পরিবহন শ্রমিকেরা জনগণের সেবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধে সড়ক পরিবহন শ্রমিকদেরও অবদান রয়েছে। তারা জনগণের সেবক। তাদের হেয় বা তিরস্কার না করে সেবক হয়ে ওঠার সুযোগ দেওয়া উচিত।গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পাগলার আলীগঞ্জ মাঠে আন্তজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখা আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে।সড়ক দুর্ঘটনা হ্রাস করতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌমন্ত্রী শাজাহান খান অনুষ্ঠানে উপস্থিত পরিবহন শ্রমিক ও চালকদের সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানান। তবে নৌমন্ত্রীর ওই আহ্বান শুনলেন না বাস ও ট্রাক চালকেরা। মন্ত্রীর আহ্বানের পরদিন গতকাল শুক্রবার সরকারি ছুটির দিন রাজধানীতে বাস চাপায় দুই সাংবাদিক, সিলেটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা, ব্যবসায়ী, চিকিৎসকসহ আটজন এবং গাইবান্ধায় ট্রাক চাপায় পাঁচজন নিহত হয়েছেন। সব সময় পরিবহন শ্রমিকদের পক্ষাবলম্বন করা নৌমন্ত্রী অবশ্য তাঁর নিজের ক্ষেত্রে তাঁদের পক্ষ নেননি। গত মাসে গোপালগঞ্জে সাকুরা পরিবহনের একটি বাস তাঁর সরকারি গাড়িকে ধাক্কা দিলে প্রাণে বেঁচে যান মন্ত্রী। দুর্ঘটনার পর পুলিশ ওই বাসের চালককে গ্রেপ্তার করে মামলা দেয় এবং জেলহাজতে পাঠায়। বৃহস্পতিবার পাগলায় ট্রাক চালক ইউনিয়নের ওই অনুষ্ঠানে নৌমন্ত্রী দাবি করেন, চালকদের প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ করে গড়ে তুলতে প্রতিটি জেলায় একটি করে ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করা হচ্ছে। এ জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।নৌমন্ত্রী বলেন, ‘সড়ক পথে দেশের প্রায় ৭০ ভাগ যাত্রী ও মালামাল পরিবহন হয়ে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পরিবহন সেক্টরকে যদি উন্নয়ন ও বিকশিত করতে না পারি তাহলে অর্থনীতিসহ সবকিছু অচল হয়ে যাবে।’বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়ন বৃহত্তর পাগলা শাখার সভাপতি কাউসার আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ বাংলাদেশ ট্রাক চালক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতারা।