পরিদপ্তর ও ক্রীড়া বোর্ডের ৩২৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা
বিডিআরে বিদ্রোহ মামলায় পিলখানার বিভিন্ন পরিদপ্তর ও রাইফেল ক্রীড়া বোর্ডের ৩২৯ জওয়ানের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজার আদেশ দিয়েছেন আদালত। বেকসুর খালাস পেয়েছেন সাতজন।পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১১-এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দীন আহমদ গতকাল রোববার এই রায় ঘোষণা করেন।এ নিয়ে ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআরে বিদ্রোহের ঘটনায় করা মোট ১১টি ইউনিটের মামলার মধ্যে নয়টির রায় হলো। ৪৪ রাইফেল ব্যাটালিয়ন এবং সদর রাইফেল ব্যাটালিয়ন ইউনিটের মামলার রায় বাকি আছে।গতকাল রায়ে ৩৭ জনকে সর্বোচ্চ সাজা অর্থাৎ সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্ত অপর আসামিদের মধ্যে ১৯ জনকে ছয় বছর করে, দুজনকে সাড়ে পাঁচ বছর করে, ৩৩ জনকে পাঁচ বছর, চারজনকে সাড়ে চার বছর, ৯০ জনকে চার বছর, একজনকে সাড়ে তিন বছর, ৯৩ জনকে তিন বছর, পাঁচজনকে আড়াই বছর, ২১ জনকে দুই বছর, পাঁচজনকে দেড় বছর, ১১ জনকে এক বছর করে এবং একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। চার মাস করে কারাদণ্ডের আদেশ হয়েছে সাতজনের। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।যে সাতজন খালাস পেয়েছেন তাঁরা হলেন: সিপাহি মো. আমিনুল ইসলাম, হাবিলদার (ড্রাফট) মো. নুরুজ্জামান, সিপাহি মো. শহিদুল ইসলাম, সিপাহি আবদুল মালেক বাদশা, সিপাহি মো. রেজাউল করিম, হাবিলদার সহকারী আবদুল হাদি ও ল্যান্স নায়েক সহকারী মো. আবদুল হাফেজ।পরিদপ্তরগুলো এবং রাইফেল ক্রীড়া বোর্ডে বিদ্রোহের ঘটনায় ২০১০ সালের ৪ আগস্ট নায়েব সুবেদার সহকারী মো. খোরশেদ আলম বাদী হয়ে মামলা করেন। ওই বছরের ২৬ অক্টোবর ৩৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার-প্রক্রিয়া চলাকালে আসামি হাবিলদার জালাল উদ্দিনকে বিশেষ আদালত-১০-এ স্থানান্তর করা হয়। পরিদপ্তরগুলো হচ্ছে: প্রশাসনিক পরিদপ্তর, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর এবং চিকিৎসা পরিদপ্তর।গতকাল সকাল সোয়া ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। শেষ হয় বেলা দুইটার দিকে। কার্যক্রম শুরুর আগেই কড়া পাহারায় আসামিদের আদালতে হাজির করা হয়। রায়ের পর তাঁদের কারাগারে নেওয়া হয়।রায় ঘোষণার সময় বিচারক বলেন, আসামিদের বিরুদ্ধে যেসব অভিযোগ প্রমাণিত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে: মহাপরিচালকের আদেশ অমান্য করা, বিদ্রোহ-সংক্রান্ত কোনো তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করা, বিদ্রোহ দমনে চেষ্টা না করা, উসকানিমূলক বক্তব্য দেওয়া ও বিদ্রোহ অব্যাহত রাখার জন্য ফটকে সার্চলাইট স্থাপন করা। তিনি বলেন, বাহিনীর শৃঙ্খলা রক্ষার জন্য প্রচলিত আইনের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, আসামিদের পূর্বের আচরণ, তাদের পদবি, স্বাধীনতা যুদ্ধে অবদান, কর্মক্ষেত্রে পদক-মেডেল, গ্রেপ্তারের পর থেকে জেলহাজতে অবস্থান—এ বিষয়গুলো বিবেচনায় আনা হয়েছে।বিচারক বলেন, ২০১০ সালের ৪ আগস্ট এ মামলার কার্যক্রম শুরু হয়। ৫৩ কার্যদিবসে বিচার শেষ হলো। এ মামলায় সাক্ষী ছিলেন ২০৩ জন, সাফাই সাক্ষী ছিলেন ২৫ জন, আসামিদের মধ্যে ২৬ জন দোষ স্বীকার করেছিলেন। ২৪ জন আইনজীবী আসামিদের সহায়তা করেন।আদালতের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দীন আহমেদকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল রবিউল আলম ও মেজর এম এ রাজ্জাক। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফাহাদ আহমদ আদালতে সহায়তা করেন।রায় ঘোষণার পর মামলার প্রসিকিউটর লে. কর্নেল জহিরুল আলম বলেন, এ মামলার ৬৬ জন আসামি ফৌজদারি আইনের মামলারও আসামি। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে জাতীয় দলে খেলতেন এমন ছয় জওয়ানও আছেন।