পরিবহন সংকটে শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পরও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন সমস্যার নিরসন হয়নি। ফলে পরিবহনক্ষেত্রে আবাসিক-অনাবাসিক সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ক্যাম্পাসসূত্রে জানা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বড় বাস, দুটি মিনিবাস, দুটি মাইক্রোবাস, একটি অ্যাম্বুলেন্স ও তিনটি পাজেরো গাড়ি নিয়ে কোনোরকমে চালানো হচ্ছে পরিবহন কার্যক্রম। এর মধ্যে বাস ও মিনি বাস দুটি বরাদ্দ দেওয়া হয়েছে ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য। পাজেরো জিপ তিনটি ব্যবহার করে থাকেন উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তারা এবং অ্যাম্বুলেন্সটি মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ছাত্রছাত্রীর মধ্যে প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রীই অনাবাসিক। কিন্তু ক্যাম্পাস খোলার দিনগুলোতে ক্যাম্পাস টু পটুয়াখালী রুটে সকাল-বিকেল শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারী পরিবহনের কাজে একটি মাত্র বাস বরাদ্দ দেওয়া হয়েছে। বাসের ধারণক্ষমতার চেয়ে যাত্রীসংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের ভোগান্তির সীমা থাকে না। অনাবাসিক শিক্ষার্থীদের ভোগান্তি যেন নিয়মিত। প্রায়ই বাস নষ্ট থাকায় দীর্ঘসময় মাইক্রোবাসে করে কয়েক ধাপে পটুয়াখালী আসা-যাওয়া করতে দেখা যায়। এ ছাড়া প্রায়ই পটুয়াখালী থেকে বিলম্বে বাস ছাড়ায় সময়মতো ক্যাম্পাসে পৌঁছে সকালের ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারেন না শিক্ষার্থীরা। এদিকে ৪৫ কিমি দূরবর্তী বিভাগীয় শহর বরিশালে সপ্তাহে মাত্র একদিন (শনিবার) বাস সার্ভিস চালু আছে। তাও ‘এক সপ্তাহ শিক্ষার্থীদের, পরের সপ্তাহ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের’ এমন রোটেশনে বরাদ্দ। কিন্তু প্রতি সপ্তাহেই শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাই বরিশাল আসা-যাওয়া করায় শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জায়গা দিতে গিয়ে বাসে স্থান হয় না বেশির ভাগ শিক্ষার্থীর। তার ওপর মাঝেমধ্যেই অনেক বহিরাগতও বাসে উঠে বসে। ফলে শিক্ষার্থীদের ভোগান্তি চরম আকার ধারণ করে। প্রতি সেশনে পরিবহন খাত বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। বিবিএর শিক্ষার্থী মো. সুমন বলেন, ‘বাসে যাতায়াতের জন্য আমাদের কাছ থেকে প্রতিবার ভাড়া নেওয়া হয়। কিন্তু সেবার পরিবর্তে দুর্ভোগটাই বেশি। নিয়মিত অন্তত দুটি ভালো বাসের ব্যবস্থা করলে এ দুর্ভোগ হয়তো থাকবে না।’বরিশালের বাসিন্দা শিক্ষার্থী অলিউল ইসলাম বলেন, ‘বরিশালের সাথে নিয়মিত বাস সার্ভিস চালু করলে অনেকেই বরিশাল থেকে এসে ক্লাস করত। এতে করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকটও অনেকাংশে দূর হতো।’ কৃষি অনুষদের শিক্ষার্থী রেজা বলেন, ‘পূর্বে দিলেও বর্তমানে শিক্ষা সফর কিংবা কোন ট্যুরের জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাস দেওয়া হয় না।’ বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগের একজন কর্মকর্তা (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর জীবনের মেয়াদ বোধ হয় শেষ। তাই মেরামত করলেও বেশি দিন সচল থাকে না। এ ছাড়া গাড়িগুলোতে অতিরিক্ত চাপ পড়ায় সচল গাড়িগুলোও ক্রমশ অচলাবস্থার দিকে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, বিগত সরকারের সময় সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে রাষ্ট্রীয়ভাবে একটি করে বাস দেওয়া হলেও এ বিশ্ববিদ্যালয়কে তা দেওয়া হয়নি।’ বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কো-অর্ডিনেটর গোলাম রব্বানী আকন্দ বলেন, ‘আমাদের পরিবহনক্ষেত্রে সমস্যা আছে ঠিকই, তবে তা নিরসনে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব শিগগিরই একটি বড় বাস ও একটি মিনিবাস ক্রয় করা হবে। এ ছাড়া পুরোনো ও অচল গাড়িগুলো অতিসত্বর মেরামত ও সচল করা হবে।’