশাসনের অভাব প্রকট এবং পরিচালনা পর্ষদ যথাযথ ভূমিকা পালনে সক্ষম হচ্ছে না।খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাংকগুলোতে নিয়োগ পাওয়া দলীয় পরিচালকেরাই মূলত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা বা কোনো পরিচালকের ব্যক্তিগত যোগাযোগ অথবা লেনদেনের কারণে কোনো গ্রাহকের ঋণ অনুমোদনের প্রক্রিয়ায় ব্যাংক কর্মকর্তাকে প্রভাবিত করা এবং পদোন্নতি ও বদলিতে প্রভাব বিস্তারের অভিযোগ ব্যাংকগুলো থেকে পাওয়া গেছে।সোনালী ব্যাংকের একটি সূত্র জানায়, মাঝখানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে কোনো কোনো পরিচালক কোনো মহাব্যবস্থাপকের (জিএম) কক্ষে একসঙ্গে বেশ কয়েকজন দলীয় লোক নিয়ে প্রবেশ করতেন। জিএমকে দিয়ে একেকটা ফাইল অথবা টেলিফোন করে কাজ করিয়ে নিতেন। প্রায় প্রতিদিনই নিয়ম বেঁধে আসতেন ওই পরিচালক। ঋণ মূল্যায়ন থেকে শুরু করে সব কাজেই পরিচালকের হস্তক্ষেপ থাকত। তবে অতি সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদের আলোচনার বিষয়টি কানে আসায় আনাগোনা কিছুটা কমেছে। একই অবস্থার তথ্য পাওয়া গেছে জনতা ব্যাংকেও। জনতা ব্যাংক আবার অন্য একাধিক ব্যাংক থেকে গোটা ৩০ পুরোনো খেলাপি ঋণ কিনে নিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানা গেছে। পরিচালকদের প্রভাবে এগুলো করা হয়েছে বলে সূত্র জানায়। দলীয় পরিচালক: রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকে ব্যাংকিং বা এই পেশায় দক্ষ-অভিজ্ঞ নন এমন রাজনৈতিক পরিচালকের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক ভিপি সুভাষ সিংহ রায়; সবুজ কানন উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাত আরা হেনরী; ছাত্রলীগের সাবেক নেতা ও আইনজীবী বলরাম পোদ্দার; বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও নির্মাণ ব্যবসায়ী শাহজাদা মহিউদ্দিন; যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক জাকির আহমেদ; বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বুয়েট ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আবদুস সবুর; কলামিস্ট ও মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সম্পাদক শেখর দত্ত; নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভুঁইয়া; কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খন্দকার জাহাঙ্গীর কবির; ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক ভিপি কে এম এন মঞ্জুরুল হক প্রমুখ।গভর্নরের চিঠি: বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, তাঁদের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের নির্দেশনায় বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়দায়িত্ব সুনির্দিষ্ট করা আছে। ‘কিন্তু রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম যথা ঋণ অনুমোদন কার্যক্রম, বদলি, পদোন্নতি ইত্যাদিতে পর্ষদের সরাসরি হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের ঘটনা আমাদের গোচরীভূত হয়েছে। বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় আশু পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।’গভর্নরের চিঠিতে সুপারিশ করে বলা হয়েছে, প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিচালনা পর্ষদে পেশাগত দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তির নিয়োগ নিশ্চিত করার মাধ্যমে ব্যাংকগুলোয় সুশাসন নিশ্চিত করা আবশ্যক।চিঠিতে আরও বলা হয়েছে, বিশ্বব্যাংকের অর্থায়নে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে সংস্কারের অংশ হিসেবে এসব ব্যাংককে (সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী) কোম্পানিতে রূপান্তর করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল ব্যাংকগুলোকে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা পরিচালনা করা। এই লক্ষ্যে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদও পুনর্গঠন এবং পর্ষদে পেশাগত দক্ষ ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করা প্রয়োজন। কেননা, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে সংস্কারের ফলে অর্জিত সাফল্যগুলো ধরে রাখা কঠিনতর হয়ে পড়েছে।পর্ষদের উদ্বেগ: জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাম্প্রতিক বৈঠকে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে এসব ব্যাংকের পরিচালকদের হস্তক্ষেপের বিষয়ে আলোচনা হয়। পরিচালনা পর্ষদের সদস্যরা এতে উদ্বেগ প্রকাশ করেন। আর এই উদ্বেগের বিষয়টি সরকারের কাছে লিখিতভাবে অবহিত করারও সিদ্ধান্ত হয়। আর্থিক অবস্থা: কেন্দ্রীয় ব্যাংক আরও দেখছে যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ঋণের প্রবৃদ্ধি অস্বাভাবিক হারে বাড়ছে। যেমন: ২০০৯ সালের ডিসেম্বরের তুলনায় ২০১০ সালের সেপ্টেম্বরে এসে জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের ঋণের প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২১ দশমিক ২৭ শতাংশ, ১৮ শতাংশ ও ১৮ শতাংশ।আবার অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় বিধি না মেনে দ্রুতগতিতে ঋণ অনুমোদন দিয়ে তা ছাড় করানোর ঘটনাও ঘটছে। সূত্র জানায়, কোনো কোনো রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক অন্যান্য বেসরকারি ব্যাংকের মন্দ ঋণ ক্রয়ের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসায় অবতীর্ণ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক মনে করে, এসব ঋণের হিসাব বর্তমানে পুনঃতফসিলের মাধ্যমে নিয়মিত দেখানো হলেও অদূর ভবিষ্যতে মন্দ ঋণ হিসেবে শ্রেণীকৃত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।অর্থমন্ত্রীকে দেওয়া চিঠিতে এসব বিষয়ে আরও বলা হয়েছে, সরকার কর্তৃক ব্যাংকগুলোর মূলধনের ঘাটতি পূরণ করা হলেও আবার ব্যাংকগুলোতে ব্যাসেল-২-এর আওতায় মূলধনের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। এখন সোনালীর ১৪৭ কোটি ৭০ লাখ টাকা, জনতার ৫৬৬ কোটি ৩৫ লাখ টাকা, অগ্রণীর ৩৫৩ কোটি ২৩ লাখ টাকা ও রূপালীর ২২৪ কোটি ৫১ লাখ টাকা মূলধন ঘাটতি দেখা দিয়েছে। অথচ এই ঘাটতি পূরণে ব্যাংকগুলোর কোনো কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।