পরিবারে পরিবারে কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ আর লাশ। নানা বয়সের মানুষের। তারা যে মানুষ ছিল, পুড়ে যাওয়া শরীর দেখে সেটিও বোঝার উপায় নেই। শতাধিক মানুষকে সমাধিস্থ করা হয়েছে। এমন ঘটনায় স্তব্ধ হয়েগেছে নিমতলীসহ সারা দেশ। টেলিভিশনের খবরে, পত্রিকার পাতায়উঠে আসছে স্বজন হারানোদের বেদনা।কিন্তু ৫ জুন সকালে গিয়ে দেখলাম, প্রতিটি বাড়িতে শোকের ছায়া। পরিবারে পরিবারে কান্না। এ কান্নার শেষকোথায়? কীভাবে ভুলবে স্বজন হারানোর তীব্র কষ্ট?আমার নাতি-নাতনিরে কারা দেখবে?পুরান ঢাকার কাজী রিয়াজউদ্দিন রোডের বাড়িতে থাকেন রওশন আরা বেগম। বৃদ্ধ বয়সে ছেলেমেয়ে নাতি-নাতনি নিয়ে তাঁর দিন কাটছিল ভালোই। পরপর দুই নাতনির বিয়ে। কত যে ব্যস্ততা। কিন্তু ৩ জুনের নিমতলীর অগ্নিকাণ্ড তাঁর জীবনকে স্থবির করে দিয়েছে। সেদিন ৪৩/১ নবাব কাটরার বাড়িতে নাতনি রুনার বাগদানের অনুষ্ঠানের আয়োজন চলছিল। রওশন আরা বেগমের তিন মেয়ে, নাতি-নাতনি—সবাই সেখানে ছিলেন। আনন্দ-উল্লাস, হই-হুল্লোড়ে মেতে ছিল সবাই। হঠাৎ করে থেমে যায় কোলাহল। আগুনের শিখা সেই বাড়ির ৪১ জনের প্রাণ কেড়ে নেয়। রওশন আরা বেগম হারান তাঁর তিন মেয়েকেই। হারান নাতি-নাতনি, আত্মীয়স্বজনকে। রুনা-রত্না ও তাদের ভাই ফয়সাল এখন নানীর কাছে। আরেক মেয়ের প্রতিবন্ধী ছেলেটারও আশ্রয় তিনি। এদের নিয়ে কী করবেন এ বৃদ্ধ মানুষটি তা জানেন না। এত শোক সামলাবেন কেমন করে? তিনি বলেন, আমরা খুব গরিব। কীভাবে এদের খাওয়াব। কোথায় থাকতে দেব। আমার মেয়ে তিনটারে আগুন কেড়ে নিল। এদের তো কোনো অভিভাবক থাকল না। আমার নাতি-নাতনিরে কারা দেখবে? একটু পর পর বিলাপ করতে থাকেন বয়সের ভারে মুহ্যমান মানুষটি।আমি বেঁচে থেকে কী করব?আমার মেয়েটা ভালো আছে তো? সেদিনও সূর্যটা পশ্চিমাকাশে ঢলে পড়েছিল। সন্ধ্যাটাও ছিল একই রকম। তবে ৩ জুনের পর হামিদার কাছে সেই সন্ধ্যার অর্থ অন্য রকম হয়ে গেছে। সে দিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে এক সন্তান মারা গেছে। আরেক সন্তান জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছে। এমন অবস্থায় কোনো মা-ই স্বাভাবিক থাকতে পারেন না। তাঁর সন্তান কজন জিজ্ঞাসা করায় কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। গুনতে পারলেন না। কাঁদতে কাঁদতে বলেন, ‘আচ্ছা, আমার সব ছেলেমেয়ে কি মারা গেছে? আমি কিছু মনে করতে পারছি না কেন? সবকিছু এমন হলো কেন?’ তিনি বলেন, ‘আমার বড় ছেলে তাজ দোকানে ছিল। ওকে আর দেখিনি। সেখানেই আগুন থেকে বের হতে পারেনি আমার ছেলে।’ মায়ের আর্তনাদে বাতাস ভারী হয়ে ওঠে। একটু পরে বলেন, ‘বড় মেয়েটা পুড়ে গিয়েছিল। সে এখন কোথায়? কেমন আছে? আমার মেয়েটা সত্যি ভালো আছে তো?’ এমন প্রশ্নের কোনো উত্তর নেই ঘরের কারও কাছে—সান্ত্বনার কিছু কথা ছাড়া। জানা গেল, বড় মেয়ে মাহমুদা পারভীনের অবস্থা খুবই সংকটাপন্ন। সম্মিলিত সামরিক হাসপাতালের তিনি চিকিৎসাধীন আছেন। পাঁচ ছেলেমেয়ের অন্যরা সুস্থ আছে। হামিদা নিজেই বর্ণনা করলেন সে দিনের ভয়াবহতা। ‘আমরা টিভি দেখছিলাম। হঠাৎ দেখি জানালা দিয়ে আগুন ঘরে ঢুকছে। দরজা খুলে বের হওয়ার চেষ্টা করলাম। কিন্তু পারলাম না। চারদিকে আগুন। তখন পাঁচতলার গ্রিল ধাক্কাতে শুরু করলাম। পেছনের দিকে আমার ছেলের শ্বশুরবাড়ি। পরে ওরা গ্রিল খুলে আমাদের বের করে। কীভাবে যে বের হইছি, বলতে পারি না। কিন্তু আমার সন্তান তো বাঁচল না। আমি বেঁচে থেকে কী করব।’ এমন মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই।বাবা আসলে বকব, এত দেরি কেউ করেছোট্ট তুষার এখনো জানে না, বাবা বেঁচে নেই। তিন বছর বয়সের শিশুটির বোঝার কথাও নয়। মা কেন কাঁদছে, বুঝতে পারছে না। আগুনের ভয়াবহতা ওকে চুপচাপ করে দিয়েছে। মায়ের মন খারাপ, এতটুকু সে বুঝে নিয়েছে। মাকে কোনো বিরক্ত করছে না। কোনো আবদারও নেই সেদিন থেকে। তুষারের মা সুমা জানান, সেদিন সন্ধ্যায় চা-নাশতা খেয়ে সবাই যার যার মতো ব্যস্ত হয়ে গেল। আমার স্বামী তাজ অনেকক্ষণ ধরে তুষারের সঙ্গে খেলছিল। আদর করছিল। ছেলেটাও বাবার খুব ভক্ত। ওকে দোকানে যেতে দিচ্ছিল না। ছেলেকে অনেক বুঝিয়ে অন্য দিনের থেকে একটু দেরি করে দোকানে যায়। বাসার কাছেই আমাদের ডেকোরেটরের দোকান। ছেলেকে বলল, তুমি তাড়াতাড়ি যেতে দিলে তাড়াতাড়ি ফিরতে পারব। আসার সময় চকলেট নিয়ে আসব। ছেলে সম্মতি জানাল। আমাকেও বলে গেল, আজ তাড়াতাড়ি ফিরব। কিন্তু মানুষটা তো একবারেই চলে গেল। কথা রাখল না তো। কান্নায় ভেঙে পড়েন সুমা। ‘ছেলেটা বারবার জিজ্ঞাসা করছে, বাবা এখনো আসছে না কেন। বাবা আসলে বকব। এত দেরি কেউ করে। দুদিন থেকে আসছে না কেন মা? আমাদের কখন নানিবাড়ি থেকে নিয়ে যাবে।’ ছেলের এমন প্রশ্ন শুনে নীরবে কাঁদেন মা সুমা। কী উত্তর দেবেন জানেন না তিনি। একটু পরই ভাই চলে আসবে৪৩/১ নবাব কাটরার বিয়ের বর ছিলেন জামিল। ৩ জুনের ভয়াবহ সেই আগুনে পুড়ে মারা গেছেন জামিলের পরিবারের অনেকে। হারিয়েছেন মা, চাচি, ছোট ভাই ও ভাইয়ের ছেলে। হোসেনি দালানের ওই বাড়িতে গিয়েছিলাম বিয়ের কনের খোঁজে। সেখানেও যে কত কান্না। জামিলের ছোট ভাই শিমুল। আগুন লাগার পাঁচ মিনিট আগে আড়াই বছরের সন্তান রেজাকে নিয়ে বিয়ে বাড়িতে যান। একমাত্র সন্তান আর স্বামীকে হারিয়ে নির্বাক সেলিনা। জামিলের বড় বোন উজমা ফাতেমী জানান, অসুস্থ থাকায় সেলিনা যায়নি। রাত সাড়ে আটটার দিকে শিমুল ছেলেকে নিয়ে আগে চলে যায়। খাবারগুলো ঠিক করার জন্য আমাদের একটু দেরি হয়। সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে এ বাসায় সবচেয়ে বেশি কষ্টে আছে জামিলের বড় ভাইয়ের মেয়ে রুব্বা। প্রথম শ্রেণীতে পড়ুয়া রুব্বার কষ্টের কথা কেউ শুনতে চায় না। তাই তো এক ফাঁকে নিজেই এসে বলল, ‘জানেন, সবাই বলছে ভাই (রেজা) নাকি মারা গেছে। টিভিতেও দেখাচ্ছে। কিন্তু ভাই চলে আসবে। ও আমাকে ছাড়া থাকতে পারে না। সেদিন জুতা খুঁজে পাচ্ছিলাম না। তাই চাচা ভাইকে নিয়ে আগেই চলে গেল। আমি তখন গেলে এখন কী একা থাকতে হতো। দুদিন থেকে খেলিও না। আপনি বসেন, ভাই একটু পরই চলে আসবে।’ জামিলের বড় বোন বলেন, ‘রুব্বা দুদিন থেকে কিছুই খায় না। খুব ভালোবাসত রেজাকে। মেয়েটা বিশ্বাসই করে না, ওরা আর আসবে না।’ লেখা : তৌহিদা শিরোপা