পরিচ্ছন্ন অনুষ্ঠান, নির্দলীয় ও বস্তুনিষ্ঠ সংবাদ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ নতুন একটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের প্রচার শুরু হচ্ছে, নাম ‘মাছরাঙা টেলিভিশন’। হোটেল র‌্যাডিসনে চ্যানেলটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিকেল সাড়ে পাঁচটায়। অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। প্রায় সোয়া এক ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান দর্শকেরা সরাসরি দেখতে পাবেন মাছারাঙা টেলিভিশনে। এর পর শুরু হবে আনুষ্ঠানিক নিয়মিত সম্প্রচার। আজকের কথোপকথন মাছারাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর সঙ্গে।আজ মাছরাঙা টেলিভিশনের নিয়মিত সম্প্রচার শুরু হচ্ছে। এই টিভি চ্যানেলে দর্শক নতুন কী দেখতে পাবেন?মাছরাঙার সব কিছুতেই নতুনত্ব রাখার চেষ্টা করছি। আর তা উপস্থাপন করা হবে পরিচ্ছন্নভাবে। যাতে বাড়ির সব দর্শক একসঙ্গে বসে মাছরাঙার যেকোনো অনুষ্ঠান উপভোগ করতে পারেন। আমাদের অনুষ্ঠান এবং সংবাদ শুধু ঢাকাকেন্দ্রিক নয়, সারা দেশের দর্শকদের কথা মাথায় রেখে সেভাবেই সাজানো হয়েছে। মাছরাঙার অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা আমাদের সব অনুষ্ঠান ও সংবাদের মধ্য দিয়ে ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরব।এখন তো অনেক টিভি চ্যানেল। নানা ধরনের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। সেসব থেকে মাছরাঙার অনুষ্ঠান কতটা আলাদা হবে?মাছারাঙার পরিকল্পনা যখন শুরু হয়েছে, তখন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি—কোনো নকল নয়, যা কিছু দর্শকদের দেওয়া হবে, তার মধ্যে যেন নতুন ভাবনা থাকে এবং পরিচ্ছন্ন হয়। আমাদের সঙ্গে এ দেশের অনেক সৃষ্টিশীল ও মেধাবী তরুণ কাজ করছেন। তাঁরা নানা আকর্ষণীয় অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন, নির্মাণ করছেন। বাড়ির সবার জন্য অনুষ্ঠান তো থাকছেই, পাশাপাশি আমরা ছোটদেরও গুরুত্ব দিচ্ছি। নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুষ্ঠান থাকবে। দেশের আনাচকানাচে ছড়িয়ে থাকা সৃজনশীল, মেধাবী ও গুণী তরুণ-তরুণীদের সামনে নিয়ে আসব। আমরা কোনো রাজনৈতিক দলের মুখপত্র নই। তাই মাছরাঙা টেলিভিশনের সংবাদ হবে নির্দলীয় ও বস্তুনিষ্ঠ। তরতাজা খবর প্রচারের পাশাপাশি থাকবে খবরের পেছনের খবরও।এখন তো মাত্রাতিরিক্ত বিজ্ঞাপনের জন্য দর্শক টিভির অনুষ্ঠানই দেখার ব্যাপারে আগ্রহ হারিয়েছে। আপনারা এ ব্যাপারটি নিয়ে কিছু ভেবেছেন?হ্যাঁ, আমাদের প্রতিটি অনুষ্ঠানের চাঙ্ক ৩০ মিনিটের। এর মধ্যে বিজ্ঞাপন দেখানো হবে ছয় মিনিট। যাতে দর্শক বিরক্ত না হন, সেদিকে আমরা বিশেষভাবে লক্ষ রাখছি। তবে দুটি অনুষ্ঠানের মাঝে কোনো বিজ্ঞাপন দেওয়া হবে না। আর আমাদের দিনের পুরো অনুষ্ঠানমালায় ৭০ ভাগ থাকবে বিনোদনধর্মী অনুষ্ঠান আর ৩০ ভাগ থাকবে সংবাদ। স্কয়ার তো নানা ধরনের ব্যবসার সঙ্গে জড়িত। আপনারা মিডিয়ার ব্যাপারে আগ্রহী হলেন কেন?আমরা কিন্তু অনেক আগে থেকেই মিডিয়ার সঙ্গে আছি। এর আগে একুশে টিভি ও এনটিভির সঙ্গে ছিলাম। আমাদের মাছরাঙা নামে আছে নির্মাতা প্রতিষ্ঠান আর বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম। আমাদের চলচ্চিত্র মনপুরা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯’-এ সেরা ছবিসহ একাধিক বিভাগে পুরস্কার পেয়েছে। এবার আমরা সরাসরি টিভি চ্যানেল নিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে সুস্থ ধারার সংস্কৃতি প্রসারে মাছরাঙা টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মেহেদী মাসুদ