পরিচালনার কাজে ইচ্ছে করেই পিছিয়ে ছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ রাতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক সকাল সন্ধ্যা রাত। নাটকটি লিখেছেন জিনাত হাকিম। পরিচালনা ও নাটকে অভিনয় করেছেন আজিজুল হাকিম। কথা হলো তাঁর সঙ্গে।কত দিন পর ধারাবাহিক নাটক পরিচালনা করলেন?তা বছর পাঁচেক তো হবেই। সকাল সন্ধ্যা রাত আমার পরিচালনায় চতুর্থ ধারাবাহিক। প্রথমটি ছিল যা হারিয়ে যায় (১৯৯৫), দ্বিতীয়টি জল পড়ে পাতা নড়ে (২০০৩) আর তৃতীয়টি সে আমায় ভালোবাসে না (২০০৬)। আমার এবারের ধারাবাহিকের গল্প ব্যস্ত নাগরিক জীবনে মধ্যবিত্ত, উচ্চবিত্ত ও নিম্নবিত্তের পরিবারগুলোর নানা টানাপোড়েন নিয়ে। কারও জীবনেই এতটুকু সুখ নেই। চাওয়া আর পাওয়ার পার্থক্য অস্থির করে তোলে সবাইকে। তার পরও একটি সুন্দর সকালের প্রত্যাশা থাকে সবার।আপনার সমসাময়িক অনেক অভিনেতাই এখন চুটিয়ে পরিচালনা করছেন। আপনি এক্ষেত্রে একটু পিছিয়ে আছেন।আমি কিন্তু একজন অভিনেতা। অভিনয়ের দিকেই মনোযোগ সব সময় একটু বেশি দিয়েছি। পরিচালনার কাজে ইচ্ছে করেই একটু পিছিয়ে ছিলাম। আমি চেয়েছি, পরিচালনার কাজটা যখন করব, তখন যেন এদিকটাতেই বেশি মনোযোগ দিতে পারি। এই ধারাবাহিকে আমি অভিনয়ও করেছি। এ ক্ষেত্রে খেয়াল রেখেছি, চরিত্রটা গুরুত্বপূর্ণ হবে কিন্তু পর্দায় উপস্থিতি হবে কম, যাতে পরিচালনার কাজটা ভালোভাবে করতে পারি।ধারাবাহিকটি আপনার স্ত্রী জিনাত হাকিম লিখেছেন।মজার ব্যাপার হলো, আমার পরিচালনার চারটি ধারাবাহিকই জিনাত লিখেছেন। আর এবার আমার জন্য উল্লেখযোগ্য ব্যাপার হলো, আমার মেয়ে নাযাহ্ এই ধারাবাহিকে অভিনয় করেছে। ‘সকাল সন্ধ্যা রাত’ কত পর্বের নাটক হবে?৫২ পর্বের বেশি করার ইচ্ছে নেই। এর বেশি হলে গল্পের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয় না। এ ক্ষেত্রে শিল্পীসংকট তো একটা বড় ব্যাপার। যাঁদের কাছে পাওয়া যায়, বাধ্য হয়ে তাঁদের নিয়েই গল্প সাজাতে হয়। তাই চমৎ কার আশা নিয়ে যেমন শুরুটা হয়, মাঝপথে এসে তা আর ধরে রাখা সম্ভব হয় না। গল্পের প্রতি যথাযথ বিচার করা সম্ভব হয় না। তাই আর বাড়াতে চাচ্ছি না। চেষ্টা করব, যাতে শেষ পর্যন্ত মূল গল্পটাই ধরে রাখতে পারি।