রাজশাহী নগরের নওদাপাড়া এলাকায় নিহত ব্যবসায়ী আমিনুল হকের বাসায় গতকাল শুক্রবার জড়ো হয় অনেক মানুষ। তাদের বেশির ভাগ তাঁর আত্মীয়স্বজন। এত মানুষ, কিন্তু বাড়িতে কোনো সাড়াশব্দ নেই বললেই চলে। সবার মলিন মুখ। মিলাদে যোগ দিতে এসেছে তারা।হক ইন্টারন্যাশনাল হোটেলের মালিক ব্যবসায়ী আমিনুল হক নিখোঁজ হন গত রোববার। মঙ্গলবার রাতে নগরের আলুপট্টি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর নয় টুকরা লাশ। পুলিশ গ্রেপ্তার করে দুজনকে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, চায়ের সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে তাঁকে অচেতন করা হয়। এরপর জবাই করে হত্যা করা হয়।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তে পাকস্থলীতে চেতনানাশক কোনো উপাদানের আলামত পাওয়া যায়নি। এ জন্য লাশের রাসায়নিক পরীক্ষা (ভিসেরা) করা হয়নি। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশ টুকরো টুকরো করা হয়েছে।গতকাল আমিনুল হকের বাসায় কথা হয় তাঁর ছেলে আহসানুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘এটা মানতে কষ্ট হচ্ছে যে এ রকম লোমহর্ষক একটি হত্যাকাণ্ড শুধু দুজন লোকের দ্বারা সম্ভব হয়েছে।’আমিনুল হকের ভায়রা শাহজাহান সিরাজ জানান, এ ঘটনার সঙ্গে হয়তো আরও অনেকেই জড়িত আছে। তবে তাঁরা কাউকে সন্দেহ করতে পারছেন না।রাজশাহী নগরের লতা ফিলিং স্টেশনের মালিক ব্যবসায়ী মমিনুল ইসলামের সঙ্গে নিহত আমিনুল হকের জমি কেনাবেচার যৌথ ব্যবসা ছিল। তিনি জানান, ঘটনার দিন আমিনুল ইসলাম ফোন করে তাঁর স্ত্রীর কাছে ২০ লাখ দিতে বলেছিলেন। এরপর তিনি ব্যাংক থেকে টাকা তুলে এনে আমিনুলের স্ত্রী পারভীন সুলতানার কাছে দিয়ে আসেন।মমিনুল ইসলাম বলেন, ‘আমিনুল হকের সঙ্গে আমার যে ব্যবসায়িক সম্পর্ক, তাতে তাঁর ফোন পেলে এ রকম ২০ লাখ টাকা দিয়ে দেওয়া যায়। তাঁর মতো ব্যবসায়ীকে এভাবে খুন করা হবে, তা কেউ ভাবতেই পারেননি।’আমিনুল হকের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার নগরের আরডিএ মার্কেটের প্লাস্টিকসামগ্রীর ব্যবসায়ী সারোয়ার হোসেন ও তাঁর কর্মচারী আবদুল হাকিম গত বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আটক সারোয়ারের চাচা ও ভাইসহ আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, দুজনের স্বীকারোক্তির পর তদন্তে আর নতুন কিছু পাওয়া যায়নি। রাজশাহীর পুলিশ কমিশনার মো. ওবায়দুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তে যা পাওয়া গেছে তাতে মনে হচ্ছে, এখন পর্যন্ত সবকিছু ঠিকই আছে। কারণ, হত্যার কাজে ব্যবহূত অস্ত্র, মুক্তিপণের টাকা ও মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’পুলিশ কমিশনার আরও বলেন, ‘আসামিরা নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তার পরও পুলিশের তদন্ত শেষ হয়ে যায়নি। এর পেছনে আরও কেউ থাকলে সেটা তদন্তে বেরিয়ে আসবে।’