পরিবার পরিকল্পনা কার্যক্রমে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলার ৩৮টি ইউনিয়নে ৩৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে। এসব স্বাস্থ্যকেন্দ্রে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর সাধারণ রোগব্যাধি ও প্রজননস্বাস্থ্য-সেবার কার্যক্রম চলে। কিন্তু প্রয়োজনীয় ওষুধপত্র, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী না থাকায় এখন এসব স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। সেই সঙ্গে গ্রামীণ নারীরা পরিবার পরিকল্পনা-সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবার পরিকল্পনা বিভাগের আওতায় জেলা সদরে একটি মা ও শিশুকেন্দ্র এবং পাঁচটি উপজেলায় ৩৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র রয়েছে। কিন্তু জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালকের পদটিও অনেক দিন ধরে শূন্য রয়েছে। এ ছাড়া সহকারী পরিচালক দুজন, অফিস তত্ত্বাবধায়ক, হিসাবরক্ষক, ভান্ডাররক্ষক পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য। জেলা পরিবার পকিল্পনা কার্যালয়ে উপপরিচালক ও সহকারী পরিচালকসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকলেও সেখানে কর্মরত আছেন মাত্র পাঁচজন। বাকি ১০টি পদই শূন্য রয়েছে। পাঁচটি উপজেলায় পাঁচজন পরিবারকল্যাণ কর্মকর্তার পদ থাকলেও আমতলী, বেতাগী ও পাথরঘাটা উপজেলায় এই পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগে ছয়জন চিকিৎসকের পদ থাকলেও সেখানে তিনটি পদ শূন্য রয়েছে।এ ছাড়া জেলার পাঁচটি উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৪৭৮ জনের পদ থাকলেও সেখানে কর্মরত আছেন ৩৫৬ জন। এসব উপজেলায় ১২২ জনের পদ শূন্য রয়েছে। এর মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পাঁচটি পদের মধ্যে তিনটিই শূন্য। উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তার পাঁচটি পদের মধ্যে দুটি শূন্য রয়েছে। ১৫ জন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারীর মধ্যে কর্মরত আছেন ১০ জন, উপজেলা সহকারী মেডিকেল অফিসার (কমিউনিটি) ২৫ জনের স্থলে কর্মরত আছেন ২০ জন, ২০ জন ফার্মাসিস্টের মধ্যে ২০টি পদই শূন্য রয়েছে। মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা-সেবা পৌঁছে দিতে ৪৯ পরিবার কল্যাণ পরিদর্শিকার মধ্যে কর্মরত আছেন ৪২ জন, ৩৯ জন পরিবারকল্যাণ পরিদর্শকের অনুকূলে বর্তমানে কর্মরত আছেন ২৫ জন, ২১৪ জন পরিবারকল্যাণ সহকারীর মধ্যে কর্মরত আছেন ১৯৭ জন, ফিমেল মেডিকেল অ্যাটেনডেন্টের একজনের পদ থাকলেও দীর্ঘদিন সেটি শূন্য রয়েছে। এ ছাড়া ৩৯ জন আয়ার মধ্যে কর্মরত আছেন ২১ জন, ধাত্রী নার্স ছয়জনের স্থলে কর্মরত আছেন মাত্র দুজন। বরগুনা সদর উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মো. ইউনুস বলেন, ‘বরগুনা শহরের বরইতলা এলাকায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে একজন মাত্র চিকিৎসক পুরো কেন্দ্রের কাজ চালাচ্ছেন। অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) না থাকায় এখানে সিজারিয়ান অপারেশন করা সম্ভব হচ্ছে না। মা ও শিশুকল্যাণ কেন্দ্রে যাওয়ার রাস্তাটি ভাঙাচোরা থাকায় কোনো প্রসূতি ও গর্ভবতী রোগী এই হাসপাতালে আসতে চান না।’