বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তামজিদ রহমান তাঁর বন্ধুদের হাতে খুন হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তাদের দাবি, খুনের পর ঘটনা ধামাচাপা দিতে লাশ রেললাইনের ওপর ফেলে রাখা হয়। নিখোঁজ হওয়ার এক দিন পর গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বনরূপা প্রকল্পসংলগ্ন রেলক্রসিং থেকে তামজিদের খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তামজিদ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএর শেষ সেমিস্টারের ছাত্র ছিলেন। তামজিদের বাবা সরদার মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, বন্ধুদের মধ্যে কেউ তাঁকে হত্যা করেছে। এর পেছনে একটি মেয়ের সঙ্গে প্রেমের বিষয়ও থাকতে পারে। তিনি জানান, দুই বছর ধরে তামজিদের সঙ্গে এক মেয়ের সম্পর্ক ছিল। চার-পাঁচ মাস আগে মেয়েটির সঙ্গে ফারহান নামের এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তামজিদের সঙ্গে মেয়েটির বাগিবতণ্ডা হয়। এরপর থেকে ফারহান তামজিদকে হুমকি দিচ্ছিল। ফোনে হুমকির পর ১৯ ফেব্রুয়ারি তামজিদ ঢাকায় চলে যায়।তামজিদের বাবা জানান, তাঁদের পরিবার শরীয়তপুর সদরে থাকেন। কিন্তু তামজিদ তিন বন্ধুর সঙ্গে নিকুঞ্জ-২-এর ২০ নম্বর সড়কের একটি বাসায় থাকত। এরা সবাই ছাত্র বলে তিনি জানান। তামজিদের বড় বোন মণিকা রহমান জানান, মাসখানেক আগে ওই মেয়েটি কেনাকাটার কথা বলে তামজিদের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না চাইলে তাদের সম্পর্ক ভেঙে যায়। মণিকা অভিযোগ করেন, মেয়েটি তামজিদকে হুমকি দিত। তামজিদ ও তার দুই বোনের ক্ষতি করবে বলেও ভয় দেখাত। এ ঘটনা তামজিদ পরিবারের সদস্যদের জানিয়েছিল বলে তিনি জানান। পরিবারের অন্য এক সদস্য জানান, তামজিদের পরনের পোশাক দেখে মনে হয়েছে, তাঁকে বাসা থেকে ডেকে নেওয়া হয়। রাত সাড়ে নয়টার দিকে তার বনরূপা রেল ক্রসিংয়ে যাওয়ার কথা ছিল না বলে তিনি দাবি করেন।তামজিদের মামা সূর্য অভিযোগ করেন, তামজিদের ফোনে হুমকি দেওয়া হতো। সাত-আট দিন আগে তামজিদ মোবাইলের সিম বদল করে। কারা হুমকি দিত, জানতে চাইলে তিনি জানান, এরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কমলাপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান জানান, নিহত তামজিদের পরিবারের কেউ এখনো কোনো অভিযোগ করেনি। তবে পুলিশ নিজের মতো করে ঘটনার তদন্ত করছে।