পরিত্যক্ত আইচায় নান্দনিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যেখানে দেখিবে ছাইউড়াইয়া দেখ তা-ই,পাইলেও পাইতেপারো অমূল্য রতন।’এই লাইনগুলো পড়ে যেন উদ্বুদ্ধ হয়েছিলেন বরিশাল নগরের রূপাতলীর আনোয়ার হোসেন। মায়ের কাছ থেকে শেখা হাতের কাজের ওপর ভিত্তি করে তিনি মায়ের নামেই গড়ে তোলেন ‘হাসিনা কুটির শিল্প’। এই প্রতিষ্ঠানের তৈরি প্রায় ২৫০ রকমের শোপিস (ঘর সাজানোর উপকরণ) এবং অন্যান্য পণ্যের কদর দেশের গণ্ডি ছাড়িয়েছে। শোপিসগুলোর মূল উপকরণ হলো নারকেলের মালা, মালই বা আইচা। বিভিন্নভাবে সংগ্রহ করা আইচা নিপুণ হাতের ছোঁয়ায় রূপ পায় দৃষ্টিনন্দন শোপিসে। পরে তা শোভা পায় শৌখিন মানুষের বাড়ির পরিপাটি বসা বা শোয়ার ঘর কিংবা অফিস কক্ষে। শুরুর গল্প: ১৯৬৮ সালের কথা। বরিশাল নগরের রূপাতলী এলাকার ১৭-১৮ বছরের আনোয়ার অনেকটা হঠাৎ করেই চিন্তা করলেন, অনেক জিনিসই তো ফেলে দেওয়া হয় বা অব্যবহূত থেকে যায়। এসব জিনিস কী কোনোভাবে কাজে লাগানো যায় না? আনোয়ার তাঁর মাকে টুকটাক হাতের কাজ করতে দেখতেন। শখের বশে সেই কাজগুলো রপ্ত করার চেষ্টা করেন। এরপর ফেলে দেওয়া আইচা সংগ্রহ করে তা দিয়ে কয়েকটি শোপিস তৈরি করে ঘরে সাজিয়ে রাখেন। বন্ধুরা এগুলো দেখে প্রশংসা করেন। এতে আগ্রহ বেড়ে যায় আনোয়ারের। কাজ চালিয়ে যেতে থাকেন। একপর্যায়ে নিজের তৈরি শোপিস বিক্রির চেষ্টা করেন। কিন্তু তেমন সাড়া মিলছিল না। তাই বলে তিনি দমে যাননি। ১৯৬৯ সালে কয়েকটি পণ্য নিয়ে ঢাকায় যান আনোয়ার। ওঠেন আত্মীয় রংমিস্ত্রি মজিবুর রহমানের কাছে। মজিবুর থাকতেন রেডিও পাকিস্তানের এক কর্মকর্তার ধানমন্ডির বাসায়। ওই বাসার কাছের একটি বাড়িতে প্রতিদিন লোকজনের আনাগোনা দেখে অবাক হন আনোয়ার। পরে জানতে পারেন, বাড়িটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আনোয়ারের ভাষ্যমতে, বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করিয়ে দিতে তিনি আত্মীয়কে অনুরোধ করেন। আত্মীয় মজিবুর রেডিও পাকিস্তানের সেই কর্মকর্তার মাধ্যমে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁকে দেখা করার সুযোগ করে দেন।আনোয়ার কয়েকটি শোপিস নিয়ে দেখা করেন বঙ্গবন্ধুর সঙ্গে। শোপিসগুলো দেখে অভিভূত বঙ্গবন্ধু তাঁকে (আনোয়ার) ৩০ টাকা দেন। এতে তাঁর উৎসাহ বেড়ে যায় বহুগুণ।সেই ৩০ টাকার মধ্যে ১৭ টাকা দিয়ে একটি হ্যান্ড ড্রিল মেশিন, একটি হ্যাক্সোসহ আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে বরিশালে ফিরে আসেন আনোয়ার। শুরু করেন আইচা দিয়ে নান্দনিক সব জিনিস তৈরির কাজ। প্রথমদিকে স্ত্রী রাশিদাকে নিয়ে কাজ করতে থাকেন। পরে সহযোগী হিসেবে কয়েকজনকে নিয়োগ দেন। ১৯৬৯ সালে নিজের প্রচেষ্টায় মা হাসিনা বেগমের নামে গড়ে তোলেন ‘হাসিনা কুটির শিল্প’। বর্তমানে বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের শেরেবাংলা সড়কে অবস্থিত এই প্রতিষ্ঠানের শোপিস সবার নজর কাড়ছে। আইচা থেকে শোপিস: আইচা সংগ্রহ করা হয় বিভিন্ন গ্রামগঞ্জ থেকে। ভালোমানের ১০০ আইচা কেনা হয় ৬০০ টাকা দরে। আইচা সংগ্রহ করে সেগুলোতে সযত্নে নকশা ফুটিয়ে তোলা হয়। মূল উপকরণ আইচা হলেও শোপিস তৈরি করতে দরকার হয় আঠা, বাঁশ, বেত, নল, শলা ও কাঠ। হাসিনা কুটির শিল্পে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত কোনো নকশাকার নেই। আনোয়ার হোসেন ও তাঁর ছেলে আবদুর রশীদ নিজেদের সৃজনশীলতা দিয়েই বিভিন্ন শোপিসসহ প্রায় ২৫০ প্রকার পণ্য তৈরি করছেন। এর মধ্যে রয়েছে জাতীয় পাখি দোয়েল, জাতীয় ফুল শাপলা, পয়সা জমানোর ব্যাংক, নৌকা, ঝুলন্ত লাইট, লাইট শেড, চামচ, ফুলের তোড়া, ফুলদানি, উড়কি, চাবির রিং, চুলের ব্যান্ড, মগ, চায়ের কাপ, নামফলক, মাথার ফুল প্রভৃতি। এসব পণ্য আকার ও সৌন্দর্যভেদে ১০ টাকা থেকে দেড় হাজার টাকায় বিক্রি হয়।সরেজমিনে একদিন: সম্প্রতি হাসিনা কুটির শিল্পে গিয়ে ১০ থেকে ১২ জন শ্রমিককে নানা পণ্য তৈরিতে ব্যস্ত দেখা যায়। তাঁদের সঙ্গে কাজ করছেন আনোয়ারও। আনোয়ারের ছেলে আবদুর রশীদ এসএসসি পাস করার পর বাবার সঙ্গে কাজে যোগ দেন। তিনিই এখন বাজারজাতকরণের বিষয়টি দেখছেন।‘আগে পয়সা জমানোর জন্য দেখছেন মাটির ব্যাংক, মোরা বানাই আইচার ব্যাংক। এইডা শাপলা ফুল, ওইডা নৌকা। ওইগুলা চামচ, আর এই যে দ্যাহেন, এইডা মগ।’ এভাবে বলতে বলতে বিভিন্ন শোপিস দেখাচ্ছিলেন শ্রমিক মিনারা বেগম। এখানে প্রায় ১৫ বছর ধরে কাজ করছেন মোমেনা বেগম। তিনি জানালেন, তিন মেয়ে ও তাঁকে ফেলে স্বামী চলে যান। এখানে কাজ নিয়ে বড় মেয়েকে এমএ পাস করিয়েছেন। ছোট মেয়েও এইচএসসি পাস করেছে।প্রায় ১৬ বছর ধরে মেশিনম্যানের দায়িত্বে থাকা রফিকুল ইসলাম বলেন, ‘এখানে কাজ করেই সংসার চালাচ্ছি—দুই সন্তানকে লেখাপড়া করাচ্ছি।’সমস্যা ও সম্ভাবনা: আনোয়ারের সঙ্গে কথা বলে জানা গেল, জায়গা ও অর্থসংকটের কারণে তাঁরা চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারছেন না। এটা কাটিয়ে উঠতে পারলে তাঁর প্রতিষ্ঠান আরও বড় হবে। আর এতে কর্মসংস্থান হবে বহু লোকের। হাসিনা কুটির শিল্পের কাজে উদ্বুদ্ধ হয়ে বরিশালে এমন আরও চারটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। জানা গেল, বরিশালে তৈরি এসব শোপিসের চাহিদা ঢাকার আড়ং, কারুঘর, কারু শিল্প, চন্দ্রিমা, ফাতেমা কর্টেজ, কুমিল্লা হ্যান্ডিক্রাফটসসহ নানা প্রতিষ্ঠান ও দেশের বিভিন্ন স্থানে রয়েছে। দেশের বাইরেও আইচার তৈরি পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। এখানকার শোপিস ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হয়েছে।স্বপ্ন তাঁর অনেক বড়: বাবার একখণ্ড জমি আর বঙ্গবন্ধুর দেওয়া ৩০ টাকা নিয়ে আনোয়ারের প্রতিষ্ঠানের যাত্রা শুরু। এখন তিনি ১৫ থেকে ২০ লাখ টাকার সম্পদের মালিক। তাঁর স্বপ্ন, কুটির শিল্পভিত্তিক একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে গবেষণা হবে, প্রশিক্ষণ নিয়ে লোকজন স্বাবলম্বী হবে। আনোয়ার জানালেন, শুরুর দিকে শোপিসগুলো নিজেই বাজারজাত করতেন। পরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) বরিশাল কার্যালয় সহযোগিতা করে। তাঁদের কথা: স্থানীয় কাউন্সিলর মঈনউদ্দিন খান বলেন, ‘আইচা দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা সম্ভব, তা না দেখলে বিশ্বাস করা কঠিন।’ বরিশাল বিসিকের বিদায়ী উপমহাব্যবস্থাপক মো. ইউনূস বলেন, ‘এখানে তৈরি শোপিসের চাহিদা দিন দিন বাড়ছে। কিছু শোপিস বিদেশেও রপ্তানি হচ্ছে। পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প এলাকার বেকার সমস্যা দূর করতে ভূমিকা রাখতে পারবে।’