নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনার পর পেরিয়ে গেছে তিন সপ্তাহ। এ দীর্ঘ সময়েও পরিচয় মেলেনি ছয়টি লাশের। অবশেষে আজ শুক্রবার হতভাগ্যদের লাশ হস্তান্তর করা হয় আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে। চিরনিদ্রায় শায়িত করতে তারা লাশগুলো আজিমপুর কবরস্থানে পাঠিয়ে দিয়েছে।মৃত্যুর আগে তাদের সবারই পরিচয় ছিল। কিন্তু আগুনের লেলিহান শিখা তাদের এমনভাবে পুড়িয়েছে যে কেউই আর পারেনি তাদের শনাক্ত করতে। পরিচয়হীনভাবেই তাদের গন্তব্য হয়েছে আজিমপুর কবরস্থান। আঞ্জুমানে মফিদুল ইসলামের কর্মকর্তা মো. আরিফ জানান, বংশাল থানার পুলিশ আজ সকালে লাশগুলো তাঁদের কাছে হস্তান্তর করে। লাশগুলো দাফনের জন্য আজিমপুর কবরস্থানে পাঠানো হয়েছে।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, লাশগুলো এত দিন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) হিমঘরে রাখা ছিল। তিনি জানান, সকালে তিনজন মহিলা, দুজন পুরুষ ও একজনের লাশের পায়ের অংশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। প্রতিটি দগ্ধ মরদেহ থেকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে বলেও তিনি জানান। প্রসঙ্গত, ৩ জুন নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২১ জনের মৃত্যু হয়।