পরিবহন নিয়ে মহাপরিকল্পনা উপেক্ষিত
নগরের যোগাযোগব্যবস্থা উন্নয়নে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) আছে ২০ বছর মেয়াদি কৌশলগত পরিবহন পরিকল্পনা (স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান—এসটিপি)। এই মহাপরিকল্পনাটি সরকারের অনুমোদন পেয়েছে ২০০৮ সালে। কিন্তু এই প্রকল্পগুলোর বাস্তবায়নে গতি নেই। আবার নগরের যোগাযোগ-অবকাঠামোর উন্নয়ন এসটিপির আলোকে হওয়ার কথা থাকলেও অনেক প্রকল্প বাস্তবায়নে তা অনুসরণ করা হচ্ছে না। এসটিপির আলোকে নগরের যোগাযোগ অবকাঠামো উন্নয়নের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোকে একই সুতোয় গাঁথতে ব্যর্থ হচ্ছে ডিটিসিবি। এই সমন্বয়হীনতার কারণ অনুসন্ধান করেছেন মিল্লাত হোসেনএসটিপি বাস্তবায়নে গতি নেইডিটিসিবি সূত্র থেকে জানা যায়, ২০০৪ সালের মার্চে এসটিপি তৈরির কাজ শুরু হয়। দেশি-বিদেশি পরিবহন বিশেষজ্ঞদের জরিপ ও গবেষণার মাধ্যমে এর চূড়ান্ত প্রতিবেদন তৈরি হয় ২০০৫ সালের ডিসেম্বর মাসে। এতে ব্যয় হয় প্রায় ১৬ কোটি টাকা। এসটিপিতে থাকা ৭২টি প্রকল্পের বাস্তবায়নের সময় ধরা হয় ২০০৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত। এতে থাকা প্রকল্পগুলো চারটি মেয়াদে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। মেয়াদগুলো হলো, ২০০৫ থেকে ২০০৯, ২০১০ থেকে ২০১৪, ২০১৫ থেকে ২০২০ ও ২০২১ থেকে ২০২৪ সাল। কিন্তু এসটিপি সরকারের অনুমোদন পেতে আরও তিন বছর লেগে যায়। ২০০৮ সালের ২৮ আগস্ট এসটিপির বাস্তবায়নকাজ উদ্বোধন করেন সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। এরপর আবার মুখ থুবড়ে পড়ে থাকে এসটিপির বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নকাজ। প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর তৈরি করা হয় ‘এসটিপি বাস্তবায়নসংক্রান্ত কমিটি’। ১৫ সদস্যের এই কমিটির চেয়ারম্যান হচ্ছেন যোগাযোগমন্ত্রী। কমিটি এসটিপির প্রকল্পগুলোর বাস্তবায়নের শুরুর সময় হিসেবে ২০০৯ সালকে নির্ধারণ করে। তবে কমিটি এসটিপি বাস্তবায়নে বিগত সাত মাসে গুটি কয়েক সভা ছাড়া আর কিছু করেনি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। বাস্তবায়ন শুরুর সময় ২০০৯ সালে নির্ধারণ করা হলেও তার জন্য এসটিপিতে কোনো পরিবর্তন-পরিবর্ধন আনা হয়নি। অথচ সময়ের পরিবর্তনের কারণে এসটিপি হালনাগাদ করা দরকার ছিল বলে মনে করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং এসটিপি প্রণয়নবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলমগীর মুজিবুল হক।এ প্রসঙ্গে ডিটিসিবির নির্বাহী পরিচালক ও এসটিপি বাস্তবায়নসংক্রান্ত কমিটির সদস্যসচিব মো. মশিউর রহমান জানান, লোকবলের অভাবে তাঁরা অনেক কাজই করতে পারছেন না। একটি সূত্র জানায়, এসটিপি বাস্তবায়নের শুরুর সময় আরও এক বছর পিছিয়ে যেতে পারে। কারণ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ঢাকা নগর পরিবহন সমীক্ষার (ঢাকা আরবান ট্রান্সপোর্ট স্টাডি) করেছে। এ বিষয়ে ডিটিসিবির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, এসটিপি হচ্ছে সরকার অনুমোদিত একটি মহাপরিকল্পনা। জাইকার সমীক্ষার মাধ্যমে এসটিপিতে নতুন কিছু প্রকল্প যুক্ত হবে। ঢাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নের সামগ্রিক কাজ এসটিপি অনুসরণ করে চলবে বলে তিনি দাবি করেন।লঙ্ঘিত হচ্ছে এসটিপির সূচিএসটিপি অনুযায়ী নগরের যোগাযোগব্যবস্থার উন্নয়নকাজ পরিচালিত হওয়ার কথা থাকলেও অনেক প্রকল্প বাস্তবায়নেই এসটিপির নির্দেশনা মানা হচ্ছে না। এসটিপির চূড়ান্ত প্রতিবেদন ঘেঁটে দেখা গেছে, মুন্সিগঞ্জের মুক্তারপুরের শীতলক্ষ্যা নদীতে সেতু নির্মাণ প্রকল্পটি ছিল তৃতীয় ধাপের (ফেজ-৩) ‘এ’ ভাগে। অথচ বিগত তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে নির্মাণকাজ শেষে এটি চালু করা হয়। বছিলায় বুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের প্রকল্পও ছিল তৃতীয় ধাপে। নির্মাণকাজ শেষে এই সেতু চালু করা হয় ২০০৯ সালের শেষ দিকে। এসটিপির প্রকল্পগুলো বাস্তবায়নের পরিবর্তিত সূচিতে মুক্তারপুর ও বছিলার সেতু প্রকল্প দুটি বাস্তবায়ন হওয়ার কথা ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে।এসটিপি লঙ্ঘিত হয়েছে বিজয় সরণি থেকে শহীদ তাজউদ্দিন আহমদ সরণি পর্যন্ত সংযোগ সড়কটির নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও। এই প্রকল্প ছিল এর দ্বিতীয় ধাপে। এসটিপির পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এ সড়ক নির্মাণ হওয়ার কথা ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে। অথচ ২০০৮ সালের ১৬ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু করা হয়। আর নির্মাণকাজ শেষে এই সড়কে যান চলাচল শুরু হয় গত ২০ এপ্রিল। এসটিপির প্রকল্পগুলো বাস্তবায়নের সময়সূচি অনুসরণ না করায় এই সংযোগ সড়ক-সংশ্লিষ্ট সড়কগুলোর যানজট কমানোর চেয়ে বাড়িয়ে তুলেছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানায়।এদিকে আগারগাঁও রোড থেকে মিরপুর ২ নম্বর সেকশন পর্যন্ত সংযোগ সড়কটি এসটিপির দ্বিতীয় ধাপের (ফেজ-২) প্রকল্পগুলোর মধ্যে আছে। সে হিসেবে এটি ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এরই মধ্যে সড়কটির আগারগাঁও প্রান্তের আংশিক বাস্তবায়নকাজ শুরু করেছে।ডিটিসিবি সূত্র জানায়, এসটিপির প্রথম ধাপের প্রকল্পগুলোর মধ্যে থাকায় মগবাজার মৌচাক উড়ালসেতু নির্মাণ হওয়ার কথা ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে। এসটিপির নির্দেশনা অনুযায়ী উড়ালসেতুটির একটি নকশা তৈরি করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সরকার থেকে অর্থ বরাদ্দ না পাওয়ায় তারা এটি নির্মাণ করতে পারছে না। এর মধ্যে আবার সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) জাইকার অর্থায়নে মগবাজার মোড় ও তাজউদ্দিন আহমদ সরণিতে একটি উড়ালসেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর নকশায় এসটিপির নির্দেশনা অনুসরণ করা হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এ প্রসঙ্গে নাম-পদবি প্রকাশে অনিচ্ছুক ডিটিসিবির একজন কর্মকর্তা জানান, এলজিইডির উড়ালসেতুটি নির্মিত হলে মৌচাক, মালিবাগ, মগবাজার, বাংলামোটর ও এফডিসি মোড় এড়িয়ে যানবাহন চলাচল করতে পারত। কারণ এটি একটি বহুমুখী সেতু। সওজের উড়ালসেতুতে লুপের সংখ্যা কম। ডিটিসিবির নির্দেশনা হচ্ছে জাইকার উড়ালসেতু এমনভাবে তৈরি করতে হবে, যাতে এই সেতুটি এলজিইডির উড়ালসেতুটির একটি অংশ হিসেবে পরে কাজে লাগানো যায়।এসটিপিতে থাকা সময়সূচি অনুযায়ী নগরের যোগাযোগ-অবকাঠামো নির্মাণ না হওয়া প্রসঙ্গে এসটিপি প্রণয়নবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলমগীর মুজিবুল হক জানান, সময়ের বদলের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয়তা বদলে যেতে পারে। এ ক্ষেত্রে প্রকল্প আগে-পরে হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। অর্থ বরাদ্দ আগে পাওয়ার কারণেও কোনো কোনো প্রকল্প আগে শুরু হতে পারে। আবার এসটিপিতে নতুন নতুন প্রকল্পও যুক্ত হতে পারে। কিন্তু প্রকল্প বাস্তবায়নের সময় দেখতে হবে, যাতে সেটি এসটিপির অন্যান্য প্রকল্পের সঙ্গে সাংঘর্ষিক হয়ে না দাঁড়ায়। এমনটি হলে নগরের যোগাযোগব্যবস্থা উন্নয়নের কাজটি কঠিন হয়ে যাবে।এদিকে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক মো. শামসুল হক সমীক্ষার মাধ্যমে দেখেছেন, বর্তমানে বাস্তবায়নাধীন একাধিক উড়ালসেতু এসটিপিতে থাকা বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) ও এমআরটির (ম্যাস র্যাপিড ট্রানজিট) অবকাঠামো নির্মাণে বাধা হয়ে দাঁড়াবে। তাঁর মতে, উড়ালসেতুগুলো এমনভাবে তৈরি হচ্ছে যার জন্য বিআরটি ও এমআরটির অবকাঠামো করার জন্য পর্যাপ্ত জায়গা থাকছে না। এ জন্য যে উড়ালসেতুগুলোর নির্মাণকাজ বন্ধ করে দিতে হবে, তা নয়। কারণ এগুলোর নকশা পরিমার্জনের মাধ্যমে পরিকল্পনায় থাকা বিআরটি ও এমআরটির অবকাঠামো অক্ষুণ্ন রাখার সুযোগ রয়েছে।এ প্রসঙ্গে ডিটিসিবির নির্বাহী পরিচালক ও এসটিপি বাস্তবায়নসংক্রান্ত কমিটির সদস্যসচিব মো. মশিউর রহমান দাবি করেন, বর্তমানে যেসব যোগাযোগ-অবকাঠামো নির্মাণ করা হচ্ছে সেগুলো যাতে এসটিপির প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেসব দিকে তাঁরা লক্ষ রাখছেন।