পরিচালনায় ঝুঁকছেন মোনালিসা
মডেল-অভিনেত্রী-নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা এবার পরিচালনার দিকে ঝুঁকেছেন। তবে সেটা কোন ক্ষেত্রে? তিন মাধ্যমের সফল এই শিল্পী পরিচালনার ক্ষেত্রে নাচকেই বেছে নিয়েছেন।সম্প্রতি প্রথম আলো অনলাইনের সঙ্গে আলাপে মোনালিসা তাঁর এই ইচ্ছার কথা জানান। মোনালিসা বলেন, ‘মডেলিং ও অভিনয় দিয়ে পরিচিত হলেও নাচের প্রতি সব সময়ই আমার অন্য রকম এক ভালোবাসা রয়েছে। আর অনেক দিন ধরেই মডেলিং ও অভিনয়ের বাইরে নতুন কিছু করার পরিকল্পনা মাথায় ঘুরছিল। একেই এবার বাস্তবে রূপ দিতে চাই। অনেক নতুন ভাবনা নিয়ে এগোচ্ছি। দেখা যাক কী হয়!’মোনালিসা আরও বলেন, ‘আমাদের পাশের দেশ ভারতে কিন্তু নাচ নিয়ে আলাদাভাবে বেশ কিছু অনুষ্ঠান জনপ্রিয় হয়েছে। আমি মনে করি, সেটা আমাদের দেশেও সম্ভব। এ ক্ষেত্রে চ্যানেলগুলোকে এগিয়ে আসতে হবে। প্রাথমিকভাবে আমি বিভিন্ন দিবস কিংবা উত্সবকে লক্ষ্য করে অনুষ্ঠান নির্মাণ করার কথা ভাবছি। সেভাবে কয়েকটি চ্যানেলের সঙ্গে আলাপ-আলোচনাও হচ্ছে। দেখা যাক, কতটুকু এগোতে পারি।’মোনালিসা সম্প্রতি ভারত থেকে ফিরেছেন বেশ কয়েকটি বিজ্ঞাপনের কাজ শেষ করে। প্রসাধনী-সামগ্রী ও ইলেকট্রনিকস পণ্যের এই বিজ্ঞাপনগুলো নির্মাণ করেছেন সনক মিত্র। মোনালিসা জানালেন, বৈশাখ উপলক্ষে বিজ্ঞাপনচিত্রগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে। এ ছাড়া খুব শিগগিরই আরও দুটি নতুন বিজ্ঞাপনের কাজের জন্য দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান মোনালিসা।বিজ্ঞাপনচিত্রের বাইরে বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকেও সম্প্রতি অভিনয় করেছেন মোনালিসা। এগুলো হচ্ছে হিমু আকরামের ‘জয়নাল জাদুকর’, সকাল আহমেদের ‘উইল পাওয়ার’, ফেরদৌস হাসানের ‘পা রেখেছি যৌবনে’ ও অরুণ চৌধুরীর ‘শেষ থেকে শুরু’। আর এক ঘণ্টার নাটকগুলো হচ্ছে ‘দ্বিতীয় মৃত্যুর আগে’, ‘মায়া’, ‘টি-শার্ট’, ‘শঙ্খচিল ফিরবে না ঘরে’, ‘সমুদ্রে আজ ভিন্ন বাতাস’ ও ‘চোখ গেল পাখি’। তিনি বলেন, কাল থেকে শুরু করব ‘স্পর্শের বাইরে’ নামের নতুন একটি নাটকের কাজ।নাটকগুলোকে নিজের অভিনীত চরিত্র সম্পর্কে মোনালিসা বলেন, ‘বেশির ভাগ নাটকে আমি জাহিদ ভাইয়ের (জাহিদ হাসান) বিপরীতে অভিনয় করেছি। প্রায় চার বছর বিরতির পর বেনিফিট অব ডাউট নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। এর পরই এই নাটকগুলোতে অভিনয় করেছি। প্রতিটি নাটকে আমার চরিত্রগুলো একটু অন্য রকম মনে হয়েছে। কাজ করেও ভালো লেগেছে।’