পরিচালনা এবং এখন অভিনয়ে
এটিএন বাংলায় প্রচারিত পৌষ ফাগুনের পালা ধারাবাহিকটি শুরু থেকে পরিচালনা করছেন আফসানা মিমি। এবার এ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। জানা গেছে, টাঙ্গাইলে গত সপ্তাহে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন মিমি। নাটকে মিমির চরিত্রটির নাম ‘রতন’। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে মিমি অভিনীত পর্বগুলো প্রচারিত হবে। আফসানা মিমি বলেন, ‘এত দিন নিজে পরিচালনা করেছি, তাই অভিনয় করাটা সম্ভব হয়নি। আমার কাছে একসঙ্গে পরিচালনা এবং অভিনয় একটু কঠিন মনে হয়। অনেক দিন পর খুব আগ্রহ নিয়ে অভিনয় করলাম। নিজের অবস্থান থেকে যতটুকু দেওয়া সম্ভব হয়, চেষ্টা করেছি।’এখন পৌষ ফাগুনের পালা ধারাবাহিকটির নির্দেশনা দিচ্ছেন রাকেশ বসু।মিমি আরও বলেন, ‘আমি সর্বশেষ অভিনয় করেছি ২০০৫ সালে, এনটিভির কাছের মানুষ ধারাবাহিকে। সেখানে আমার পর্দা উপস্থিতি ছিল খুব অল্প সময়ের জন্য। অভিনয়টা আসলে নিয়মিত চর্চার বিষয়। অনেক দিন পর অভিনয় করে পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি।’