প্রায় ২০০ বছরের পুরোনো জরাজীর্ণ একটি ভবন। খসে পড়েছে পলেস্তারা। কোথাও ক্ষয়ে গেছে দেয়ালের ইট। ভবনের কোনো কোনো কক্ষে দরজা-জানালার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বৃষ্টি হলেই ভেতরে পানি ঢোকে। পানি পড়ে ছাদ চুইয়ে। দেয়ালজুড়ে জন্মেছে নানা আগাছা। চারপাশে তাকালেই মনে হয়, এখনই বুঝি ধসে পড়বে পরিত্যক্ত ভবনটি।প্রায় ২০০ বছর আগে নির্মিত জরাজীর্ণ ভবনটি ‘শহীদ মোসলেম উদ্দিন’ ছাত্রাবাস। মৃত্যুকে সঙ্গী করে ঝুঁকি নিয়ে ওই ভবনটিতে থাকছেন কলেজের ৬০ জন শিক্ষার্থী।মুক্তিযুদ্ধে শহীদ কলেজের এক ছাত্র মোসলেম উদ্দিনের স্মরণে ছাত্রাবাসের নামকরণ করা হয়।কলেজ কর্তৃপক্ষ বলছে, দুই বছর আগেই জরাজীর্ণ ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে এটিকে পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয় গণপূর্ত বিভাগ। এরপর কলেজের পক্ষ থেকে পরিত্যক্ত ভবনে থাকতে ছাত্রদের বারণ করা হয়েছে। তার পরও নিজ দায়িত্বে সেখানে থাকছে বেশ কিছু ছাত্র। মানবিকতার দিকটি বিবেচনা করে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, দুই বছর আগে ছাত্রাবাসে কাউকে না থাকতে কর্তৃপক্ষ নোটিশ দেয়। এখন ছাত্ররা সেখানে নিজ দায়িত্বে থাকছে।নিজেদের অবস্থান বর্ণনা করতে গিয়ে ছাত্ররা বলছে, ‘প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে বসবাস’। আর্থিক সংকট তাদের ওই ভবনটিতে থাকতে বাধ্য করছে। কোনো দুর্ঘটনা ঘটলে যাতে ছাত্রদের শনাক্ত করা যায়, এ জন্য সবার পরিচয়পত্র দেওয়া হয়েছে। টেবিলে লিখে রাখা হয়েছে প্রত্যেকের নাম-পরিচয়।খোঁজ নিয়ে জানা গেছে, জমিসংক্রান্ত জটিলতার কারণে ভবনটি সংস্কার বা পুনর্নির্মাণ করা যাচ্ছে না। আবার জমি হাতছাড়া হয়ে যাবে—এ আশঙ্কায় কর্তৃপক্ষ জোর করে ছাত্রদের ঝুঁকিপূর্ণ ভবনটি থেকে বের করে দিচ্ছে না।জরাজীর্ণ ভবনটি কবে নির্মিত হয়েছিল, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। তবে ছাত্রাবাসের সহকারী তত্ত্বাবধায়ক আফজালুল ইসলাম বসুনিয়া প্রথম আলোকে জানান, ভবনটি প্রায় ২০০ বছরের পুরোনো। এক একর জায়গা নিয়ে বামনডাঙ্গার জমিদারের বাড়ি ছিল এটি। এর মধ্যে ৫৪ শতক জায়গার ওপর নির্মাণ করা হয় ভবনটি। একসময় সেখানে ছিল নাইট কলেজ। ১৯৬৩ সালে রংপুর কলেজ প্রতিষ্ঠার পর এটি ছিল কলেজ ক্যাম্পাস। কলেজ বর্তমান অবস্থানে সরিয়ে নেওয়ার পর ওই ভবনটি ছাত্রাবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুরুতে ছাত্রাবাসে ১০০ ছাত্রের থাকার ব্যবস্থা ছিল। এখন কিছু কক্ষে আর কোনোভাবেই থাকার অবস্থা নেই। অন্য কক্ষগুলোতে এখন জীবনের ঝুঁকি নিয়ে সেখানে ৬০ জন ছাত্র থাকে।ছাত্রাবাসের ১৩ নম্বর কক্ষে থাকেন অর্থনীতি বিভাগের ছাত্র ইমতিয়াজ মাহমুদ। তিনি বলেন, ‘বৃষ্টি হলে ওপর তলায় ছাদ টুইয়ে পানি পড়ে। আর নিচতলার কিছু কক্ষে জমে হাঁটুপানি। যেকোনো সময় এটি ধসে পড়তে পারে জেনেও ছাত্ররা সেখানে থাকছি। অভাবের কারণে থাকছি। নতুন বছরের একটা দিনও এখানে কাটাব না। এত বেশি ঝুঁকি নেওয়া যায় না।’ছাত্রাবাসের ২১ নম্বর কক্ষের ছাত্র মামুন উর রশীদ বলেন, ‘এখানে থাকতে ইচ্ছা করে না। কিন্তু তার পরও থাকতে হয়। মাসে ১০০ থেকে ১১০ টাকা দিয়ে এখানে থাকা যায়।’ ছাত্রাবাস কর্তৃপক্ষ তাঁদের এখানে থাকার অনুমতি দেয় কি না, জানতে চাইলে তিনি জানান, তাঁদের এ ভবনে থাকতে নিষেধ করা হয়েছে। তার পরও তাঁরা নিজ দায়িত্বে থাকেন।নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্র বলেন, এত কম টাকায় আর কোথাও থাকা যায় না। এ ছাড়া এখানে নিজের ইচ্ছামতো চলাফেরা করা যায়। তাই ছাত্ররা এখানে থাকে।জানা যায়, এ ছাত্রাবাসের জন্য কলেজ কর্তৃপক্ষের কোনো বরাদ্দও নেই। ছাত্রদের টাকায় এটি পরিচালিত হয়। ছাত্ররা মাসে ১০০ থেকে ১১০ টাকা করে দেয়।ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ ঘুরে দেখা যায়, কক্ষগুলোর ভেতরে স্যাঁতসেঁতে পরিবেশ। পর্যাপ্ত আলো নেই। পলেস্তারা খসে পড়া দেয়ালের ইট উঁকি দিচ্ছে। কোনো কোনো কক্ষে নেই জানালা। দরজাগুলো আছে নামমাত্র। বসবাসের অনুপযোগী ওই কক্ষগুলোতে দুই থেকে চারজন করে ছাত্র থাকছে।দ্বিতীয় তলার ১৪ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, ছাদের নিচে বড় ত্রিপল দিয়ে রাখা হয়েছে। কারণ, বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে।কীভাবে এমন একটি জরাজীর্ণ পরিত্যক্ত ভবনে ছাত্রদের থাকতে দেওয়া হচ্ছে, জানতে চাইলে আফজালুল ইসলাম বলেন, ‘দুই বছর আগে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার পর আমরা বলেছি, সেখানে থাকাই যাবে না। তার পরও ছাত্ররা থাকছে। তারা বলে, “যদি মারা যাই যাব।” অভাবের কারণে মূলত ছাত্ররা এখানে থাকে। মানবিকতার দিক বিবেচনা করে আমরা তাদের কিছু বলতে পারি না।’খোঁজ নিয়ে জানা গেছে, জরাজীর্ণ ছাত্রাবাসে থাকতে ছাত্রদের নিষেধ করা হলেও সেখানে যারা থাকছে, তাদের সরিয়ে নিতে কর্তৃপক্ষ সক্রিয় উদ্যোগ নিতে আগ্রহী নয়। এর মূল কারণ ভবনটি কলেজের দখলে রাখা। প্রতিষ্ঠার শুরুতেই মোসলেম উদ্দিন ছাত্রাবাসের ভবনসহ এক একর জায়গা লিজ নেওয়া হয় রংপুর কলেজের নামে। ১৯৮৪ সালে কলেজটি সরকারি হয়। সে সময় ওই এক একর জায়গা সরকারি কলেজের নামে লিখে দেওয়া হয়নি। ছাত্রাবাসের পাশের সালাফিয়া মাদ্রাসা তখন জায়গাটি নিজেদের করে নিতে চায়। মাদ্রাসা কর্তৃপক্ষ কলেজকে ১০০ ছাত্রের আবাসন-সুবিধাসংবলিত একটি ছাত্রাবাস করে দেবে। এর বিনিময়ে এক একর জায়গাটি হবে যাবে মাদ্রাসার—এই শর্তে মাদ্রাসার সঙ্গে চুক্তি করে রংপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ। কিন্তু চুক্তির শর্ত পূরণ করেনি সালাফিয়া মাদ্রাসা। এ ব্যাপারে একটি মামলা করে মাদ্রাসা কর্তৃপক্ষ। কিন্তু সালাফিয়া মাদ্রাসার বিপক্ষে যায় মামলার রায়। এর পর থেকেই মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্রাবাসের জায়গাটি দখলে নেওয়ার পাঁয়তারা করছে।ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, কলেজ সরকারি করার সময় জায়গাটি কলেজের নামে লিখে দেওয়া হয়নি। ফলে এটি সরাসরি সরকারি কলেজের সম্পত্তি নয়। তাই কলেজ কর্তৃপক্ষ নিজেদের টাকায় এটি পুনর্নির্মাণ করতে পারছে না। এখন জমিটি উদ্ধারের চেষ্টা চলছে।