পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে অবসান হলো বাম শাসনের। বলা ভালো, বিধ্বস্ত। আপাতভাবে মনে হচ্ছে, মমতা-সুনামিতে ভেসে গেল ৩৪ বছরের লাল দুর্গ। কিন্তু ভোটের ফলাফল এই ইঙ্গিত দিচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ ভেতরে ভেতরে এই পরিবর্তনের জন্য প্রস্তুত হয়েছে। তারই ফল এ রায়।প্রকৃতপক্ষে তৃণমূল থেকে নিজ মহিমায় উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন, তিনি একাই এক শ। ১৯৮৪ সালে একেবারে অচেনা প্রার্থী হিসেবে জয় দিয়ে শুরু করা মমতার সংসদীয় রাজনীতি ২৭ বছর পর চূড়ান্ত পরিণতি পেতে চলেছে। খুব শিগগির রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বামবিরোধী রাজনীতির আইকন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের দুর্ভেদ্য লাল দুর্গটি ধসিয়ে দেওয়ার কৃতিত্ব অনেকটা তাঁরই। মাসব্যাপী ছয় পর্যায়ে নেওয়া ভোট গতকাল শুক্রবার সকালে গণনা শুরু হয়। সময় কিছুটা যেতেই এটা পরিষ্কার হয়ে যায় যে পশ্চিমবঙ্গের মানুষ (বামদের) প্রত্যাবর্তন নয়, (বামবিরোধী) পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছে। জয়ের পর প্রথম প্রতিক্রিয়ায় মমতা বলেছেন, ‘এই জয় মা-মাটি-মানুষের, এই জয় গণতন্ত্রের। এই রায় শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে। আজ বাংলার মাটিতে নতুন করে স্বাধীনতা এসেছে, বাংলা আজ মুক্ত।’ গতকাল বিকেলে কালীঘাটে নিজ বাসভবনে জনগণকে অভিবাদন জানিয়ে এ কথা বলেন ‘অগ্নিকন্যা’ মমতা বন্দ্যোপাধ্যায়।বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের আরজি জানান। এখন রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে মমতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। শপথের দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হলেও গতকাল সন্ধ্যায় তৃণমূল সূত্রে জানা গেছে, সম্ভবত আগামী ১৮ জুন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হতে পারে। তখন মমতাই হবেন পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ইতিমধ্যে রাজ্যপালের কাছে তাঁর পদত্যাগপত্র পেশ করেছেন। রাজ্যপাল তাঁকে পরবর্তী মন্ত্রিসভা না আসা পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলেন। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস জোট পেয়েছে ২২৮। অর্থাৎ তিন-চতুর্থাংশের বেশি আসন পেয়েছে এই জোট। এর মধ্যে তৃণমূল একাই পেয়েছে ১৮৫। ফলে সরকার গঠন বা চালানোর ব্যাপারে শরিকদের ওপর নির্ভর করতে হবে না তৃণমূল কংগ্রেসকে। কংগ্রেস ৬৫ আসনে প্রার্থী দিয়ে ৪২টিতে জিতেছে। অন্যদিকে বাম জোট পেয়েছে ৬১টি আসন; এর মধ্যে সিপিআই(এম) ৩৯, সিপিআই ২, ফরোয়ার্ড ব্লক ১১, আরএসপি ৭ ও অন্য শরিকেরা ২। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যসহ তাঁর মন্ত্রিসভার অধিকাংশ সদস্য হেরে গেছেন। তবে বিজেপির প্রতি রাজ্যবাসীর অনাস্থা অব্যাহত রয়েছে। তারা একটি আসনও পায়নি। ফল প্রকাশের পর বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু গতকাল আলিমুদ্দিন স্ট্রিটে এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘গণরায় আমরা মাথা পেতে গ্রহণ করছি। বিরোধীদের পরিবর্তনের স্লোগান জনগণ গ্রহণ করেছে। সেটা আমরা বুঝতে পারিনি। এটা আমরা অকপটে স্বীকার করছি। দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ থাকব।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু সরকারে থাকার জন্য বামফ্রন্টের জন্ম হয়নি। সরকারে না থাকলেও আমরা জনগণের জন্য কাজ করব।’ কালীঘাটের সেই বাড়িটিউত্তেজনায় কম্পমান কলকাতায় ভোরের আলো তখনো ফোটেনি। ভিড় বাড়তে থাকে কালীঘাটের দারিদ্র্যের ছোপছাপ লাগানো ৩০বি হরিশ্চন্দ্র স্ট্রিটে। কুচকুচে কালো পানি বয়ে চলা কাটিগঙ্গা খালের তীর ঘেঁষে মমতার বাড়ি। অতি সাধারণ। অপরিসর একতলা টিনশেডের বাড়িটিতে তৃণমূলের দপ্তর। লাগোয়া দ্বিতল বাড়িটিও একইভাবে জৌলুশহীন। এমনকি দুখানা ঘরের রংও বেমানান। বোঝাই যায়, এই বাড়ির জননন্দিত নেত্রীর আটপৌরে জীবনযাপন, তাঁর পরনের চিরচেনা সাধারণ শাড়ির মতোই। পূর্বাভাস ছিল, বামদের বারোটা বাজার চিত্রটা ১২টার পর স্পষ্ট হবে। কিন্তু আসলে সকাল আটটায় পোস্টাল ব্যালট গণনার ফল থেকেই তা স্পষ্ট হয়ে ওঠে। কখনোই বামদের আসনসংখ্যা দুই অঙ্কের ঘর অতিক্রম করেনি। সে কারণে দেখতে না-দেখতে হরিশ্চন্দ্র স্ট্রিটে বাঁধভাঙা উচ্ছ্বাস। চারদিকে শঙ্খধ্বনি, বাদ্যবাদন। অনেকেই কালীঘাটে পূজা দিয়ে নেত্রীকে দেখতে আসেন। তৃণমূল নেতা-কর্মীরা মেতে ওঠেন সবুজ আবির নিয়ে; আর একটিবার নেত্রীকে দেখার জন্য। তাঁদের কণ্ঠে ছড়া-স্লোগান, মুখে বিজয়ের খিলখিলিয়ে হাসি। কারও চোখে আনন্দাশ্রু। তৃণমূলের যুব মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পম্পা দত্ত একাই জমিয়ে দিলেন। তিনি সুর করে বলেন—দিদি, তুমি করলে কী। অন্যেরা কোরাস ধরে, সিপিএম খাবে কী। গেল গেল বুদ্ধ গেল/ এবার বাংলা শুদ্ধ হলো ইত্যাদি। সকাল ১০টায়ই এসবের লাইভ সম্প্রচার চলে। এ রকম পরিবেশে মমতা বন্দ্যোপাধ্যায় ভক্তদের সামনে আসেন অল্প সময়ের জন্য। এ সময় তিনি এই অভূতপূর্ব রায়ের জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এটা মা-মাটি-মানুষের জয়। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টায় মন্ত্রিসভার শপথ নিয়ে কথা বলতে মমতা রাজভবনের (রাজ্যপালের কাছে) উদ্দেশে বের হন। ততক্ষণে নেত্রীর যাত্রাপথ লোকে লোকারণ্য। আশপাশের বাড়ির ছাদেও মানুষ ঠাঁই নেয়। একনজর দেখার জন্য অপেক্ষমাণ জনতার করতালির মধ্যে, ভিড় ঠেলে তাঁকে রাজভবনে প্রবেশ করতে হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও মুকুল রায়। আজ শনিবার থেকে মহাকরণ (পশ্চিমবঙ্গের সচিবালয়) মমতার। কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদ ছেড়ে তিনি মুখ্যমন্ত্রীর শপথ নেবেন। এর পরবর্তী ছয় মাসের মধ্যে তাঁকে বিধানসভার কোনো একটি আসনে নির্বাচিত হতে হবে। মমতা এর আগে কখনো বিধানসভা নির্বাচন করেননি।মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীতে মনীষী ও বাংলার মানুষের উদ্দেশে বিজয় উৎসর্গ করেন। গতকাল দুপুরের দিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী মমতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।বিদায়ী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু গতকাল এক যৌথ বিবৃতিতে পরাজয় মেনে নিয়েছেন। বিবৃতিতে তাঁরা বলেন, বিরোধী দলে থেকে তাঁরা গঠনমূলক সহযোগিতা দেবেন। সরকারি দলকে সহযোগিতা কিংবা বনেধর মতো কর্মসূচি নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে সাবেক আবাসনমন্ত্রী গৌতম দেব বলেন, মমতাকে এ বিষয়ে সহযোগিতা চাইতে দিন। আগামী ৩৪ দিনের মধ্যে রাজ্যবাসী বিরোধী দলের ভূমিকা দেখবে। তবে নতুন সরকারকে অবশ্যই হানিমুন পিরিয়ড দিতে হবে। গৌতম দেব দমদম আসনে নাট্যকার ব্রাত্য বসুর কাছে হেরে গেছেন। বামদের অনেক তারকা-প্রার্থীই কুপোকাত। শিল্পমন্ত্রী নিরুপম সেন ও অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত, সংখ্যালঘু ও মাদ্রাসামন্ত্রী আবদুস সাত্তার হেরে গেছেন।মমতাকে শেখ হাসিনার অভিনন্দনপশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল চূড়ান্তভাবে প্রকাশিত হওয়ার আগেই মমতাকে ফোন করে অভিনন্দন জানান। জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দুপুর ১২টা নাগাদ মমতার কালীঘাটের বাড়িতে ফোন করে শুভেচ্ছা জানালে মমতা প্রত্যুত্তরে তাঁকে শোনান রবীন্দ্রনাথের গান, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। তিনি হাসিনাকে বলেন, ‘বঙ্গবন্ধুর সময় থেকেই আমাদের সম্পর্ক ভালো। আমরা আমাদের সম্পর্ক আরও জোরদার করার জন্য একসঙ্গে কাজ করব। পরে বাড়ির সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের শেখ হাসিনার ফোন করার কথা জানিয়ে মমতা বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে দুই বাংলা একসঙ্গে কাজ করবে। আমি আশা করি, আগামী দিনে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয় দেশেরই সমৃদ্ধি ঘটবে।’ তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশের মানুষকেও আমার ভালোবাসা, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।’ফলাফলমোট আসন ২৯৪তৃণমূল কংগ্রেস ১৮৫কংগ্রেস ৪২এসইউসিআই ০১সিপিআইএম ৩৭সিপিআই ০২ফরোয়ার্ড ব্লক ১১আরএসপি ০৭সমাজবাদী পার্টি ০১বিএসপি ০১অন্যান্য ০৫