পরিত্যক্ত ভবনে ক্লাস করে সহস্রাধিক শিক্ষার্থী
ভোলা সদর উপজেলার আবদুর রব বিদ্যালয়ে এক হাজার ৩০০ ছাত্রছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফিয়া খাতুন বলেন, ‘১৯২৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা এক হাজার ৩০০-এর বেশি। এই ভবনটির বয়স প্রায় ৫০ বছর। এই পুরোনো ভবনের পলেস্তারা খসে পড়া শুরু হয়েছে বছর দশেক আগে। কয়েকবার স্কুলভবনটি সংস্কার করা হয়েছে। কিন্তু তিন বছর ধরে ভবনের বিভিন্ন অংশে ভাঙনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। তখন শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাসচিব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা প্রশাসক বরাবর নতুন ভবন নির্মাণের আবেদন করলে একটি পর্যবেক্ষক দল আসে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে। তখন তারা ভবনকে পরিত্যক্ত ঘোষণা করতে বলে। কিন্তু আমরা নতুন ভবনের অভাবে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করতে পারিনি। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছি।’প্রধান শিক্ষক আরও বলেন, ‘প্রতিদিনই ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। গত দুই বছরে প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছে। তবে আল্লাহর রহমতে কেউ গুরুতর আহত হয়নি। সরকার এই ভবন নতুন করে নির্মাণ না করলে হয় ছাত্রদের নিয়ে মাঠে ক্লাস করতে হবে, নইলে ক্লাস বন্ধ করে দিতে হবে।’ সরেজমিনে দেখা যায়, দোতলা ভবনের প্রতিটি শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা-ঢালাই খসে পড়েছে। বড় বড় ফাটল দেখা দিয়েছে ছাদে ও দেয়ালে। এরই মধ্যে শিক্ষার্থীরা ক্লাস করছে। যে স্থানে বড় ফাটল, তার থেকে একটু দূরে বসে ছাত্ররা ক্লাস করছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি ভবন নির্মাণে আমাদের কোনো হাত নেই। এটা মন্ত্রণালয়কে জানাতে হবে। আমরা মন্ত্রণালয়ের আদেশে আবদুর রব মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে ৪৫ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব ঢাকায় পাঠিয়েছি। কারণ, এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এটা সংস্কারের অনুপযোগী। নতুন করে এ ভবন নির্মাণ করতে হবে। তবে মন্ত্রণালয় বা ঢাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে নতুন কোনো আদেশ না হওয়া পর্যন্ত কিছু করা যাচ্ছে না।’ জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভবনটি পরিত্যক্ত—এ বিষয়টি আমাকে জানানো হয়নি। আগে জানানো হয়েছে কি না, তা বলতে পারব না। তবে এখন যখন জেনেছি, সমস্যা সমাধানে আমি দ্রুত ব্যবস্থা নেব।’