পরিবারের সামনেই ওসামাকে গুলি করে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কমান্ডোদের হাতে জীবিত ধরা পড়েছিলেন ওসামা বিন লাদেন। পরে পরিবারের সদস্যদের সামনেই তাঁকে গুলি করে হত্যা করা হয়। বিন লাদেনের মেয়ে সাফিয়ার বরাত দিয়ে পাকিস্তানের জ্যেষ্ঠ একজন গোয়েন্দা কর্মকর্তা গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ওসামার ১২ থেকে ১৩ বছর বয়সী ওই মেয়ে নিশ্চিত করেছে, রোববার ভোরে আল-কায়েদার এই শীর্ষ নেতাকে হত্যা করেন মার্কিন কমান্ডোরা।দুবাইভিত্তিক টেলিভিশন চ্যানেল আল অ্যারাবিয়া জানিয়েছে, ওসামার মেয়ে পাকিস্তানি তদন্ত কর্মকর্তাদের বলেছে, কমান্ডোরা তার বাবাকে জীবিত পাকড়াও করে। পরে বাড়ির কম্পাউন্ডের ভেতরে পরিবারের সদস্যদের সামনে তাঁকে গুলি করে হত্যা করা হয়।পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) ওই কর্মকর্তা বলেছেন, অভিযানের পর ১২ জনের মতো নারী এবং শিশুদের একটি দলকে উদ্ধার করে পাকিস্তানের হেফাজতে নেওয়া হয়। সেখানে ওসামার এক ইয়েমেনি স্ত্রীসহ এই মেয়েও রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পাকিস্তানের আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের বদলে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।আইএসআই কর্মকর্তা আরও বলেন, অভিযানের সময় যুক্তরাষ্ট্রের একটি পরিবহন হেলিকপ্টার (সম্ভবত এমএইচ-৬০ সি হক) যান্ত্রিক ত্রুটির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ কারণে ওসামার স্ত্রী ও তাঁর সন্তানদের সেখান থেকে তাৎক্ষণিক নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, ওসামার স্ত্রী ও তাঁর সন্তানদের পরিবহনের মতো পর্যাপ্ত জায়গা অন্য হেলিকপ্টারগুলোতে ছিল না। বাকি কপ্টারগুলো ওসামার মরদেহ এবং আটক পুরুষ বন্দী ও কমান্ডোদের বহন করে।ওসামার পরিবারের সদস্যদের অবস্থানের ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘তারা সবাই নিরাপদে আছে। আইন অনুযায়ী তাদের দেখাশোনা চলছে। যাদের চিকিৎসা দরকার, তাদের সম্ভাব্য সর্বোচ্চ সুযোগ-সুবিধায় চিকিৎসা দেওয়া হচ্ছে।’পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে আল অ্যারাবিয়া বলেছে, ওসামার স্বজনদের হেলিকপ্টারে করে ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডির একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। এপি ও রয়টার্স।