পরিচয়হীনতার গ্লানি থেকে মুক্তি চায় ছিটের মানুষ
‘হামার কোনো দ্যাশও নাই, সরকারও নাই, হামার কোনো মূল্য নাই। বাংলাদেশি পরিচয় দিয়ে, মিছা কথা কহে চিকিৎসা করিবা নাগেছে। ছুয়াপুতালাক স্কুলত নেয় না। তাই সবাই মনেপ্রাণে বাংলাদেশি হতি চাই, একটা পরিচয় লিয়ে মরতি চাই।’কথাগুলো বললেন বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় সদর উপজেলার ভারতীয় গারাতি ছিটমহলের অধিবাসী মুক্তিযোদ্ধা মো. বছিরউদ্দিন (৭০)। সম্প্রতি জনগণনা হওয়ার পর আশার আলো দেখতে শুরু করেছে ছিটমহলের অধিবাসীরা। জনগণনা শুরুর পর এখানকার লোকজন আনন্দ-উৎসব করে মিষ্টি বিতরণ করেছে। তাদের আশা, এবার তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। স্বীকৃতি মিলবে বাংলাদেশি নাগরিক হিসেবে। পঞ্চগড় জেলা শহর থেকে ১২ কিলোমিটার পূর্বে সদর উপজেলার হাঁড়িভাসা, হাফিজাবাদ ও অমরখানা ইউনিয়নের মধ্যে ভারতীয় সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত গারাতি ছিটমহল। ১৩৫০.৫০ একরের এই ছিটমহলের লোকসংখ্যা এক হাজার ৯২৭। এর মধ্যে পুরুষ ৯৯২ ও নারী ৯৩৫ জন। ৩৭০টি পরিবারের ৪৫টিই ভূমিহীন। কৃষিনির্ভর এই ছিটমহলের লোকজন ধান, পাট, আখ, গমসহ সব ধরনের ফসলের আবাদ করে। ছিটমহল ঘুরে দেখা গেছে, সড়কগুলো কাঁচা, খানাখন্দকে ভরা। স্কুল, হাটবাজার ও স্বাস্থ্যকেন্দ্র নেই। তবে বাংলাদেশের ভেতরে চলাচলে তাদের কোনো বাধা নেই।ছিটমহলের শিশুদের অধিকাংশই লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত। আর যারা লেখাপড়া করে, তারা মিথ্যা ঠিকানা ব্যবহার করে স্কুলে ভর্তি হয়। যাঁরা সামর্থ্যবান, তাঁরা বাংলাদেশি এলাকায় বাড়ি তৈরি করে সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করছেন।বঞ্চনার সঙ্গী নিরাপত্তাহীনতা: তারা বাংলাদেশের ভূখণ্ডে অবাধে চলাচল করলেও তাদের পরিচয় ভারতীয়। কিন্তু চাইলেই ভারতে যেতে পারে না তারা। তাদের জন্য নেই কোনো আইন-আদালত কিংবা বিচারব্যবস্থা। মৌলিক সব সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি প্রশাসনিক নিয়ন্ত্রণ না থাকায় নিরাপত্তাহীনতা ছিটমহলবাসীর নিত্য সঙ্গী।সেখানকার নাগরিক কমিটির চেয়ারম্যান মফিদার রহমান জানান, দিনদুপুরে এখানে খুনোখুনি হলেও বিচারের কোনো ব্যবস্থা নেই। আধিপত্য নিয়ে প্রায় সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। সম্প্রতি দুটি খুনের ঘটনা ঘটলেও কোনো বিচার হয়নি। তিনি বলেন, কোনো অপরাধের ঘটনা ঘটলে চেয়ারম্যান হিসেবে তিনি বিচার-সালিসে বসলেও বিচারের রায় কেউ মানে, কেউ মানে না।এ ছাড়া সাদা কাগজে টিপসই দিয়ে জমি কেনাবেচা করতে হয়। কারণ, জমি রেজিস্ট্রি করতে হলে তাদের ভারতের হলদিবাড়িতে যেতে হয়, কিন্তু সেখানে যাওয়ার মতো ব্যবস্থা এখানকার মানুষের নেই।আধুনিকতা থেকে বহু দূরে: বিদ্যুৎ না থাকায় এই ছিটমহলের লোকজনের বিনোদনের কোনো সুযোগ নেই। পাকা ঘরবাড়ি নেই বললেই চলে। সবই শণের ঘর। স্বাস্থ্যসম্মত পায়খানা এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই।অসুখে-বিসুখে সেবা দিতে নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র। প্রসূতি মায়েদের দুর্ভোগ বেশি। গৃহবধূ জমিলা বেগম (৪৫) ও তাহমিনা (২৫) বলেন, অসুখ-বিসুখ হলে মুন্সির কাছ থেকে তাঁরা তেলপড়া আর পানিপড়া খান।চিকিৎসার জন্য ভরসা গ্রাম্য করিরাজ।গ্লানি থেকে মুক্তি চান: গারাতি ছিটমহলের ফয়জুল হক (৭০) বলেন, ‘দুই দেশের সম্মতিতে ছিটমহলের অধিবাসীদের জনগণনা শেষ হয়েছে। আশা করছি, এবার ছিটমহল বিনিময়ের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে। আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় পেতে চাই। বাংলাদেশিদের মতো শিক্ষা, স্বাস্থ্য, উন্নত যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ ও পানীয় জলের সুবিধা পেতে চাই।’কৃষক সপিজুল ইসলাম (৬০) বলেন, ‘ছিটমহলের ছেলেমেয়েরা আগে বাংলাদেশের স্কুলে লেখাপড়া করত। জন্মনিবন্ধন সনদ চালুর পর এই সুযোগও হারাতে হচ্ছে। আমরা যে ফসল উৎপাদন করি, তা বাংলাদেশেই বিক্রি করি। অথচ আমাদের সার, বীজ, কীটনাশক দেওয়া হয় না। খুব কষ্টে আছি।’এসএসসি পাসের পর পড়াশোনা আর এগোয়নি মো. আলমগীর হোসেনের (২৫)। এখন মডেলহাটে ব্যবসা করছেন। তিনি বলেন, ‘ছিটমহলে জন্মটাই হলো পাপ। দাম নাই, পরিচয় নাই, লজ্জা লাগে। ছিটের জনগণনা শেষ হয়েছে। সরকারের সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনে ছিটমহলে গণভোট দিতে পারে। তবে আমরা বাংলাদেশি হতে চাই।’একই দাবি মমিনুল ইসলাম ও তবিবর রহমানেরও। এই দুই যুবক বলেন, ‘এভাবে আর থাকতে চাই না। দ্রুত ছিটমহল বিনিময় চাই। পরিচয় নিয়ে যে গ্লানি আছে, তা থেকে মুক্তি চাই।’ভারতীয় ছিটমহল শরণার্থী সমিতির উপদেষ্টা জয় প্রকাশ বলেন, ‘এভাবে আর কত দিন। দেখতে দেখতে ৫০ বছরের বেশি সময় কেটে গেল। ভারতীয় নাগরিক হয়েও বাস করছি বাংলাদেশের মধ্যে। তাই ভারত সরকার আমাদের কোনো নাগরিক-সুবিধা দিতে পারছে না। মানবেতর জীবন যাপন করছি। ১৯৭৪ সালে ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়িত হলে অনেক আগেই আমরা বাংলাদেশি নাগরিক হয়ে যেতাম। তাহলে এত দুর্ভোগ পোহাতে হতো না।’পঞ্চগড়ের ১২ ছিটমহল: জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলায় রয়েছে ভারতের ১২টি ছিটমহল। এর মধ্যে সদর উপজেলায় গারাতি ও শিঙ্গিমারী, দেবীগঞ্জ উপজেলায় নাটকটোকা, বেহুলাডাঙ্গা, বালাপাড়া খাসবাড়ী, কোটভাজনী, দহলা খাগড়াবাড়ী এবং বোদা উপজেলায় পুঁটিমারী, নাজিরগঞ্জ, দৈখাতা, শালবাড়ী এবং কাজলদীঘি ছিটমহল বোদা ও দেবীগঞ্জ উপজেলায় পড়েছে। এসব ছিটমহলে জমির পরিমাণ ৬১৯০.৭৮ একর, পরিবারের সংখ্যা ৩৯৮৭টি, ভূমিহীন পরিবারের সংখ্যা ২৮০টি। জনগণনার তথ্য অনুযায়ী লোকসংখ্যা ১৮ হাজার ৮৯১। এর মধ্যে পুরুষ নয় হাজার ৭৯১ এবং নারী নয় হাজার ১০০ জন।