পরিবারের অবলম্বন ছিলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশাচালক জাকির হোসেন একটি নতুন লুঙ্গি কিনেছিলেন। বিএনপির ডাকা হরতালে সিলেটের বিশ্বনাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার আগের রাতে বাড়ি গিয়েছিলেন। বাবার পরনে ছেঁড়া লুঙ্গি দেখে নতুন লুঙ্গি বদল করেছিলেন তিনি। বাবার সেই লুঙ্গিই গত বুধবার জড়ানো জাকিরের মরদেহে।সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গ থেকে গত বুধবার বিকেলে ছেলের মরদেহ নেওয়ার সময় এসব কথা বলে হাউমাউ করে কেঁদে ওঠেন জাকিরের বাবা ভুট্টো মিয়া। জাকিরের আয়েই চলত তাঁর পরিবার।শুধু জাকির নন, বিশ্বনাথে গত সোমবার সংঘর্ষে নিহত মনোয়ার হোসেন ও সেলিম আহমেদের পরিবারও তাঁদেরই ওপর নির্ভরশীল ছিল। এই তিন পরিবারে এখন অন্ধকার ভবিষ্যতের শঙ্কা।জাকির হোসেন: জাকিরের (২৮) বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজারের বালিউরা গ্রামে। তিন ভাই ও বাবা-মাকে নিয়ে থাকতেন বিশ্বনাথের ইব্রাহিম কলোনিতে। জাকির রিকশা চালাতেন। বাবা ভুট্টো মিয়া মাঝে মাঝে মাটিকাটার কাজ করতেন। গতকাল ওই কলোনিতে গিয়ে দেখা যায়, জাকিরের পরিবার সেখানে নেই। চলে গেছে ছাতকের সেই বাড়িতে।কলোনির প্রতিবেশীদের ধারণা, জাকিরের পরিবার হয়তো আর ফিরে আসবে না। তবে প্রতিবেশীদের কেউ অজানা ভয়ে এ ব্যাপারে আর কথা বলতে রাজি হননি।গত বুধবারই জাকিরের লাশ নেওয়ার সময় হাসপাতালে কথা হয় জাকিরের বাবা ভুট্টু মিয়া ও মা রহিমা বেগমের সঙ্গে। জাকির রাজনীতি করতেন কি না, এমন প্রশ্ন তুলতেই ভুট্টো মিয়া বলেন, ‘রিকশাওয়ালার রাজনীতি কিতা?’ একপর্যায়ে জানান, তাঁর ধারণা, হরতালে রিকশা চালাতে না পারায় হয়তো জাকির মিছিলে গিয়েছিলেন। মামলা করবেন কি না, জানতে চাইলে মা রহিমা বেগম বিলাপ করে বলেন, ‘খাইয়া-পইরা বাঁচি না, মামলার খরচ জোগাইব কে?’ সেলিম আহমেদ: বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সেলিম আহমেদ (২৪) সংঘর্ষের দিনই নিহত হন। দশম শ্রেণীতে পড়াকালীন ছাত্রদলের ওয়ার্ড সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। টানাপোড়েনের পরিবারে পড়াশোনা ছেড়ে পেশা ছিল তাঁর রাজমিস্ত্রির। বাবা রফিক মিয়া বার্ধক্যজনিত অসুস্থতায় শয্যাশায়ী। তিন ভাই ও দুই বোনের মধ্যে সেলিম ছিলেন তৃতীয়। তাঁর আয়েই চলত সংসার। গতকাল তাঁদের বাড়িতে গিয়ে শোনা গেল মা হাসিনা বেগমের বিলাপ, ‘ও ফুত (ছেলে) তোর ঘর চলব কেমনে রে...!’সেলিমের বাবা রফিক মিয়া বলেন, ‘মামলা করে আর বিপদ ডেকে আনব না।’ তাহলে ছেলে নিহত হওয়ার ঘটনায় কি কোনো অভিযোগ নেই? এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করব। তারপর অভিযোগ করা যায় কি না, বিবেচনা করা হবে।’মনোয়ার হোসেন: বাবা আব্বাছ আলী মারা যাওয়ার খবর পেয়ে বছর দুয়েক আগে সৌদি আরব থেকে দেশে ফিরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন মনোয়ার (২৬)। বাবার মৃত্যুর পর সংসারের ভার ছিল তাঁরই ওপর। এই ভার বইতে আবারও সৌদি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বিক্ষোভে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মনোয়ার।গতকাল তাঁদের বাড়ি গিয়ে শোনা গেল মা রেনু বেগমের বিলাপ, ‘আমার পুয়ারে (ছেলে) লইয়া আও।’মনোয়ারের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, ঘটনার পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভগ্নিপতি আবদুল গফুরও জানালেন নিরাপত্তাহীনতার কথা। মামলা প্রসঙ্গে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তাঁরা।