পরিবহন মালিক শ্রমিক ও জনপ্রতিনিধিরা কী বলেন
জকিগঞ্জ সড়কে যাত্রীদের নানাবিধ হয়রানি আর দুর্ভোগের কথা পরিবহন মালিক ও শ্রমিক নেতা এবং জনপ্রতিনিধরা অপকটে স্বীকারও করেন। সড়ক ও সেতু দুর্ভোগের কারণে যাত্রীসেবার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছে না বলে আলাপচারিতায় তাঁরা প্রথম আলোকে জানান। সিলেট-জকিগঞ্জ রোডে বাস শ্রমিক সংগঠনের সম্পাদক আবদুল মন্নান বলেন, ‘চালকেরা সবসময় যাত্রীসেবার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেন। কিন্তু জকিগঞ্জ সড়কে এত বেশি খানাখন্দ আর সেতুগুলোর বাজে অবস্থা সেখানে চালকদেরই সেবার বিষয়টি নিশ্চিত হচ্ছে না। তাই সবসময় একটা আতঙ্ক নিয়ে গাড়ি চালাতে হয়। মনে হয় যেন এই বুঝি গাড়ি উল্টে পড়ছে। তারপরও অধিক সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে চালকদের গাড়ি চালাতে নির্দেশ দেওয়া রয়েছে।’সিলেট-জকিগঞ্জ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কালাম মিয়া বলেন, ‘সড়কটি পুনঃসংস্কার না করে নতুনভাবে আবার তৈরি করা উচিত। এ সড়কে গাড়ি নিয়ে ট্রিপে যাওয়াটা নরক যন্ত্রণার চেয়েও কম নয়। সংশ্লিষ্টদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত।’ জকিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মো. মোস্তাকিম হায়দার বলেন, ‘জকিগঞ্জবাসীর দুর্ভোগের প্রধান নাম সিলেট-জকিগঞ্জ সড়ক। সড়কটি মেরামত না হওয়ায় প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। রোগী কিংবা শিশুদের নিয়ে এ সড়কে চলাফেরা করা অনেক কষ্টকর। বিষয়টি স্থানীয় সাংসদকে অবহিত করেছি। এ ছাড়া গত কয়েকদিন আগে কয়েকজন প্রকৌশলী নিয়ে সড়কের ভাঙাচোরা অংশ পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কয়েকটি প্রকল্পের মাধ্যমে শিগগিরই সড়কের সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন।’