পরিবেশ অধিদপ্তরের ডিজিসহ ছয়জনকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ আমদানিতে অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে আদালতের নির্দেশ উপেক্ষা করায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) ছয়জনকে হাইকোর্ট তলব করেছেন। ১৩ অক্টোবর তাঁদের সশরীরে হাজির হতে বলা হয়েছে। বাংলাদেশ আইনবিদ সমিতির (বেলা) করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ছাড়া অন্য যাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে, তাঁরা হলেন পরিচালক, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, সমুদ্র পরিবহন অধিদপ্তর প্রধান রসায়নবিদ ও কলেক্টর অব কাস্টমস (আমদানি, চট্টগ্রাম বন্দর)। একই সঙ্গে আদালত অবমানার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা ১০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।জানা যায়, গত বছরের ১৭ মার্চ আদালতের এক রায়ে জাহাজভাঙা বিষয়ে নয় দফা নির্দেশনা দেন হাইকোর্ট। রায়ে বাংলাদেশে প্রবেশের পূর্বে আমদানি করা জাহাজের বর্জ্যমুক্তকরণ (প্রিক্লিনিং) নিশ্চিত করতে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ নিশ্চিত করতে সমুদ্র পরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে সমুদ্র পরিবহন অধিদপ্তরের অনাপত্তি (এনওসি) দেওয়ার কথা বলা হয়। তবে সমুদ্র পরিবহন অধিদপ্তর পরিবেশগত ছাড়পত্র ছাড়া এমভি বাদরি ও এমটি বিও নামের জাহাজ আমদানির জন্য ২ সেপ্টেম্বর অনাপত্তিপত্র দেয়। এটি আদালত অবমাননার শামিল দাবি করে গত সোমবার বেলা হাইকোর্টে আদালত অবমাননার মামলা করে। আজ শুনানি শেষে আদালত রুল জারি করেন। আদেশে ওই অনাপত্তিগুলোর কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করা হয়। এ ছাড়া জাহাজ দুটি ভাঙার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে বেলার পক্ষে আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, ইকবাল কবির এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন মামলা পরিচালনা করেন। ইকবাল কবির প্রথম আলোকে বলেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। ১৩ অক্টোবর তাঁদের হাজির হতে বলা হয়েছে।উল্লেখ্য, গত ১৭ মার্চ এক আদেশে হাইকোর্ট দেশে ভাঙার জন্য আনা সব জাহাজের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্যমুক্তকরণ সনদ নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দেন। আদেশে আদালত বলেন, ভাঙার জন্য আমদানি করা সব জাহাজের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্যমুক্তকরণ সনদ লাগবে। শুধু গ্রিনপিসভুক্ত জাহাজের ক্ষেত্রে নয়। এ আদেশটি সব জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য। আইনগত বাধ্যবাধকতা মেনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে জাহাজ আমদানির ক্ষেত্রে সমুদ্র অধিদপ্তরের মহাপরিচালককে অনাপত্তিপত্র (এসওসি) দিতে বলা হয়।