পরিচালনা থেকে অবসরে মহেশ ভাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট (৬৪) পরিচালনা থেকে বিদায় নিয়েছেন। সম্প্রতি এক খবরে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, নতুনদের সুযোগ করে দিতেই ক্যামেরার পেছন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ‘আর্থ’, ‘সারাংশ’, ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘জখম’-এর মতো সাড়া জাগানো ছবির পরিচালক মহেশ ভাট। পরিচালনা থেকে সরে যাওয়া প্রসঙ্গে মহেশ ভাট জানিয়েছেন, ‘আমি পরিচালনাকে বিদায় জানিয়েছি। আমার বয়স ৬৪ পার হয়েছে, এখন নতুনদের সুযোগ দেবার সময় এসেছে।’ মহেশ ভাট তাঁর ‘বিশেষ ফিল্মস’-এর ব্যানারে অনেক নতুন পরিচালক ও চলচ্চিত্র অভিনেতাদের সুযোগ করে দিয়েছেন। পরিচালক মোহিত সুরি, বিশাল মাহাদকার, অভিনেতা এমরান হাশমি ও সানি লিওনের মত নতুনদের বলিউডে সুযোগ করে দিয়েছেন তিনি। সাম্প্রতিক ‘জান্নাত ২’ ছবিতে এশা গুপ্তাকে সুযোগ করে দিয়েছেন বর্ষীয়ান এ পরিচালক। উল্লেখ্য, জান্নাত ২ ছবির পরিচালক হিসেবে কাজ করবেন কুনাল দেশমুখ। এদিকে অভিনেতা কুনাল খেমুর পরবর্তী ছবি ‘ব্লাড মানি’র প্রচারণায়ও কাজ করছেন মহেশ ভাট।