পরিবেশ অধিদপ্তরকে অর্থ দিতে আপত্তি জাতিসংঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত অভিযোজন তহবিল থেকে সরাসরি অর্থ বরাদ্দ চেয়েছিল বাংলাদেশ। পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে এ তহবিল চাওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অভিযোজন তহবিল বোর্ড। বোর্ডের একটি প্রতিনিধিদল পরিবেশ অধিদপ্তরের ওপর পর্যালোচনা করে জানিয়েছে, এই অধিদপ্তরের তহবিল পাওয়ার যোগ্যতা নেই। এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করলে দুর্নীতির ঝুঁকি আছে।অভিযোজন বোর্ডের কাছে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তর তহবিল ব্যবস্থাপনায় অস্বচ্ছ, অদক্ষ। গত মার্চে অভিযোজন তহবিল প্যানেলের পক্ষ থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে এই মূল্যায়ন প্রতিবেদন সম্পর্কে জানানো হয়। মন্ত্রণালয় ওয়াশিংটনে অবস্থিত অভিযোজন তহবিল বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে অভিযোগগুলোর জবাব দেয়। একই সঙ্গে তহবিল বরাদ্দের বিষয়টি পুনর্বিবেচনা করতেও অনুরোধ জানানো হয়েছে। ১৯৯৭ সালের কিয়োটো প্রটোকল চুক্তি অনুযায়ী জাতিসংঘের পক্ষ থেকে অভিযোজন তহবিল গঠন করা হয়েছে। তহবিলে এখন পর্যন্ত ৩৬ কোটি ৫০ লাখ ডলার জমা হয়েছে। বিশ্বের ১৪৯টি দেশকে এই তহবিল থেকে অর্থ নিতে বলা হয়েছে।জ্যামাইকা, উরুগুয়ে ও সেনেগাল এরই মধ্যে তাদের সরকারি সংস্থার মাধ্যমে অর্থ পাওয়ার অনুমতি পেয়েছে। ইতিমধ্যে ১৭টি দেশ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বিশ্বব্যাংককে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা নির্বাচন করে তহবিল চেয়ে আবেদন করেছে। অভিযোজন বোর্ড এই দেশগুলোকে পাঁচ কোটি ডলার বরাদ্দ দেওয়ার ব্যাপারে নীতিগত অনুমোদন দিয়েছে। বাংলাদেশ গত বছরের ডিসেম্বরে পরিবেশ অধিদপ্তরকে অর্থ গ্রহণকারী সংস্থা হিসেবে নির্বাচন করে ৭০ কোটি টাকার প্রকল্প জমা দেয়। পরে আরও কয়েক শ কোটি টাকার প্রকল্প জমা দেওয়ার প্রস্তুতি নেয় বাংলাদেশ। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বোর্ড থেকে দুই সদস্যের একটি প্রতিনিধিদল এ বছরের শুরুতে বাংলাদেশে আসে।রবীন্দর সিং ও শায়লা রাঘব নামে বোর্ডের দুই কর্মকর্তা প্রায় এক মাস বাংলাদেশে থেকে পরিবেশ অধিদপ্তর সম্পর্কে অনুসন্ধান করেন। ওয়াশিংটনে ফিরে অভিযোজন বোর্ডের কাছে তাঁরা প্রতিবেদন জমা দেন। এতে বলা হয়, পরিবেশ অধিদপ্তর এই তহবিল পাওয়ার যোগ্য প্রতিষ্ঠান নয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সর্বশেষ (২৮ এপ্রিল) সভায় অভিযোজন তহবিল থেকে অর্থ পাওয়ার ব্যাপারে জানতে চাওয়া হয়। সভায় জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে যেসব সরকারি-বেসরকারি সংস্থাকে প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে, তা বাতিল করারও সুপারিশ করা হয়। প্রসঙ্গত, অনভিজ্ঞ বেসরকারি প্রতিষ্ঠানকে প্রকল্প বরাদ্দ দেওয়া ও সরকারি প্রকল্পের ক্ষেত্রে পরিবেশ প্রতিমন্ত্রীর জেলায় বেশি বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। যোগাযোগ করা হলে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, অডিট আপত্তির ক্ষেত্রে সরকারের নিজস্ব কিছু ব্যবস্থা রয়েছে। অভিযোজন তহবিল বোর্ড থেকে আসা প্রতিনিধিদল তা সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি। বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে বোর্ড ব্যবস্থাপকের কাছে পুনর্মূল্যায়নের জন্য অনুরোধ করা হয়েছে।জানতে চাইলে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরী বিস্ময় প্রকাশ করে বলেন, সংসদীয় কমিটির সভায় পরিবেশ অধিদপ্তরের সরাসরি তহবিল পাওয়ার জন্য নিবন্ধনের বিষয়টি জানতে চাওয়া হয়েছিল। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, অভিযোজন বোর্ডের আগামী সভায় নিবন্ধন চূড়ান্ত হবে।সাবের চৌধুরী আরও বলেন, বোর্ড থেকে যে প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে এবং অভিযোগসহ প্রতিবেদন দাখিল করেছে, তা ওই সভায় সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়। এ ধরনের গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার কী ধরনের উদ্যোগ নিচ্ছে, তা জানতে পারলে কমিটি মন্ত্রণালয়কে পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারত। জানা গেছে, আগামী ২০ জুন অভিযোজন বোর্ডের সভায় বাংলাদেশের পুনর্বিবেচনার দাবি নিয়ে আলোচনা হবে। বোর্ডের ৩২ জন সদস্যের মধ্যে বাংলাদেশের একজন প্রতিনিধি রয়েছেন। তিনি বোর্ডের কাছে বাংলাদেশের নিজস্ব অডিট ব্যবস্থাসহ সামগ্রিক বিষয়টি তুলে ধরবেন। প্রতিবেদনে যত অভিযোগ: জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কোনো অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা নেই। শুধু উন্নয়ন-সহযোগীদের অর্থায়নে পরিচালিত কিছু প্রকল্পের ক্ষেত্রে বাইরে থেকে নিরীক্ষা করানো হয়। ২০০৮ সালে বেশ কয়েকটি প্রকল্পের নিরীক্ষা আপত্তি ধরা পড়লে এর বিরুদ্ধে তেমন কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণকাঠামো খুবই দুর্বল হওয়ায় অর্থ পরিশোধ ও ছাড় করার ক্ষেত্রে সমস্যা আছে। আর্থিক নিয়মনীতিও মানা হয় না। ফলে প্রতিষ্ঠানটি জাতিসংঘের তহবিল সঠিকভাবে ব্যবহার করতে পারবে না।তবে ২০০৮ সাল থেকে পরিবেশ অধিদপ্তরের বেশ কিছু কাজের ক্ষেত্রে উন্নতি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বলা হয়, দাতা সংস্থাগুলোর চাপে ক্রয়ের ক্ষেত্রে কিছুটা স্বচ্ছতা এসেছে। প্রতিষ্ঠানটির প্রকল্প প্রস্তাব তৈরির ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা আছে। কিন্তু প্রকল্প বাস্তবায়নব্যবস্থায় আশানুরূপ উন্নতি হয়নি। তা ছাড়া বড় প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা কম এবং মাঠ পরিদর্শনের সময় দেখা গেছে, প্রকল্প বাস্তবায়নকারী ও মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা রয়েছে।মন্ত্রণালয়ের জবাব: গত ২৯ এপ্রিল পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেছবাহ-উল-আলমের সই করা একটি চিঠি অভিযোজন তহবিলের ব্যবস্থাপক মার্সিয়া লেভাগ্গিকে পাঠানো হয়েছে। এতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের হিসাব সংরক্ষণব্যবস্থা বাংলাদেশে গ্রহণযোগ্য। এ ব্যবস্থার আরও উন্নতির জন্য অভিযোজন তহবিল থেকে নির্দেশনা দেওয়া হলে তা মেনে চলা হবে।জবাবে বলা হয়, মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগ থেকে একজন যুগ্ম সচিব, উপসচিব, জ্যেষ্ঠ সহকারী সচিব ও অন্যান্য কর্মকর্তার সহায়তায় প্রকল্পের নিরীক্ষা করা হয়। নিরীক্ষা আপত্তির ব্যাপারে দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে এর জবাব দেয় পরিবেশ অধিদপ্তর। উন্নয়ন-সহযোগীদের অর্থায়নে প্রকল্পের ক্ষেত্রে নিরীক্ষা আপত্তি দেখা দিলে জবাব দেওয়া হয়ে থাকে। অমীমাংসিত বিষয়ের সমাধান দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে করা হয়। অনেক ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর, দাতা সংস্থা ও নিরীক্ষা বিভাগের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান হয়। গুরুতর অভিযোগগুলো কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বার্ষিক প্রতিবেদনে স্থান পায়। জবাবে আরও বলা হয়েছে, অভিযোজন তহবিল বোর্ডের প্রতিবেদনে যে ১০ কোটি ৩০ লাখ টাকার ৫৬টি নিরীক্ষা আপত্তির কথা বলা হয়েছে, তার মধ্যে ৩৬টির জবাব দেওয়া হয়েছে। বাকি ২০টির ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর ও নিরীক্ষা বিভাগের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। তা ছাড়া ১৯৮৯ সাল থেকে পরিবেশ অধিদপ্তর বড় ধরনের তহবিল ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন করছে। সম্প্রতি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাধ্যমে এক হাজার ৪০০ কোটি টাকার জলবায়ু ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে।