পরিবহন খাতে নৈরাজ্য বাড়াচ্ছে চাঁদাবাজি
চাঁদাবাজি দেশের পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টি করছে। পরিবহন-ব্যবস্থার স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ধরনের চাঁদাবাজি ও দুর্নীতি। আজ বুধবার দুপুরে গাজীপুরে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।মন্ত্রী বলেন, ঈদ সামনে রেখে বেপরোয়া চাঁদাবাজির পেছনে প্রভাবশালী মহল জড়িত রয়েছে। চাঁদাবাজদের রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের আগে ঘরে ফেরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম রুটের জন্য মহাসড়কের বাইরে বিকল্প হিসেবে ব্যবহারের জন্য আরও দুটি সড়ক প্রস্তুত করার কাজ চলছে। গাজীপুরের মীরেরবাজারে আজ বিকল্প সড়কের কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন ওবায়দুল কাদের। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।আসছে ঈদের মৌসুমে সড়ক-মহাসড়কে বিপুলসংখ্যক যানবাহনের ভিড় নিয়ন্ত্রণ করতে ঢাকা থেকে একটি সড়ক টঙ্গী স্টেশন রোড, মীরের বাজার ও কাঞ্চন হয়ে নারায়ণগঞ্জের মদনে গিয়ে উঠবে। আরেকটি সড়ক বাবুবাজার, পাগলা, চাষাঢ়া, সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জের লিংক রোডে গিয়ে উঠবে। মন্ত্রী বলেন, ঈদের মৌসুমে এসব রাস্তা ব্যবহার করলে উড়ালসড়ক ব্যবহারের ঝক্কি থাকবে না। যাত্রাপথে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমানোর জন্য সড়কগুলো সচল রাখার কাজকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।এর আগে যোগাযোগমন্ত্রী গাজীপুরের টঙ্গী স্টেশন রোড হয়ে মরকুন রেলক্রসিং সড়ক, মীরের বাজার ও বাইপাস মহাসড়ক পরিদর্শন করেন। এ সময় সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগাযোগমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।