চট্টগ্রাম বন্দর
পরিচালনা যাচ্ছে বেসরকারি খাতে, পৌনে ৩০০ কোটি টাকার যন্ত্র কিনছে সরকার!
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং ঢাকার কমলাপুর কনটেইনার ডিপো পরিচালনার দায়িত্ব বেসরকারি খাতে ছেড়ে দিতে দরপত্র আহ্বান করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য দুটি টার্মিনালের বেশির ভাগ জেটিও বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। দরপত্রের শর্ত হচ্ছে, অপারেটররা নিজেরা যন্ত্রপাতি কিনে টার্মিনাল পরিচালনা করবেন।এ প্রক্রিয়ার মধ্যেই হঠাৎ প্রায় ২৭৬ কোটি টাকায় ৩৫টি যন্ত্রপাতি কেনার প্রকল্প উন্নয়ন-ছক তৈরি করে নৌ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এর বাইরে আরও ১৩টি যন্ত্র কেনার জন্য আলাদাভাবে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বন্দরে যন্ত্রপাতির এখন তেমন সংকট নেই। তবে ভবিষ্যতের জন্য এই কেনাকাটার দরকার আছে।বন্দরের কনটেইনার ওঠানামায় ব্যবহূত যন্ত্রপাতি ব্যবহারবিষয়ক গত ১১ মার্চের দৈনিক প্রতিবেদনে দেখা যায়, বন্দরে কনটেইনার ওঠানো-নামানো ও পরিবহনের যন্ত্রপাতির সংখ্যা ১৫১টি। ওই দিন ঢাকার কমলাপুর আইসিডিসহ ১০৪টি যন্ত্রপাতি ব্যবহূত হয়। অব্যবহূত ছিল ৪৭টি যন্ত্র। এর মধ্যে মেরামতে ছিল ২২টি, যার ১৯টি ওই মাসে সচলও হয়।বন্দরের কনটেইনার ইয়ার্ডে চাহিদা ও সরবরাহবিষয়ক আরেকটি প্রতিবেদনে বলা হয়, শুধু চট্টগ্রাম বন্দরে থাকা ১৩২টি যন্ত্রের মধ্যে ১১ মার্চ সচল ছিল ৯৩টি। পরিবহন বিভাগের চাহিদা অনুযায়ী ৫৯টি যন্ত্র সরবরাহ করা হয়েছে। ৩৪টি যন্ত্র প্রস্তুত থাকলেও চাহিদা না থাকায় ব্যবহার করা হয়নি। এ অবস্থায় বন্দরের জন্য ২৭৬ কোটি টাকার যন্ত্রপাতি কেনার উদ্যোগ নানা আলোচনার খোরাক জোগাচ্ছে।চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, বন্দরে কনটেইনার খুলে পণ্য সরবরাহও দিন দিন কমছে। ফলে ইয়ার্ডেও যন্ত্রপাতির চাহিদা কমছে। বন্দর থেকে সরাসরি বেসরকারি ১৮টি কনটেইনার ডিপোতে নিয়ে ১৯ ধরনের আমদানিপণ্য খালাসের বাধ্যবাধকতা আছে এখন। এই সংখ্যা পর্যায়ক্রমে বাড়ছে। আবার বন্দর থেকে খালাস না করে অভ্যন্তরীণ নদীপথে কনটেইনার পরিবহনের প্রক্রিয়াও চলছে। এসব কনটেইনার বুড়িগঙ্গার তীরে পানগাঁও কনটেইনার ডিপোতে খালাস করা হবে। এই ডিপোতে বেসরকারি অপারেটর নিয়োগের জন্য দরপত্র মূল্যায়ন চলছে। এটি চালু হলে সেখানেও চলে যাবে কনটেইনার। ফলে বর্তমানে যা যন্ত্রপাতি আছে, তা-ই পর্যায়ক্রমে টার্মিনালের তুলনায় অতিরিক্ত হয়ে যাবে।বন্দরের নথিপত্রে দেখা যায়, ২০০৯-১০ ও ২০১০-১১ অর্থবছরে প্রায় ১৯৮ কোটি টাকায় ৬২টি যন্ত্র কেনা হয়েছে। এই যন্ত্রপাতির মধ্যে ৪৬টি বন্দরে সংযোজন করা হয়েছে। বাকি ১৬টি যুক্ত হওয়ার আগেই বন্দরের যন্ত্রপাতি প্রাপ্যতার (চাহিদার তুলনায় সরবরাহের হার) সূচক আদর্শ মানের ওপরে চলে গেছে।বন্দরের সাবেক সদস্য (পরিকল্পনা) হাদী হোসেন মনে করেন, বন্দরের পরিচালনা এখন পর্যায়ক্রমে বেসরকারি হাতে চলে যাচ্ছে। এ মুহূর্তে যন্ত্রপাতি কেনার আগে যৌক্তিকভাবে প্রয়োজনীয়তা যাচাই করা উচিত। যন্ত্রপাতি খাতে বিপুল বিনিয়োগ যাতে অলস পড়ে না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।বন্দর সূত্র জানায়, বন্দরে জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ১০টি কনটেইনার জেটি ও ইয়ার্ডে বন্দরের যন্ত্রপাতি ব্যবহার করে নিয়োজিত ঠিকাদাররা কনটেইনার ওঠানো-নামানোর কাজ করছেন। এর বাইরে ঢাকার কমলাপুর আইসিডির দুই প্রান্তে এখন বন্দর নিজেদের যন্ত্র ব্যবহার করে নিজস্ব জনবল দিয়ে কনটেইনার ওঠানো-নামানোর কাজ পরিচালনা করছে। এ ধারা থেকে বেরিয়ে আসছে বন্দর। এখন বন্দরের টার্মিনাল পরিচালনার যেসব দরপত্র আহ্বান করা হচ্ছে, সেগুলোতে অপারেটররা নিজেদের যন্ত্র কিনে পরিচালনার শর্ত রাখা হয়েছে।গত ১৮ মার্চ এনসিটির দরপত্র আহ্বান করা হয়। ঢাকার কমলাপুর আইসিডির দরপত্র আহ্বান করা হয় ১৬ মার্চ। দরপত্রের শর্তানুযায়ী, যোগ্য অপারেটরের সঙ্গে চুক্তি হওয়ার পর এনসিটিতে ১৮ মাস এবং কমলাপুর ডিপোতে ছয় মাসের মধ্যে যন্ত্র স্থাপন করে পরিচালনা করবেন বেসরকারি অপারেটররা। সে ক্ষেত্রে এ সময় পর ওই দুটিতে থাকা বন্দরের যন্ত্রপাতি ফিরিয়ে আনতে হবে সিসিটি ও জিসিবি টার্মিনাল এবং ইয়ার্ডে। আবার সিসিটি টার্মিনালও পর্যায়ক্রমে বেসরকারি খাতে দেওয়ার ব্যাপারে গত ১২ ডিসেম্বর বন্দরে পাঠানো মন্ত্রণালয়ের এক চিঠিতে নির্দেশনা আছে। বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বন্দরের একটি কমিটি যন্ত্রপাতির প্রয়োজনীয়তা যাচাই করে যে প্রতিবেদন দিয়েছে, তার ওপর ভিত্তি করে এসব যন্ত্রপাতি কেনা হচ্ছে। জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গত রোববার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বন্দরে যন্ত্রপাতির এখন তেমন সংকট নেই, এটা ঠিক। তবে বর্তমানে যেসব যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া চলছে, সেগুলো বন্দরের সংগ্রহে আসতে সময় লাগবে। তিনি বলেন, এনসিটি, ঢাকার কমলাপুর এবং পানগাঁও ডিপোর পরিচালন কার্যক্রম বেসরকারি হাতে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত যাতে কনটেইনার ওঠানো-নামানোয় ও পরিবহনে ব্যাঘাত না ঘটে, সে জন্য বর্তমানে কিছু যন্ত্রপাতি কেনা হচ্ছে। তবে ভবিষ্যতে যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে ভেবেচিন্তে পরিকল্পনা নেওয়া হবে বলে জানান নৌমন্ত্রী। সূচক সর্বোচ্চ পর্যায়ে: বন্দরে যন্ত্রপাতির প্রাপ্যতা (চাহিদা অনুযায়ী সরবরাহের হার) সূচকের লক্ষ্যমাত্রা ৭০ শতাংশ। এই সূচক এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। দুই অর্থবছরে নতুন যন্ত্রপাতি যোগ হওয়ায় গত অক্টোবরে বন্দরে প্রাপ্যতার সূচক সর্বোচ্চ ৭৮ দশমিক ৪৪ শতাংশে পৌঁছেছে। এর আগে ২০১০ সালে যন্ত্রপাতির গড় প্রাপ্যতা ছিল প্রায় ৪২ শতাংশ। প্রাপ্যতার এই সূচকের কারণে যন্ত্রপাতি ব্যবহারের তুলনায় উৎপাদনশীলতায় এশিয়ার ৬৯টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর সেরা প্রমাণিত হয়েছে একটি গবেষণায়। বন্দরের কর্মকর্তারা জানান, গত অর্থবছরে কেনা আরও ১৬টি যন্ত্র বন্দরে যোগ হলে এই সূচক আরও বাড়বে। তবে যন্ত্রপাতি বেশি হলে পুরোমাত্রায় কাজে লাগানো যাবে না।