পরিবহন শ্রমিকদের মুক্তির দাবিতে পঞ্চগড়ে মহাসড়ক চার ঘণ্টা অবরোধ
পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের দুজন সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে পরিবহন শ্রমিকেরা চার ঘণ্টা পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন।এ সময় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকেরা।পরিবহন শ্রমিকেরা জানান, গতকাল রাতে গ্রেপ্তার হওয়া তাঁদের দুই সদস্যকে মুক্তি না দেওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না। শ্রমিকেরা আরও জানান, পুলিশ তাঁদের অন্যায়ভাবে অফিস থেকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, গতকাল রাতে পঞ্চগড় শহরের চৌরঙ্গী এলাকার শহর ট্রাক বন্দোবস্তকারী অফিস থেকে জুয়া খেলার অভিযোগে পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য মো. মনিরুজ্জামান, আবদুল করিমসহ ২৩ জনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা হয়েছে।এ নিয়ে পুলিশ, মোটর মালিক ও পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠকের পর বেলা দুইটায় অবরোধ তুলে নেন শ্রমিকেরা। এ সময় শ্রমিকেরা সহযোগী পুলিশ সুপারের (সার্কেল) অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল করেন।পরে গ্রেপ্তারকৃতদের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে জামিনের আবেদন করা হয়। আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক মো. মিজানুর রহমান তাঁদের জামিন মঞ্জুর করেন।