পরিবারকেও বিশেষ ভূমিকা রাখতে হবে
ইভ টিজিং প্রতিরোধে সরকারের উচ্চতম পর্যায় থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেয়েছি। সরকারের এ বিষয়ে কাজ করার সদিচ্ছা আছে, তা নিয়ে প্রশ্ন তুলছি না। কিন্তু এত অঙ্গীকার, সাবধানবাণী থাকার পরও এ ধরনের ঘটনা কেন কমছে না, প্রশাসন ও রাষ্ট্রীয় পর্যায়ে কাজগুলো কেন হচ্ছে না, তা দেখতে হবে। কোথায় গাফিলতি বা অবহেলা হচ্ছে চিহ্নিত করতে হবে।ইভ টিজিংয়ের বেশির ভাগ ঘটনায় প্রভাবশালী ব্যক্তিরা প্রভাব খাটাচ্ছে এবং পারও পেয়ে যাচ্ছে। দেশে আইনের ঊর্ধ্বে থাকার সংস্কৃতি চলে এসেছে। সমাজে যে মাত্রায় ইভ টিজিংয়ের ঘটনা ঘটছে, তা স্বাভাবিক সংখ্যা না। কারণ সামাজিক ও সাংস্কৃতিকভাবেই মানুষ মনে করছে, এ ধরনের কাজ করেও পার পাওয়া যায়। তাই আশু পদক্ষেপ নিতে হবে। মানবাধিকার, নারীর অধিকার ও সমাজের সুস্থ চিন্তাধারায় বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। ইভ টিজিং নিয়ে হাইকোর্টের রায় আছে। কিন্তু রায়ের আলোকে আইন তৈরির দৃশ্যমান প্রস্তুতি নেই। তবে এ কথাও ঠিক, সমাজে যে ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে, তা শুধু আইন দিয়ে প্রতিরোধ বা প্রতিকার করা সম্ভব হবে না। এ ক্ষেত্রে পরিবারকেও বিশেষ ভূমিকা পালন করতে হবে। মোট কথা, ইভ টিজিং প্রতিরোধ, প্রতিবাদ ও প্রতিকারে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। সবাইকে একসঙ্গে হাত মেলাতে হবে।সুলতানা কামাল, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা