পরিবারকল্যাণকেন্দ্রটি কাজে আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রটির কার্যক্রম কাগজে-কলমে থাকলেও বাস্তবে নেই।এলাকার মা ও শিশুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে সেবাদানের লক্ষ্যে আরাজি শিমুলবাড়ী গ্রামে ৪৫ শতাংশ জমির ওপর ১৯৮০ সালে এ কেন্দ্রটি স্থাপন করা হয়। সেখানে একটি ক্লিনিকের জন্য পাকা ভবন নির্মাণ করে ক্লিনিকের পাশে একটি টিনশেডের ছয় কক্ষবিশিষ্ট পাকা ভবন নির্মাণ করা হয়। ক্লিনিকটি স্থাপনের পর সেখানে প্রয়োজনীয় জনবল নিয়োগ করে মা ও শিশুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক যাবতীয় সেবা দেওয়া হতো। কিন্তু দিনে দিনে ক্লিনিকটির কার্যক্রম কাগজে-কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে। ভিজিটর ও স্যাকমোর জন্য থাকার কোয়ার্টারগুলোর দরজা-জানালা এবং ওপরের চালার কিছু টিন খোয়া গেছে। একমাত্র ভিজিটর কখনো কখনো আসেন অধিকাংশ সময়।সেখানে কর্মরত এমএলএসএস লুৎফর রহমান সেখানকার দায়িত্বে থাকলেও তিনি ব্যস্ত তাঁর ব্যবসা নিয়ে। সে কারণে স্বাস্থ্য ক্লিনিকটি বন্ধ থাকে মাসের বেশির ভাগ সময়। ক্লিনিকের ছাদে চলে এলাকাবাসীর ধান শুকানোর কাজ। আর ক্লিনিকের সামনের প্রায় ১৫ শতাংশ আবাদী জমি বর্গা দিয়েছেন লুৎফর। এলাকাবাসীর অভিযোগ, প্রায় সাত-আট বছর আগে সেখানে সেবা পাওয়া গেলেও এখন সবকিছু বন্ধ হয়ে গেছে।২৪ নভেম্বর সরেজমিনে গিয়ে কথা হয় ক্লিনিকের পাশের আরাজি শিমুলবাড়ী গ্রামের খলিলুর রহমানের (৬৫) সঙ্গে। তিনি বলেন, ‘ক্লিনিকের সামনের এ জমিটা আমার ছেলে মিজানুর তামাক ও ধান চাষ করে এবং লুৎফর এর ভাগ নেয়। ১৯৮০ সালে এ ক্লিনিকটা করার পর এখানে ডাক্তার (স্যাকমো) ভিজিটর থাকত। সব সময় সেবা পাওয়া যেত। এখন সপ্তাহে কোনো কোনো দিন ভিজিটর এসে দু-তিন ঘণ্টা থাকার পর চলি যায়। আর ছয় রুমের এ ঘরটায় এখন কেউ না থাকায় দরজা জানালা খোয়া গেছে। ভেতরে মানুষ মল ত্যাগ করে নোংরা করে রেখেছে।’গ্রামের মমিনুরের স্ত্রী রফিকা (৩০) বলেন, ‘ভিজিটর গোলমুন্ডা থাকি সপ্তাহে একদিন আইসে কাখো ওষুধ দেয়, আবার কাখো দেয় না।’মিজানুর রহমান (৪০) জানান, লুৎফর ক্লিনিকটা দেখাশোনা করেন। সপ্তাহে একদিন ভিজিটর এলে লুৎফর ক্লিনিক খোলে, না হলে সে তাঁর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। লুৎফর ডিয়াবাড়ী বাজারে ইলেকট্রিক সামগ্রীর দোকান করেন বলেও জানান তিনি। মিজানুর আরও জানান, ক্লিনিকের সামনের জমি আমি চাষাবাদ করি, লুৎফর ভাগ নেন। এবার ধান ভালো না হওয়ায় লুৎফর ৬০০ টাকা নিয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, ‘ওই জমিতে চাষাবাদের পাশাপাশি আমি ক্লিনিকের জমিতে বেশ কিছু গাছ লাগিয়েছি, যা এখন অনেক বড় হয়েছে। ওই গাছ এখন সরকারের বলেও দাবি করেন তিনি। পরিত্যক্ত ভবনের জানালা-দরজা ও টিন লুৎফর তাঁর নিজ বাড়িতে নিয়ে গেছে।’ওই ওয়ার্ডের সদস্য আনিছুর রহমান বলেন, ‘১৯৮০ সালে ওই পরিবারকল্যাণকেন্দ্রটি প্রতিষ্ঠার পর সেখানে ডাক্তার-কম্পাউন্ডার সবে ছিলেন। তাঁরা সেখানে কোয়ার্টারে থাকতেন। দু-চার বছর চলার পর অচল হয়ে পড়ছে। আমি বিষয়টি মন্ত্রণালয় পর্যন্ত জানিয়েছি। সরকার কোনো অ্যাকশন নেয় না।’এ ব্যাপারে মুঠোফোনে এমএলএসএস লুৎফর রহমানের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আমি অফিসের কাজে জলঢাকা উপজেলা শহরে এসেছি।’ তিনি বলেন, সেখানে সন্ধ্যা রানী নামের একজন ভিজিটর অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি শনিবার ও মঙ্গলবার ক্লিনিকে যান। প্রতিদিন ক্লিনিক বন্ধ থাকার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘আমি প্রতিদিন সকালে ক্লিনিক খুলে আবার সময়মতো বন্ধ করি।’ নিজের ব্যবসা দেখার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমি অফিস সময়ের পরে দোকানে বসি। সামনের জমি বর্গা দেওয়ার কথা স্বীকার করে বলেন, ওই জায়গায় আমি গাছ লাগিয়েছি।’ পরিত্যাক্ত ভবনের দরজা-জানালা স্টোরে আছে বলে দাবি করেন তিনি।এ ব্যাপারে কথা বললে জলঢাকা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আহসানুল হক বলেন, ওই স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রে একজন ভিজিটর, একজন ফার্মাসিস্ট, একজন আয়া ও একজন এমএলএসএসের পদ রয়েছে। কিন্তু জনবল না থাকায় গোলমুন্ডা ইউনিয়নের একজন ভিজিটরকে সেখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সপ্তাহে এক-দুই দিন সেখানে অফিস করেন এবং এমএলএসএস লুৎফর রহমান সেখানে সব সময় থাকেন। এলাকাবাসীর অভিযোগের বিষয়ে তিনি বলেন, সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে এর সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেব।এ ব্যাপারে কথা বললে নীলফামারী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক (ডিডি) আফ্রোজা বেগম বলেন, জলঢাকা উপজেলায় ভিজিটর খুবই কম। তাই গোলমুন্ডার ভিজিটরকে সেখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য পদেও জনবল-সংকট রয়েছে। নতুন করে নিয়োগ না হলে সেখানে লোক দেওয়া সম্ভব নয়।