পরিচয় হারানোর ঝুঁকিতে বাংলা টাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাইরে দ্বিতীয় আরেক টুকরা বাংলাদেশ হিসেবে পরিচিত লন্ডনের বাংলা টাউন অস্তিত্বের হুমকির মুখে পড়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী এলাকা পুনর্গঠনের প্রক্রিয়ায় বাংলা টাউন নামটি বাদ দিয়ে স্পিটালফিল্ড হিসেবে পরিচিতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবে বাঙালিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরার (পৌর এলাকা) এই ওয়ার্ডের নাম পরিবর্তনের প্রস্তাব এসেছে কনজারভেটিভ পার্টির স্থানীয় শাখার কাছ থেকে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী এলাকার পরিবর্তন, পরিবর্ধন বা পুনর্গঠনের দায়িত্ব যে স্বাধীন প্রতিষ্ঠানটির, সেই লোকাল গভর্নমেন্ট বাউন্ডারি কমিশন অব ইংল্যান্ড (এলজিবিসিই) কনজারভেটিভ পার্টির এই প্রস্তাবকে গ্রহণ করেছে। কমিশন এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রস্তাবটিকে সুপারিশ আকারে প্রকাশ করে বিষয়টিতে টাওয়ার হ্যামলেটসের সব বাসিন্দার মতামত আহ্বান করেছে। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত কমিশন এ বিষয়ে সেখানকার বাসিন্দাদের মতামত গ্রহণ করবে। কমিশন এরপর যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তা পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে আগামী বছর থেকে কার্যকর হবে। মূলত ২০১৪ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পরবর্তী নির্বাচন সামনে রেখেই এই সীমানা পুনর্নির্ধারণ। টাওয়ার হ্যামলেটস হচ্ছে লন্ডনের একমাত্র বরা, যার মেয়র সরাসরি ভোটে নির্বাচিত এবং কাউন্সিল পরিচালনায় নির্বাহী ক্ষমতার অধিকারী। অন্য বরাগুলোতে কাউন্সিলরদের মধ্য থেকে সতীর্থ কাউন্সিলরদের ভোটেই মেয়র নির্বাচিত হন এবং বিভিন্ন কাউন্সিলরের নেতৃত্বে গঠিত কমিটিগুলোই মূলত সব সিদ্ধান্ত নিয়ে থাকে।কমিশনের প্রকাশিত প্রস্তাবে দেখা যায় যে বর্তমান মেয়র এবং লেবার পার্টির কাউন্সিলররা ওয়ার্ডটির স্পিটালফিল্ড অ্যান্ড বাংলা টাউন নাম রাখার পক্ষে মতামত দিয়ে বলেছেন যে, ‘এই নামটি স্থানীয় ঐতিহ্যের পাশাপাশি সেখানকার সাম্প্রতিক সংযোজন বাংলা টাউনের পরিচিতির প্রতিফলন ঘটাবে।’ কিন্তু কনজারভেটিভ পার্টি ওয়ার্ডটির নাম শুধু ওই স্পিটালফিন্ড ওয়ার্ডের চৌহদ্দির মধ্যেই আটকা পড়ে আছে। অথচ বাস্তবে টাওয়ার সমগ্র হ্যামলেটসেই রয়েছে বাংলাদেশিদের বসবাস। কমিশন কনজারভেটিভদের এই যুক্তিকে গ্রহণ করেই তাদের খসড়া সুপারিশ তৈরি করেছে। টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের মধ্যে একক বৃহত্তম জাতিগোষ্ঠী হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৩৩ শতাংশ।কনজারভেটিভদের এই প্রস্তাব উত্থাপন এবং কমিশন কর্তৃক তা গ্রহণের ঘটনায় কিছুটা হতভম্ব হয়েছেন টাওয়ার হ্যামলেটস এবং তার বাইরে লন্ডন ও যুক্তরাজ্যের অন্যান্য স্থানে বসবাসরত বাংলাদেশিরা। তাৎক্ষণিকভাবে রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো প্রতিবাদ জানিয়ে জনমত সংগঠনে নেমে পড়েছে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করার দায়ে লেবার পার্টি থেকে বহিষ্কৃত টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র লুৎফর রহমান ঘোষণা করেছেন যে, বাংলা টাউন নামটি রক্ষার জন্য যা যা করা প্রয়োজন, তিনি তার সবই করবেন। টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির নেতা হেলাল আব্বাসও একই ধরনের ঘোষণা দিয়েছেন। গণস্বাক্ষর সংগ্রহে শুরু হয়েছে একাধিক অভিযান। বিশ্বের নানা দেশে চীনা অভিবাসীরা চায়না টাউন গড়ে তুললেও যুক্তরাজ্যের বাঙালিদের এ ধরনের আর কোনো উদ্যোগের কথা শোনা যায় না। বাংলা টাউনের সঙ্গে যুক্তরাজ্যে বসবাসকারী বাঙালিদের সবারই আছে একটা আবেগের সম্পর্ক। প্রতিবছর একুশে ফেব্রুয়ারি মধ্যরাতে শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে কিংবা পয়লা বৈশাখের অনুষ্ঠানে অংশ নিতে বাংলা টাউনে বাঙালিরা ছুটে আসেন ব্রিটেনের সব প্রান্ত থেকে।ব্রিক লেন এবং তার আশপাশের যেসব এলাকাকে নিয়ে এই বাংলা টাউন, সেখানে বাঙালিদের পদচারণ শুরু হয় প্রায় চার দশক আগে। লন্ডন অলিম্পিকের সময় কারি ক্যাপিটাল হিসেবে স্বীকৃতি পায় এই বাংলা টাউন। বাংলাদেশের এমন কোনো পণ্য নেই, যা এখানে পাওয়া যায় না।কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলা টাউন নামটি থাকবে কি না সেই সিদ্ধান্তের বিষয়টি একান্তই টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের।