পরিবর্তনে ঝুঁকছে ইসরায়েল!
রক্ষণশীলদের শাসনে ইসরায়েলের জনগণ যে কতটা বিরক্ত, এর আভাস মিলেছে সদ্যসমাপ্ত সাধারণ নির্বাচনের ফলাফলে। নতুন দল গঠন করে নির্বাচনে চমক দেখিয়েছেন মধ্যপন্থী নেতা ইয়ায়ির লাপিড। তাঁর সাফল্যই প্রমাণ করে, ইসরায়েলের জনগণ পরিবর্তনের দিকে ঝুঁকছে।এক বছর আগেও ইয়ায়ির লাপিডের পরিচয় ছিল ইসরায়েলের একজন বিশিষ্ট টেলিভিশন সাংবাদিক হিসেবে। মধ্যবিত্ত শ্রেণীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সমস্যাই ছিল তাঁর সাংবাদিকতার আলোচ্য বিষয়। বছর খানেক আগে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তিনি। ইতি টানেন সাংবাদিকতায়।সদ্যসমাপ্ত সাধারণ নির্বাচনের আগে তাঁর নতুন মধ্যপন্থী দল ইয়েস আতিদ নিয়ে সমালোচনার অন্ত ছিল না। এমনকি নির্বাচনের আগের জরিপের ফলাফলও ছিল তাঁর প্রতিকূলে। গত মঙ্গলবার ইসরায়েলের সাধারণ নির্বাচনে ভোট নেওয়া হয়। ফল দেখে রীতিমতো সবাই বিস্মিত। এবারের নির্বাচনে ডানপন্থী ও মধ্য-বামপন্থী ব্লক সমান ৬০টি করে আসন পেয়ে বিরল ইতিহাসের জন্ম দিয়েছে। পার্লামেন্টের ১২০ আসনে দুই ব্লকের দলগুলো সমান আসন পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিল সমীকরণের সৃষ্টি হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। প্রত্যাশার চেয়েও কম আসনে জয় পেয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল ও জোট। তবে নেতানিয়াহুর সুবিধা হলো, তিনিই প্রথমে সরকার গঠনের আমন্ত্রণ পাবেন। আর ডানপন্থী উগ্র জাতীয়তাবাদী ও ধর্মীয় দলগুলো নিঃসন্দেহে তাঁকেই সমর্থন দেবে। তবে সংখ্যাগরিষ্ঠতা পেতে তাঁকে মধ্য-বামপন্থী ব্লকের কোনো দলের সমর্থন পেতেই হবে। এ ক্ষেত্রে নেতানিয়াহুর প্রথম পছন্দ হবে মধ্যপন্থী দল ইয়েস আতিদ। এবারের নির্বাচনে অসাধারণ সাফল্য পাওয়া দলটি ১৯টি আসনে জয় পেয়েছে। শক্তিশালী সরকার গঠনে এই দলের সমর্থন চাইবেন তিনি। ইয়েস আতিদের নেতা ইয়ায়ির লাপিডের সঙ্গে নেতানিয়াহুর মতৈক্য হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ অনেক ইস্যুতে তাঁদের অবস্থান এক নয়।ইসরায়েলের প্রেক্ষাপটে লাপিডের দলটি অনেকটা বিপ্লবী। এই দলের অবস্থান রাজনৈতিক সংস্কার, দুর্নীতিবিরোধী, মধ্যবিত্ত ও ছোট-মাঝারি ব্যবসায়ী শ্রেণীর বিভিন্ন অর্থনৈতিক সুযোগ-সুবিধার পক্ষে। ফলে লাপিডের সমর্থন পেতে হলে নেতানিয়াহুকে বেশ নমনীয় ও মধ্যপন্থী হতে হবে। ইসরায়েলের রাজনীতির জন্য এ এক বিরাট পরিবর্তন।পররাষ্ট্রনীতির ব্যাপারে লাপিডের অবস্থান এখনো পরিষ্কার নয়। দৃশ্যত, ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা ও ইরানের ক্ষেত্রে ইসরায়েলের বর্তমান নীতিতে কোনো পরিবর্তন না আনার পক্ষে লাপিড। ফিলিস্তিনের সঙ্গে শান্তি চাইলেও জেরুজালেমের বিভাজন বা সহ-অধিকার সমর্থন করে না দলটি। লাপিডের উত্থানে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির রক্ষণশীলতা কমলেও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পরিবর্তনের লক্ষণ সীমিত। তবে দূর-ভবিষ্যতে অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব পররাষ্ট্রনীতিতেও পড়তে পারে। রয়টার্স, ফিন্যানশিয়াল টাইমস ও আনন্দবাজার অবলম্বনে।