ক্ষতিগ্রস্ত হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আট হাজার ৫০৭টি পদ শূন্য
জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। অথচ এই অধিদপ্তরের কেন্দ্র থেকে মাঠপর্যায়ে মোট আট হাজার ৫০৭টি (১৬ শতাংশ) পদ শূন্য রয়েছে। বর্তমান সরকারের প্রায় দুই বছরে এ অধিদপ্তরে কোনো নিয়োগ হয়নি। অধিদপ্তরের ক্যাডারভুক্ত কর্মকর্তাদের পদোন্নতিও হচ্ছে না। অধিদপ্তরে আধিক্য ও প্রাধান্য বাড়ছে স্বাস্থ্য ও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের।অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা ও বিশেষজ্ঞরা বলেছেন, পদ শূন্য থাকা এবং যোগ্য লোক না থাকায় জনসংখ্যা কার্যক্রম কার্যত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অনিয়ম-দুর্নীতি। এসব দূর করতে সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ প্রয়োজন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক এ কে এম নূর-উন-নবী বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও জন্মনিয়ন্ত্রণ কর্মসূচিতে নেতৃত্বের সংকট চলছে। ভুল মানুষকে ভুল জায়গায় বসানো হচ্ছে। জনবল ব্যবস্থাপনায় নৈরাজ্য চলছে। এই পরিস্থিতিতে জনসংখ্যা সমস্যা মোকাবিলা করা কঠিন হয়ে পড়ছে।শূন্যপদ ও অনিয়ম: পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অনুমোদিত পদের সংখ্যা ৫২ হাজার ৩৬৭। গত ৩০ জানুয়ারি অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তর থেকে দেওয়া হিসাব অনুযায়ী কেন্দ্র থেকে মাঠপর্যায়ে মোট আট হাজার ৫০৭টি পদ শূন্য রয়েছে। ৩৬ ধরনের পদের মধ্যে পরিবারকল্যাণ পরিদর্শিকার (এফডব্লিউভি) এক হাজার ১৩৩টি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের (এফপিআই) এক হাজার ৬৮১টি এবং পরিবারকল্যাণ সহকারীর (এফডব্লিউএ) দুই হাজার ২১১টি পদ শূন্য। এই তিন পদে কর্মরত ব্যক্তিরাই মূলত মাঠপর্যায়ে মানুষকে সেবা দেন।সরকারের জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক পরিচালক (গবেষণা) আহমেদ-আল-সাবির প্রথম আলোকে বলেন, বিপুলসংখ্যক মাঠকর্মীর পদ শূন্য থাকার নেতিবাচক প্রভাব পড়ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচিতে। মানুষ সেবা পাচ্ছে না।নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, জেলা পর্যায়ে জন্মনিয়ন্ত্রণ কর্মকাণ্ড পরিচালনার মূল দায়িত্ব উপপরিচালকের। তাঁকে প্রশাসনিক, আর্থিক কাজ-কর্ম দেখার পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নও দেখতে হয়। কিন্তু কোনো জেলায় এই পদে লোক নেই। এ কারণে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কর্মসূচির অবলোকন ও মূল্যায়ন হচ্ছে না। সম্প্রতি মাঠপর্যায়ের তদন্ত করে ব্যাপক অনিয়ম পেয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ নিয়ে সংবাদপত্রে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।নিয়োগের উদ্যোগ, অনিয়মের অভিযোগ: অধিদপ্তর গত বছরের শেষ দিকে ৬৫০ জন পরিবারকল্যাণ পরিদর্শিকা নিয়োগের উদ্যোগ নেয়। ৫ নভেম্বর এই পদের নিয়োগ পরীক্ষায় অংশ নেন ২১ হাজার ২৮৫ জন প্রার্থী। এক সপ্তাহের মধ্যে এই নিয়োগ চূড়ান্ত করার কথা ছিল। সূত্র জানায়, ৬ নভেম্বর স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক অধিদপ্তরে গেলে আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎ সকদের সংগঠন স্বাধীনতা চিকিৎ সক পরিষদের (স্বাচিপ) এক নেতার নেতৃত্বে কিছু কর্মকর্তা পরীক্ষায় অনিয়মের অভিযোগ করেন। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি হয়।অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) গনেশ চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটি দেখেছে পরীক্ষায় অনিয়ম হয়নি। তবে ব্যবস্থাপনায় কিছু দুর্বলতা ছিল।নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের একজন পরিচালক বলেন, প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে যায় আধা ঘণ্টা পর। তবে প্রশ্নপত্র ফাঁস হয়নি বা কেউ বাড়তি সুবিধা পায়নি।অভিযোগ উঠেছে, নিয়োগ কমিটির সভাপতিকে (পরিচালক-প্রশাসন) ৫০০ ‘নিজেদের লোক’ নিয়োগের জন্য চাপ দেয় অধিদপ্তরের প্রভাবশালী একটি চক্র। তিনি এতে রাজি না হওয়ায় পরীক্ষায় অনিয়মের অভিযোগ তোলা হয়। পরে ওই কর্মকর্তাকে বদলিও করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেষণে আসা মেডিকেল কর্মকর্তা স্বাচিপের নেতাকে পরিচালকের (প্রশাসন) দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবারকল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগের প্রক্রিয়া এখন চূড়ান্ত করা হচ্ছে।এক পদে এক যুগ: একটি উপজেলায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা গত সপ্তাহে প্রথম আলো কার্যালয়ে আসেন। তিনি বলেন, ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ১৯৯৯ সালে পরিবার পরিকল্পনা ক্যাডারে যোগ দিয়েছিলেন। নিয়োগের পর থেকে তিনি ১২ বছর একই পদে আছেন, পদোন্নতি হয়নি। ২২তম বিসিএসে উত্তীর্ণ হওয়া জুনিয়রদের অধীনে কাজ করতে হচ্ছে। ম্লান মুখে তিনি বলেন, ‘আমাদের কোনো ভবিষ্যৎ নেই।’জানা যায়, অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) প্রশাসন ক্যাডার থেকে আসা। নয়টি পরিচালক পদে পরিবার পরিকল্পনা ক্যাডারের কর্মকর্তা নেই। বিভাগীয় পর্যায়ে ছয়টি পরিচালকের পদে এবং জেলা পর্যায়ের ৬৪টি পদের মধ্যে ৫৩টি উপপরিচালকের পদেও প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এদিকে কেন্দ্রে (১৬টি) ও জেলা পর্যায়ে (৬৪টি) সহকারী পরিচালকের ৮০টি পদ ১০ বছর ধরে শূন্য।বঞ্চিত কর্মকর্তারা বলেছেন, যথাযথ পদোন্নতি হলে পরিচালক বা উপপরিচালক হতেন, এ রকম কর্মকর্তা আছেন ১০৩ জন। এঁরা সিনিয়র স্কেলে পদোন্নতির পরীক্ষায় উত্তীর্ণ হলেও সিনিয়র স্কেলে আর্থিক সুবিধা ও পদোন্নতি পাচ্ছেন না।হাইকোর্ট এসব কর্মকর্তাকে পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশ দিলেও মন্ত্রণালয় তা দিচ্ছে না।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উচ্চপদস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ ব্যাপারে বলেন, ‘হাইকোর্টের নির্দেশ তো অমান্য করা যাবে না। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’চিকিৎ সকদের প্রাধান্য: সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৮ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎ সকদের প্রেষণে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আনা শুরু হয়। জন্মনিয়ন্ত্রণের দীর্ঘমেয়াদি অস্থায়ী ও স্থায়ী পদ্ধতি ব্যবহারে সহায়তা করতে তাঁদের আনা হতো। কিন্তু প্রেষণে আনা অনেক চিকিৎ সককে পরে স্বাস্থ্য অধিদপ্তরে ফেরত পাঠানো হয়নি। এঁদের অনেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদে থেকে গেছেন। ফলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তাদের পদোন্নতি আটকে আছে।জানা যায়, অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন)—একই সঙ্গে এই দুই পদে থাকা ব্যক্তিও স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেষণে আসা একজন মেডিকেল অফিসার।সূত্র জানায়, অধিদপ্তরের একজন যোগ্য কর্মকর্তা পদোন্নতি পেয়ে পরিচালক হয়েছিলেন। এরপর আর পদোন্নতি পাননি। ৩৪ বছর কাজ করে সম্প্রতি অবসরে গেছেন তিনি। যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতি অন্যায় করা হয়েছে।’বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাফল্য অর্জন করেছিল মূলত সচেতনতা বৃদ্ধি ও বাড়ি বাড়ি সেবা পৌঁছে দেওয়ার কারণে। কর্মকাণ্ড অনেকটা সামাজিক আন্দোলনের রূপ নিয়েছিল। সে ক্ষেত্রে চিকিৎ সকদের ভূমিকা ছিল সহায়কের। এখন চিকিৎ সকদের ভূমিকাকে মুখ্য করে দেখানোর চেষ্টা চলছে। এতে কর্মসূচির ক্ষতি হচ্ছে।স্বাস্থ্য ও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ প্রসঙ্গে এ কে এম নূর-উন-নবী বলেন, হঠাৎ করে বাইরে থেকে লোক এনে বসালে কর্মসূচির গতি নষ্ট হয়। কর্মসূচি বুঝে উঠতে উঠতেই তাঁকে বদলি করে নতুন একজনকে বসানো হয়। অন্যদিকে অধিদপ্তরের নিজস্ব যোগ্য লোকদের পদোন্নতি দেওয়া হচ্ছে না। এতে অনেকের মনোবল ভেঙে যাচ্ছে।