পরিবেশ অধিদপ্তরে বসুন্ধরার দুঃখ প্রকাশ
বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক এনামুল গোফরান চৌধুরীসহ দুই কর্মকর্তা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. মুনীর চৌধুরীর দপ্তরে হাজিরা দিয়েছেন। এই সময় তাঁরা পারকি সমুদ্রসৈকত এলাকার পাশে ড্রেজার (বালু উত্তোলন যন্ত্র) বসিয়ে বালু তোলা এবং এ জন্য পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র না নেওয়ার বিষয়টিও স্বীকার করেন। এ জন্য তাঁরা দুঃখ প্রকাশ করেন।সূত্র জানায়, এনামুল গোফরান চৌধুরী বলেছেন, তাঁরা যে ড্রেজারটি সম্প্রতি ওই এলাকায় বসিয়েছেন, সেটি বিদেশ থেকে আমদানি করা হয়। পরীক্ষামূলকভাবে এটি চালু করে বালু তোলা হচ্ছিল। বন্দর ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় চিঠি পেয়ে গতকাল তাঁরা ড্রেজারটি ওই এলাকা থেকে সরিয়ে নিয়েছেন। তিনি আরও বলেন, ২০০৯ ও ২০১০ সালে উপকূল থেকে অন্তত পাঁচ কিলোমিটার দূরের সাগরে তাঁরা বালু তুলছেন। তবে তাঁদের বালু তোলার কারণে সৈকত দেবে যাওয়া এবং পরিবেশ বিপর্যয়ের বিষয়টি পুরোপুরি সঠিক নয়।পরিবেশ অধিদপ্তরের নোটিশ পেয়ে তাঁর দপ্তরে এনামুল গোফরান চৌধুরী ও আরও এক কর্মকর্তার হাজির হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ মুনীর চৌধুরী। এ প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, বসুন্ধরা গ্রুপের লোকজন তাঁদের আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন। পরিবেশ অধিদপ্তর ওই এলাকায় পরিবেশ বিপর্যয়ের বিষয়টি আরও গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করে এ ব্যাপারে বসুন্ধরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।প্রসঙ্গত, পরিবেশ অধিদপ্তরের পরিচালকের দপ্তর থেকে আনোয়ারা উপকূলে পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস করার কাজে লিপ্ত থাকার জন্য বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দেয়। ওই নোটিশে আজ সকাল ১০টায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সশরীরে হাজির হতে বলা হয়।