পরিবারগুলো এখনো অন্ধকারে রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তিনডা পোলারে ধইরা নিয়া গেল। পুলিশ, ডিবি, র‌্যাবের দ্বারে দ্বারে ঘুরলাম, কেউ কোনো খোঁজ দিল না। পাঁচ দিন পর লাশ পাওয়া গেল। এখনো জানলাম না, কী অপরাধে তাগো এমনে মাইরা ফেলল।’গত ৩১ জুলাই ডিবির পরিচয় দেওয়া অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিরা দয়াগঞ্জ বাজার এলাকা থেকে ধরে নিয়ে যান জুয়েল সরদার, রাজীব সরদার ও মিজানুর হোসেন নামের তিন তরুণকে। গত শুক্রবার গাজীপুরে পাওয়া যায় জুয়েল আর মিজানের লাশ। রাজীবের লাশ মেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে।পরিবারগুলো এখন পর্যন্ত জানতে পারেনি কী কারণে, কারা এই তিনজনকে হত্যা করল। সেই আক্ষেপ এভাবেই প্রকাশ করছিলেন নিহত জুয়েলের বাবা সালাম সরদার। গতকাল মঙ্গলবার জুয়েলদের দয়াগঞ্জের বাসায় কথা হয় সালাম সরদারের সঙ্গে।গতকাল প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটি দেখিয়ে সালাম সরদার এ প্রতিবেদককে বলেন, ‘লিখছেন তো ভালোই, কিন্তু আমার ছেলেরে যারা মারছে, তাগোর বিচার কী আপনারা করতে পারবেন?’জুয়েলের বোন রানুু বেগম বলেন, গাজীপুর থেকে পুলিশ মামলার তদন্তে এসেছিল। তারা নাম-ঠিকানা যাচাই করে নিয়ে গেছে। এলাকার লোকজনের সঙ্গেও কথা বলেছে। কিন্তু ঘটনাটি সম্পর্কে পরিবারকে কোনো ধারণা দিতে পারেনি। রানু বলেন, ‘জুয়েল যদি সন্ত্রাসীই হয়ে থাকে, তবে সে কোথায় কী করছে, সেটা অন্তত আমাদের কেউ জানাক। আমরাও জানি আমাদের ভাই কত বড় সন্ত্রাসী ছিল।’এদিকে রাজীবের শোকে তাঁর মা প্রায় শয্যাশায়ী। পরিবারের সদস্যরা বলেন, তাঁর হূদেরাগ রয়েছে। সবাই তাঁকে কোনো রকমে আগলে বাঁচিয়ে রেখেছেন।গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, নিখোঁজসংক্রান্ত জিডি হওয়ার পর পুলিশ সারা দেশে তথ্য ছড়িয়ে দিয়েছিল। এখন যেহেতু লাশ উদ্ধার হয়েছে, তাই গেন্ডারিয়া থানার পুলিশ এখন আর তদন্ত চালাবে না। যেসব থানা এলাকায় লাশ উদ্ধার হয়েছে, সেখানকার পুলিশ হত্যা মামলার তদন্ত করবে।মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন রাজীবের লাশ উদ্ধারসংক্রান্ত হত্যা মামলাটির তদন্ত করছেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, রাজীবকে যে জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, সেখানে পুলিশ গিয়ে তদন্ত করেছে। স্থানীয় লোকজন বলেছে, সাদা পোশাকের কয়েকজন রাজীবকে ধরে নিয়ে যায়। কারা ধরে নিয়ে গেছে, সে বিষয়টি এখনো জানা যায়নি। পুলিশের তদন্ত চলছে। তদন্তেই সব বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।রাজনের খোঁজে: দয়াগঞ্জ বাজার এলাকার লোকজনের ভাষ্যমতে, ৩১ জুলাই সকালে ডিবির পরিচয় দেওয়া ওই লোকদের হাত থেকে ছুটে দৌড়ে পালিয়ে যান রাজন নামের আরেক যুবক। রাজনের বাসা করাতিটোলায় বলে জানায় তারা। এরপর নিহত তিনজনের স্বজনদের কাছ থেকে ঠিকানা অনুযায়ী ওই বাসায় গেলে সেখানে রাজন নামে কেউ থাকে না বলে জানানো হয়। সেখানে রাজু নামে একজন বৈদ্যুতিক মিস্ত্রি মাকে নিয়ে থাকেন বলে জানানো হয়। রাজুর মা প্রথম আলোকে বলেন, রাজু সন্ত্রাসী নয়। তাঁকে কখনো পুলিশও ধরেনি।নিহত মিজানুর হোসেনের ভাই মনির হোসেন বলেছেন, রাজন নামের ওই তরুণ এক সপ্তাহ আগে জেল থেকে বের হয়েছেন। করাতিটোলার ওই ঠিকানায়ই তাঁর বাসা।