পুলিশের পরিদর্শকদের (ইন্সপেক্টর) পদ দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণী এবং উপপরিদর্শকদের (সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর) পদ তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। এটি পুলিশ বাহিনীর অনেক দিনের দাবি ছিল। এর ফলে ওই দুটি পদে কর্মরতদের বেতন বাড়বে।গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উত্থাপন করা হলে তিনি এ-সংক্রান্ত নথি অনুমোদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ কথা জানিয়েছে। চলতি মাস থেকেই এ পদমর্যাদা উন্নীত করার সিদ্ধান্ত কার্যকর হবে। ইন্সপেক্টর ও এসআইদের পদমর্যাদা বাড়ানোর ফলে বেতন বাবদ বছরে সরকারের ব্যয় বাড়বে ১৩ কোটি ১৫ লাখ টাকা।এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুশতাক আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আজ দুপুরে প্রধানমন্ত্রী এ-সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। দু-এক দিনের মধ্যে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হবে।’সচিব বলেন, ‘পুলিশ সদস্যের দীর্ঘদিনের দাবি ছিল এ পদগুলো উন্নীত করার। প্রধানমন্ত্রীও তা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আশা করছি, এ পদায়নের ফলে পুলিশের কাজের গতি আরও বাড়বে এবং চেইন অব কমান্ড আরও দৃঢ় হবে।’ সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁর কথা রেখেছেন। এখন পুলিশ সদস্যদের উচিত তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করা।পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী, ২০১০ সালের মার্চ পর্যন্ত পুলিশ বাহিনীতে দুই হাজার ৩৬৭ জন ইন্সপেক্টর ছিলেন। এ ছাড়া ১১ হাজার ৪০৯ জন সাব-ইন্সপেক্টর ও এক হাজার ২২৭ জন সার্জেন্ট ছিলেন। এ সরকারের আমলে আরও দুই হাজার ৪২৮ জন এসআই ও ৪২৬ জন সার্জেন্ট নিয়োগ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ কর্মকর্তাদের পদ উন্নীত করার বিষয়ে প্রায় পাঁচ বছর ধরে চিঠি চালাচালি হয়েছে। পুলিশ বাহিনীর উন্নয়নের জন্য কিছু দিন আগে প্রধানমন্ত্রীর দেওয়া ১৮টি প্রতিশ্রুতির একটি ছিল এটি। এর আগে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মহাপরিদর্শকের পদমর্যাদার পরিবর্তন হয়। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১১ মে প্রথম পুলিশের ইন্সপেক্টর পদকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে এবং সাব-ইন্সপেক্টর পদকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। তিন বছর পর ২০১১ সালের ১১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সভায় পুলিশের এ প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে একমত পোষণ করা হয়। এর তিন দিন পরই জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়টিতে সম্মতি দেয়। ২০ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে সম্মতি দেওয়ার জন্য প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। অর্থ মন্ত্রণালয় এত দিন পর্যন্ত ইন্সপেক্টর পদকে প্রথম শ্রেণীতে উন্নীত করার পক্ষে মত দিলেও সাব-ইন্সপেক্টর পদকে উন্নীত করার পক্ষে ছিল না।এর আগে গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই ইন্সপেক্টর ও এসআই পদের মর্যাদা উন্নীত করার ব্যাপারে আপত্তি জানিয়েছিল। মন্ত্রণালয় বলেছিল, পরিদর্শক এবং সহকারী পুলিশ সুপার পদ একই গ্রেডের এবং একই বেতন স্কেলে হলে পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা ও জটিলতার সৃষ্টি হবে। অন্যদিকে পরিদর্শকদের পদোন্নতির ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা এইচএসসি হওয়া বাঞ্ছনীয়। কিন্তু সব উপপরিদর্শকের এ শিক্ষাগত যোগ্যতা নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও বলা হয়েছিল, যাঁদের প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগ লাভের শিক্ষাগত যোগ্যতা নেই, তাঁদের পদমর্যাদা দেওয়া সঠিক হবে না। এ ছাড়া পদমর্যাদা ঠিক করার আগে পরিদর্শক-উপপরিদর্শক এবং সার্জেন্ট পদের নিয়োগবিধি, পদোন্নতি ও শৃঙ্খলা বিধিমালা তৈরি করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রথম শ্রেণীর পদমর্যাদা না থাকায় থানার আইনশৃঙ্খলা কমিটির সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অবমূল্যায়ন করা হয়। অনেক সময় উপজেলা চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য আমলে নিতে চান না। ফলে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।