পরিবহন-সংকটে নাকাল নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আজ সোমবার সকাল থেকে পরিবহন-সংকট চলছে। এতে বিভিন্ন স্থানে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগে পড়েছে ঢাকাবাসী।বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আজকের সমাবেশকে কেন্দ্র করে এমনিতেই দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে ঢাকার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তার ওপর রাজধানীর ভেতরেও গণপরিবহন চলাচলের ওপর জারি করা হয়েছে অঘোষিত বিধি-নিষেধ। এতে পরিবহন মালিকেরা আজ রাস্তায় তাঁদের যানবাহন নামাননি বলে খবর পাওয়া গেছে।সেফটি পরিবহনের চালক মহসিন জানান, ভাঙচুর ও পুলিশি হয়রানির ভয়ে এবং মালিক নিষেধ করায় তাঁদের বেশির ভাগ গাড়ি আজ রাস্তায় নামানো হয়নি।ভুক্তভোগীরা প্রথম আলো ডটকমকে জানান, অন্য যেকোনো কর্মব্যস্ত দিনের চেয়ে আজ সকাল থেকে ঢাকার রাস্তায় নিয়মিত বাস, সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সি ক্যাবসহ সব ধরনের গণপরিবহনের সংখ্যা খুব কম। এতে কর্মস্থলমুখী হাজার হাজার মানুষ বিপদে পড়েছে।মিরপুর, উত্তরা, মতিঝিল সব রাজধানীর সব জায়গায় অসংখ্য যাত্রীকে যানবাহনের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলায় অনেক যাত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।রাস্তায় অপেক্ষমাণ মানুষকে একপর্যায়ে হেঁটে, রিকশা-ভ্যান বা ঝুঁকি নিয়ে পিকআপে চড়ে গন্তব্যে যেতে দেখা গেছে। যানবাহন না পেয়ে কেউ কেউ আবার বাড়িতে ফিরে গেছেন।পরিবহন-সংকটের দুর্ভোগের সঙ্গে যুক্ত হয়েছে প্রখর রোদের আঁচ ও ভাপসা গরম। সব মিলিয়ে নাকাল হচ্ছে সাধারণ মানুষ।