গ্রামীণ ব্যাংকের বোর্ড সদস্যদের সংবাদ সম্মেলন
পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করায় প্রতিবাদ
গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন করে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করায় এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন বোর্ডের বর্তমান ও সাবেক সদস্যরা। এর পাশাপাশি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে সরকার ঋণগ্রহীতা সদস্যদের ক্ষমতা পুনর্বহাল করবে বলে প্রত্যাশা করেছেন তাঁরা।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের সদস্যরা এ কথা বলেন। গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতার পক্ষে পরিচালনা পর্ষদের বর্তমান ও সাবেক সদস্যরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তাঁরা মনে করেন, এই সংশোধনের ফলে গ্রামীণ ব্যাংকের ৮৪ লাখ সদস্যকে তাঁদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোসাম্মৎ তাহসিনা। এ সময় বোর্ডের বর্তমান ও সাবেক ১২ জন সদস্য উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের ঋণগ্রহীতা নয়জন সদস্যের মধ্যে আটজন উপস্থিত ছিলেন। তাঁরা হলেন: মোসাম্মৎ তাহসিনা, সাজেদা বেগম, রেহানা আক্তার, সুলতানা আক্তার, সালেহা খাতুন, পারুল আক্তার, মেরিনা আক্তার ও শাহিদা আক্তার। সাবেক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোজিনা বেগম, জ্যোৎস্না বেগম, নাসিমা আক্তার ও মাজেদা আক্তার। পরিচালনা পর্ষদের মোট সদস্যসংখ্যা ১৩। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত ছিল। ড. মুহাম্মদ ইউনূসের বিদায়ের পর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে বোর্ডসভায় সিলেকশন কমিটি গঠন করা হয়। তবে সরকারের নিযুক্ত চেয়ারম্যান এটি কার্যকর করতে দেননি। বোর্ডের সদস্যদের ক্ষমতাবঞ্চিত করতে এখন সরকার আইনই পাল্টে ফেলেছে। সরকার তাদের মতো করে সিলেকশন কমিটি বানাতে চায়, তাদের পছন্দের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করতে চায়। এটা বোর্ডের সদস্যদের হাত থেকে গ্রামীণ ব্যাংক কেড়ে নেওয়ার মতো কাজ হয়েছে। এক প্রশ্নের জবাবে বোর্ডের সাবেক সদস্য রোজিনা বেগম বলেন, সরকার যে উপায়ে এমডি নিয়োগ দিতে চাইছে, তাতে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে সবাই শঙ্কিত। আরেক প্রশ্নের জবাবে তাহসিনা বলেন, ‘বোর্ড চেয়ারম্যান কীভাবে, কোন উপায়ে সদস্যদের পরামর্শ নিয়ে এমডি নিয়োগ করবেন, তা বুঝতে পারছি না।’ তিনি বলেন, ‘৬০ বছর পার হওয়ার পর এমডির পদ থেকে ড. ইউনূস বারবার অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু আমরাই তাঁকে চেয়েছি। এখন তাঁকে আমরা এমডি নিয়োগের সিলেকশন কমিটিতে চাইছি। কারণ, ড. ইউনূস ছাড়া আর কেউ গ্রামীণ ব্যাংকের মায়ামহব্বত বুঝবেন না।’সরকার গ্রামীণ ব্যাংক পরিচালনা করলে ভালো চলবে কি না, এমন প্রশ্নের জবাবে রোজিনা বেগম বলেন, ‘আমরা সুন্দরভাবে গ্রামীণ ব্যাংক চালিয়ে আসছি। সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংক থেকেই সাড়ে তিন হাজার কোটি টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। আমাদের সোনালী ব্যাংক চালাতে দেন, দেখেন, কত সুন্দরভাবে চালাতে পারি।’সম্প্রতি সরকার গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ১৪ ধারা সংশোধন করে। এতে এমডি নিয়োগে বোর্ডসদস্যদের ক্ষমতা খর্ব করা হয়। সংশোধনী অনুযায়ী, ব্যাংকের পরিচালনা পর্ষদের পরামর্শে তিনজন নির্বাচিত ব্যক্তির মধ্যে সরকার-মনোনীত চেয়ারম্যান নিজেই এমডি নিয়োগ করবেন। এত দিন এমডি নিয়োগে সিলেকশন কমিটি গঠন করতেন বোর্ডের সদস্যরা।