পরিবহনমালিককে পেটালেন শ্রমিকেরা
রাজশাহীতে ছিনতাইয়ের অভিযোগ তুলে কিষাণ স্পেশাল পরিবহনের মালিক নূপুর সাহাকে পিটিয়েছেন মোটরশ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। পরে পুলিশ নূপুর সাহার বিরুদ্ধে ডাকাতির মামলা করেছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিত্সাধীন নূপুর সাহা প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে তিনি নগরের শিরোইল বাস টার্মিনালের পূর্ব পাশে হোটেল হকস ইন্টারন্যাশনালের সামনে ইয়াছিন আলী নামের এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা নিয়ে আবার বাস টার্মিনালে ফিরছিলেন। পথে ১০ থেকে ১২ জনের একটি দল তাঁকে জোর করে অটোরিকশায় তুলে বাস টার্মিনালের মোটরশ্রমিক ইউনিয়নের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেনসহ ১৫ থেকে ১৬ জন লাঠি দিয়ে তাঁকে বেধড়ক পেটায়। এ সময় তাঁর কাছ থেকে ৬৬ হাজার টাকা, সোনার চেইন ও দুটি মুঠোফোন কেড়ে নেওয়া হয়। এরপর রাত ১০টার দিকে কামাল হোসেন বোয়ালিয়া থানায় খবর দিয়ে পুলিশ ডেকে আনেন। পুলিশ আসার পর তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া টাকার মধ্য থেকে ২১ হাজার টাকা জোর করে হাতে ধরিয়ে দিয়ে ছবি তুলে ছিনতাইকারী হিসেবে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নূপুর সাহা আরও জানান, রাত ১১টার দিকে তাঁকে থানায় নেওয়া হয়। কিন্তু মারধরে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাঁকে পুলিশি পাহারায় হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি জানান, এ বছরের ২২ ফেব্রুয়ারি তাঁর মালিকানাধীন বাস কাউন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও মারপিটের অভিযোগে মোটরশ্রমিক ইউনিয়নের চারজনের বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন। এর শোধ নিতেই তাঁকে পিটিয়ে ছিনতাইকারী বানানো হয়েছে। নূপুর সাহা আরও অভিযোগ করেন, ওই সময় তাঁর মামলা পুলিশ নেয়নি। এ ব্যাপারে রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন বলেন, ইউনিয়নের দপ্তর সম্পাদক আবদুল মমিনের আত্মীয়ের কাছ থেকে গতকাল রোববার রাতে নূপুর সাহা ও একটি ছেলে টাকা ছিনতাই করে। এই টাকাসহ ধরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মারধর করার ব্যাপারে তিনি বলেন, ‘ধরার সময় তো হালকা মারধর হতেই পারে। তবে হাসপাতালে ভর্তি হওয়ার মতো মারধর তাঁকে করা হয়নি। এখন বাঁচার জন্য তিনি হয়তো ভর্তি হয়েছেন।’ বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘ছিনতাইয়ের টাকাসহ লোকজন তাঁকে ধরেছিল। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে এনেছে। তখন তাঁর পক্ষে কেউ কোনো কথা বলেনি। তাঁর নামে ডাকাতি মামলা হয়ে গেছে। এখন বলছে ঘটনা সাজানো।’ তিনি বলেন, ‘তদন্ত করে দেখার পর প্রকৃত ঘটনা বলতে পারব।’