পরিবাগে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু, গৃহকর্তা আটক
রাজধানীর পরিবাগে আজ বৃহস্পতিবার ভোরে মোর্শেদা আক্তার (১৪) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা মাহমুদ চৌধুরী শুভ্রকে আটক করেছে।শাহবাগ থানা ও হাসপাতাল সূত্র জানায়, আজ ভোরে পরিবাগের প্রিয়াঙ্গন অ্যাপার্টমেন্টের চতুর্থ তলা থেকে ওই বাসার লোকজন গৃহকর্মী মোর্শেদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। মোর্শেদার গৃহকর্তা মাহমুদ চৌধুরী সাভার কলেজের কম্পিউটার বিভাগের প্রভাষক। তিনি পুলিশকে বলেন, বুধবার রাতের খাবারের পর মোর্শেদার সঙ্গে বাসার আরেকজন গৃহকর্মী একই কক্ষে ঘুমাতে যায়। পরদিন সকাল থেকে তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ওই বাসার একটি বাথরুমের দরজা ভেতর থেকে ছিটকিনি আটকানো অবস্থায় দেখা যায়। সন্দেহ হলে দরজা ভেঙে দেখা যায়, মোর্শেদা বাথরুমের মেঝেতে পড়ে আছে। হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় গৃহকর্তা মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোর্শেদা ময়মনসিংহের ধোপাউড়া গ্রামের আবদুল সাধুর মেয়ে।