ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির মুখে সংগীত বিভাগের সদ্যপ্রয়াত অধ্যাপক মৃদুলকান্তির পরিবারকে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল ৫০ লাখ টাকা সহায়তা দিয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সভা শেষে ল্যাবএইড কর্তৃপক্ষ সংগীত বিভাগের চেয়ারম্যানের কাছে একটি চেক হস্তান্তর করে। তবে গণমাধ্যমে বিবৃতি দিয়ে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার যে দাবি শিক্ষার্থীরা জানিয়েছিলেন, তা তারা মেনে নেয়নি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজ বিকেল চারটায় ল্যাবএইড কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আলোচনার শুরুর দিকে থাকলেও মূল আলোচনা হয় নাট্যকলা এবং সংগীত বিভাগের শিক্ষকদের সঙ্গে।আলোচনা শেষে সংগীত বিভাগের চেয়ারম্যান আকলিমা ইসলাম কুহেলী প্রথম আলোকে বলেন, ‘ল্যাবএইড কর্তৃপক্ষ ৫০ লাখ টাকা দিয়েছে। তবে এ টাকা আমরা ক্ষতিপূরণ হিসেবে গ্রহণ করিনি। ল্যাবএইড তাদের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) থেকে এ সহায়তা দিয়েছে। সভায় তারা কি নিজেদের ভুল স্বীকার করেছে, জানতে চাইলে আকলিমা ইসলাম কুহেলী বলেন, নিশ্চয়ই তাদের গাফিলতি রয়েছে। তা না হলে তারা তো সহায়তা দিত না। তবে বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই এ বিষয়ে সেখানেই নিষ্পত্তি হবে।’ তিনি জানান, পরে আদালত যদি ল্যাবএইড কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে বলেন, সেটিও তারা দেবে বলে আলোচনা হয়েছে।ল্যাবএইডের পক্ষে আলোচনায় তাদের পরিচালক মাহবুবুল হক ও এমরান চৌধুরী অংশ নেন। সভা শেষে জানতে চাইলে মাহবুবুল হক বলেন, সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) থেকে ল্যাবএইড এ সহায়তা দিয়েছে। তবে কি ভুল চিকিৎসা ও চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বীকার করেছেন, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লোকসংগীত গবেষক ও শিল্পী অধ্যাপক মৃদুলকান্তি চক্রবর্তী গত সোমবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর জন্য ল্যাবএইড কর্তৃপক্ষের ভুল চিকিৎসা ও চিকিৎসায় দীর্ঘসূত্রতাকে দায়ী করে তাঁর পরিবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ঘটনার জন্য দায়ী ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকদের নাম প্রকাশ ও তাঁদের হাসপাতাল থেকে বহিষ্কার, ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে গণমাধ্যমে বিবৃতি দিয়ে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা, মৃদুলকান্তি চক্রবর্তীর পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে পরের দিন মঙ্গলবার থেকেই আন্দোলন শুরু করেন।