নরসিংদীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ছয়জনের মধ্যে দুজন ছাত্র। এরা হলো নরসিংদী শহরের দক্ষিণ বিলাসদী এলাকার হোসেন মোল্লার ছেলে নাহিদ মোল্লা ও ভেলানগর এলাকার আবুল হাসেমের ছেলে আরিফ মিয়া।র্যাব জানায়, গত সোমবার দুপুরে নরসিংদী সদর উপজেলার নরসিংদী-মদনগঞ্জ সড়কের খাটেহারা নামক স্থানে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয়জন নিহত হয়। র্যাবের দাবি, এরা সবাই ছিনতাইকারী। নিহত অন্য চারজন হলো: সদর উপজেলার পাঁচদোনা এলাকার আবদুল আউয়ালের ছেলে মাইক্রোবাসচালক মোশারফ হোসেন, শিবপুরের বান্দারদিয়া গ্রামের গিয়াস উদ্দিন আফ্রাদের ছেলে মাসুদ আফ্রাদ, পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের আক্কাছ উদ্দিনের ছেলে জামাল মিয়া ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়ার সাইদুর রহমান। তবে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এরা ছিনতাইকারী নয়।গতকাল বেলা দেড়টায় নাহিদ মোল্লার বাড়িতে গিয়ে জানা যায়, নাহিদ নরসিংদী মীর এমদাদ স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ভালো কলেজে ভর্তির জন্য কোচিং করছিল। দুই ভাই ও এক বোনের মধ্যে সে বড়।কথা হয় নাহিদের চাচা ইদন মোল্লার সঙ্গে। তিনি জানান, পারিবারিক একটি বিবাদে প্রতিপক্ষ নাহিদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। সোমবার সকাল ১০টার দিকে সে হাসপাতালে চিকিৎসার জন্য যায়। হাসপাতালে থাকা অবস্থায় শাওন মিয়া নামের এক ব্যক্তি তাকে ফোন করে অবস্থান সম্পর্কে জানতে চায়। পরে হাসপাতাল থেকে নাহিদ বাড়িতে চলে আসে। দুপুর পৌনে একটার দিকে শাওন, আরিফ ও শামীম নামের তিনজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর তার আর বাড়ি ফেরা হয়নি। সন্ধ্যায় মৃত্যুর খবর আসে।নাহিদের মা নাসিমা বেগম বিলাপ করে বলেন, ‘এ কী করল র্যাব? আমার ছেলেকে গুলি করে মারল! আমার ছেলে কোনো খারাপ কাজ করত না। তার পরও কেন আমার ছেলেকে মরতে হলো?’একই অবস্থা শহরের ভেলানগর এলাকার আবুল হোসেনের ছেলে আরিফ মিয়ার বাড়িতে। র্যাবের গুলিতে ছেলে হারানোর শোকে মা জুলেখা বেগম আহাজারি করছেন। আশপাশের লোকজন তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। বারবার মূর্ছা যান তিনি। শোকে বিহ্বল তার বাবা আবুল হাসেম।বাড়িতে কথা হয় আরিফের চাচাতো ভাই হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, আরিফ কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন স্কুল থেকে এবার এসএসসিতে এক বিষয়ে পরীক্ষা দিয়েছে। তিন দিন তাবলিগ জামায়াতে কাটিয়ে রোববার বাড়িতে ফিরে আসে। ঘটনার দিন সোমবার সে সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়িতেই ছিল। দুপুর ১২টার দিকে হঠাৎ নানির বাড়ি মাধবদীতে যাওয়ার কথা বলে বাবার কাছ থেকে সে ৫০ টাকা নেয়। সন্ধ্যায় তার মৃত্যুর খবর আসে। আরিফ দুই ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয়।নিহত আরিফের বাবা আবুল হোসেন বলেন, ‘আরিফের স্বপ্ন ছিল বিদেশে যাওয়ার। এ জন্য সে পাসপোর্ট করেছে। কিন্তু বিদেশে যাওয়া আর হলো না। আমার ছেলে অপরাধী নয়। কেন আমার ছেলেকে মরতে হলো?’সদর হাসপাতালের মর্গের সামনে কথা হয় নিহত মোশাররফের খালা শাহিনূর বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘মোশাররফ ভাড়ায় মাইক্রোবাস চালাত। সোমবার সকালে নাশতা খেয়ে সে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় হঠাৎ গাড়ির মালিক আনোয়ার হোসেনের ছেলে নয়ন আমাদের বাড়িতে এসে তার কোনো খবর আছে কি না জানতে চায়। তখন আমরা তার মোবাইল বন্ধ পাই। পরে খোঁজ নিয়ে জানতে পারি, সে র্যাবের গুলিতে মারা গেছে।’নরসিংদী সদর হাসপাতাল মর্গে কথা হয় নিহত মাসুদ আফ্রাদের বাবা গিয়াস আফ্রাদের সঙ্গে। তিনি বলেন, ‘ছেলের সঙ্গে আমার দেখা হলো অনেক দিন পরে। তাও আবার ছেলের লাশের সঙ্গে। সে মূলত ট্রাক চালায়। সে আমার সাথে রাগ করে ১২ বছর আগে বাড়ি থেকে চলে যায়। পরে আমাদের অমতে শিবপুরে বিয়ে করে। সেখানেই থাকে। ছেলের মৃত্যুর খবর শুনে লাশ নিতে এইখানে (হাসপাতালে) আসছি।’ব্যবসায়ীর বক্তব্য: ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী মারুফ হোসেন রাজধানীর শ্যামপুরের রায়েরবাগ এলাকায় থাকেন। তিনি মুঠোফোনে বলেন, ব্যক্তিগত প্রয়োজনে সোমবার নরসিংদীতে ভাতিজা পালামের কাছে যান। বেলা ১১টার দিকে তিনি ও পালাম ইসলামী ব্যাংকের স্থানীয় শাখা থেকে ৪০ হাজার টাকা তোলেন। এরপর তাঁরা ট্যাক্সিক্যাবে করে ঢাকায় ফিরছিলেন। পথে নরসিংদীর সালিধার ঈদগা মাঠ এলাকায় একটি সাদা রঙের মাইক্রোবাস তাদের গতি রোধ করে। কয়েকজন ছিনতাইকারী ছুরিকাঘাত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। তিনি স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর নরসিংদী থানায় অভিযোগ করেন। এরপর বিষয়টি র্যাবকে জানান। তারপর কী ঘটেছে, সেটা তাঁর জানা নেই।মামলা: শিবপুর উপজেলার কারারচর এলাকার নোয়াকান্দা গ্রামের আক্কাস উদ্দিনের ছেলে জামাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মারামারির অভিযোগে চারটি মামলা রয়েছে। এর আগে সদর থানার একটি অস্ত্র মামলায় আট বছর কারাভোগ করেন তিনি।পাঁচদোনা এলাকার আবদুল আউয়ালের ছেলে মাইক্রোবাসের চালক নিহত মোশারফ হেসেনের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা ও লাশ গুম করার অপরাধে একটি মামলা রয়েছে।উপজেলার বিলাসদী মহল্লার হোসেন মোল্লার ছেলে নিহত নাহিদ মিয়ার বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় একটি মারামারির মামলা রয়েছে এবং ভেলানগর মহল্লার আবুল হাসেমের ছেলে নিহত আরিফ মিয়ার বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মারামারির মামলা রয়েছে।আর শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকার গিয়াস আফ্রাদের ছেলে নিহত মাসুম আফ্রাদ ও রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার নিহত সাইদুর রহমানের বিরুদ্ধে কোনো মামলা পাওয়া যায়নি। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) জামাল উদ্দিন বাদী হয়ে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে তিনটি মামলা করেছেন।